সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পিতভাবে প্রত্যাহার করা হয়েছিল, যাতে তাঁকে হত্যা করা সহজ হয় বলে গুরুতর অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল মঙ্গলবার এক ঘরোয়া আলাপচারিতায় তিনি এই দাবি জানান। ওই আলোচনায় রাহুল ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর মা সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁদের মধ্যকার এই ২৪ মিনিটের আলোচনার একটি ভিডিও রাহুল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন, যাতে সাধারণ মানুষ তাঁদের পারিবারিক সম্পর্ক ও ব্যক্তিগত স্মৃতি সম্পর্কে জানতে পারেন।
সম্প্রতি প্রকাশিত সোনিয়া গান্ধীর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ অনেক ঘটনা স্থান পায়নি। সেই অসম্পূর্ণ স্মৃতিগুলো মনে করিয়ে দিতেই এই ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে ‘হোয়াট মা লেফট আউট অব হার বুক’ (বইয়ে মা যা কিছু লেখেননি)।
এই আলাপচারিতার এক পর্যায়ে রাহুল গান্ধী দাবি করেন, তাঁর বাবার নিরাপত্তা সরিয়ে নেওয়াটা কোনো আকস্মিক দুর্ঘটনা ছিল না। বরং এটি ছিল একটি সুপরিকল্পিত সিদ্ধান্ত, যার উদ্দেশ্য ছিল রাজীব গান্ধীকে হত্যার পথ প্রশস্ত করা। রাহুলের মতে, নিরাপত্তা তুলে নেওয়ার ফলে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে, তাঁর বাবাকে খুন করা সহজ হয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত তা-ই ঘটেছিল।
উল্লেখ্য, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন। দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি অত্যন্ত কঠোর নিরাপত্তা বলয়ে থাকতেন এবং সবসময় বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার করতেন, যা নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে তাঁকে অনেক কটাক্ষ শুনতে হয়েছিল। ১৯৮৯ সালের নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর বিশ্বনাথ প্রতাপ সিং (ভিপি সিং) প্রধানমন্ত্রী হন। ভিপি সিংয়ের অভিযোগ ছিল, অতিরিক্ত নিরাপত্তার কারণে রাজীব গান্ধী সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। প্রধানমন্ত্রিত্ব হারানোর পর রাজীব গান্ধী সেই ধারণার বিপরীতে গিয়ে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন।
১৯৮৫ সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তার জন্য ‘স্পেশাল প্রোটেকশন গ্রুপ’ বা এসপিজি গঠন করা হয় এবং ১৯৮৮ সালে সংসদীয় আইনের মাধ্যমে একে স্বীকৃতি দেওয়া হয়। তবে আইনে উল্লেখ ছিল, কেবল বর্তমান প্রধানমন্ত্রীই এই বিশেষ নিরাপত্তার অধিকারী। ফলে রাজীব গান্ধী ক্ষমতা হারানোর পর ভিপি সিং সরকার তাঁর এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করে নেয়। রাজীব হত্যাকাণ্ডের তদন্তকারী বিচারপতি জে এস ভার্মা কমিশন তাদের প্রতিবেদনে জানিয়েছিল, এসপিজি সরিয়ে নেওয়ার পর রাজীব গান্ধীর জন্য যে বিকল্প নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল, তা যথেষ্ট ছিল না। রাহুলের অভিযোগ মূলত এই অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ওপর ভিত্তি করেই। যদিও রাজীব গান্ধীর মৃত্যুর পর এসপিজি আইনে সংশোধন এনে সাবেক প্রধানমন্ত্রী ও তাঁদের পরিবারকেও এই নিরাপত্তার আওতায় আনা হয়।
স্মৃতিচারণ করতে গিয়ে সোনিয়া গান্ধী জানান, ১৯৯১ সালে বিহারে নির্বাচনী প্রচারের সময় রাজীব গান্ধীর সঙ্গে রাহুলও ছিলেন। সেই সফরে রাজীবকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছিল এবং তীব্র স্লোগান দেওয়া হয়েছিল। সেই ঘটনার কথা মনে করে সোনিয়া বলেন, বাড়ি ফিরে রাহুল বলেছিলেন, “মা, তুমি যদি বাবার নিরাপত্তা নিশ্চিত করতে কিছু না করো, তাহলে খুব শিগগির আমাকে হয়তো বাবার শেষকৃত্য করতে আসতে হবে।”
