পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে সফররত ৩৫ সদস্যের এক জ্যেষ্ঠ সরকারি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (১৮ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিশেষ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের আওতায় দেশটির ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসির এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম’-এ অংশ নিতে বাংলাদেশি কর্মকর্তারা বর্তমানে পাকিস্তান সফর করছেন।

সফররত প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি ইসহাক দার পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সদিচ্ছার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

আলোচনার এক পর্যায়ে তিনি শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ে পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। এ কর্মসূচির মাধ্যমে সুশাসন ও জনপ্রশাসন বিষয়ে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দীর্ঘস্থায়ী পেশাগত যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সফররত বাংলাদেশি প্রতিনিধিদলের পাকিস্তানে অবস্থান ফলপ্রসূ ও স্মরণীয় হবে বলে আশা প্রকাশ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।