রাহুল গান্ধী জানান, এই নিরাপত্তা ঝুঁকি নিয়ে তাঁর বাবার সঙ্গে কথা হয়েছিল এবং তাঁদের মধ্যে তর্কাতর্কিও চলেছিল। বিহার সফরের পর রাজীব গান্ধীর পরবর্তী গন্তব্য ছিল তামিলনাড়ু। ১৯৯১ সালের ২১ মে শ্রীপেরুমবুদুরের এক জনসভায় আত্মঘাতী মানববোমার বিস্ফোরণে তিনি প্রাণ হারান।
রাজনৈতিক আলোচনার পাশাপাশি এই ভিডিওতে গান্ধী পরিবারের ব্যক্তিগত সম্পর্কের অনেক অজানা দিক উঠে এসেছে। রাহুল জানান, তিনি তাঁর দাদি ইন্দিরা গান্ধীর অত্যন্ত প্রিয় ছিলেন। অন্যদিকে প্রিয়াঙ্কা বেশি ভালোবাসা পেয়েছেন মা সোনিয়ার কাছ থেকে। রাহুল জানান, তিনি দাদিকেও ‘মা’ বলে ডাকতেন, যা সোনিয়া পছন্দ করতেন না এবং একবার এতে তিনি রেগে গিয়েছিলেন। প্রিয়াঙ্কা জানান, তিনি ইন্দিরা গান্ধীকে ভালোবাসলেও কখনো তাঁকে ‘মা’ বলে ডাকেননি।
নিজের সম্পর্কে কথা বলতে গিয়ে রাহুল বলেন, সোনিয়ার চোখে তিনি সবসময় ছিলেন গড়পড়তা। একবার সোনিয়া তাঁকে বলেছিলেন, “তোমার চেহারা মোটেই আহামরি নয়। নিতান্তই গড়পড়তা।” রাহুল জানান, সোনিয়া তাঁদের খুব কম প্রশংসা করতেন এবং তাঁদের প্রতি তাঁর প্রত্যাশা ছিল অত্যন্ত উচ্চ।
বাবার রাজনৈতিক জীবনের প্রভাব নিয়ে রাহুল বলেন, রাজীব গান্ধী যতক্ষণ রাজনীতির বাইরে ছিলেন, মা তখন অন্যরকম ছিলেন। কিন্তু রাজনীতিতে আসার পর মায়ের আচরণ বদলাতে শুরু করে। বিশেষ করে ১৯৯১ সালের ২১ মে রাজীব গান্ধীর মৃত্যুর পর সোনিয়া গান্ধী পুরোপুরি বদলে যান। রাহুল বলেন, মা হাসতে ভুলে গিয়েছিলেন এবং তাঁরা যেন তাঁদের সেই হাসিখুশি মাকে হারিয়ে ফেললেন।
আলোচনায় ১৯৭৭ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেসের পরাজয় পরবর্তী কঠিন সময়ের কথা উঠে আসে। সেই সময় গান্ধী পরিবারের ওপর নানা চাপ সৃষ্টি হয় এবং বাড়ির পরিবেশ হয়ে ওঠে থমথমে। রাহুল ও প্রিয়াঙ্কাকে স্কুলে সহপাঠীদের কাছ থেকে টিটকিরি শুনতে হয়েছিল। প্রিয়াঙ্কা একটি স্মৃতি শেয়ার করে বলেন, সেই সময় তাঁদের অন্য বাড়িতে চলে যেতে হয়েছিল এবং চারদিকে চাপা উত্তেজনা বিরাজ করত। একদিন স্কুলে এক সহপাঠী তাঁকে উদ্দেশ্য করে বলে, “তোর কাকা চোর। তোর কাকা জেলে আছে।” (তৎকালীন সময়ে তাঁর কাকা সঞ্জয় গান্ধী কারাগারে ছিলেন)। এই কথা শুনে প্রিয়াঙ্কা ওই সহপাঠীকে সপাটে একটি চড় মারেন, যার ফলে ছেলেটি কাঁদতে শুরু করে এবং শিক্ষকের কাছে অভিযোগ জানায়। এর জন্য প্রিয়াঙ্কাকে তিরস্কৃত হতে হয়।
রাহুল গান্ধীও একই ধরনের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ভোটের পর ক্লাসে গেলে তাঁর দুই পাশে কেউ বসত না এবং সহপাঠীরা কথা বলত না। তাঁর ৭ বছর বয়সের জন্মদিনের পার্টিতে ৩২ জন বন্ধুকে আমন্ত্রণ জানানো হলেও রাত পর্যন্ত একজনও আসেনি। রাহুল বলেন, “জন্মদিনের সময় কেটে যাচ্ছে, অথচ একজন বন্ধুরও দেখা নেই। আমরা ভাবছি, হয়তো দেরি হচ্ছে, সবাই ঠিকই আসবে। কিন্তু রাত হয়ে গেলেও কারও দেখা নেই। কোনো বাচ্চাকে আসতেই দেওয়া হয়নি। অনেক পরে একজনমাত্র এসেছিল, কারও পরোয়া না করে।”
প্রিয়াঙ্কা হাসিমুখে রাহুলের দিকে তাকিয়ে বলেন, “তিনি আজও তোমার বন্ধু। তাঁর সঙ্গে আজও তোমার সম্পর্ক আছে।” রাহুল সায় দিয়ে বলেন, “হ্যাঁ, আজও সে আমার বন্ধু।”
রাহুল ও প্রিয়াঙ্কার স্বভাবের পার্থক্য নিয়ে কথা বলতে গিয়ে রাহুল বলেন, “প্রিয়াঙ্কা সব সময় সবকিছুর সঙ্গে মানিয়ে চলেছেন। তিনি সব সময় নিয়ম মেনে চলেছেন। প্রিয়াঙ্কা কখনো বিদ্রোহ করেননি। তিনি বিদ্রোহী টাইপের ছিলেন না। বিদ্রোহী আমি। আমার স্বভাবটাই ওই রকম।” প্রিয়াঙ্কা বড় ভাইয়ের এই কথার সঙ্গে একমত হয়ে বলেন, “ঠিকই। আমি সংসদীয় ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিয়েছি। রাহুল কিন্তু এখনো তা পারেনি।”