যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের একটি আসনে অভাবনীয় জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। এই জয়ের ফলে প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টির মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯টিতে। তিন দশকের মধ্যে প্রতিনিধি পরিষদে দলটির জন্য এটি সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা হিসেবে বিবেচিত হচ্ছে।

বার্তা সংস্থা এপি-র দেওয়া তথ্যানুসারে, প্রগতিশীল টেক সাপোর্ট কর্মী ভিক্টোরিয়া ব্রডেরিক ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বর্তমান প্রতিনিধি সদস্য রিপাবলিকান স্কট ডেসজার্লাইসকে পরাজিত করেছেন। এই জয়কে নির্বাচনের অন্যতম বড় অঘটন হিসেবে দেখা হচ্ছে, কারণ ভিক্টোরিয়া আট মেয়াদে জয়ী হওয়া একজন অভিজ্ঞ রিপাবলিকান প্রতিনিধিকে পরাজিত করেছেন।

টেনেসির চতুর্থ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ভিক্টোরিয়ার এই বিজয় ডেমোক্র্যাটদের ১৯৯০-এর দশকের শুরুর দিকের পর সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা এনে দেবে। উল্লেখ্য, ওই সময়ে দলটির দখলে ছিল ২৬৭টি আসন। প্রতিনিধি পরিষদের দীর্ঘ ইতিহাসে ১৯৩৬ সালে ডেমোক্র্যাটরা সর্বোচ্চ ৩৩৪টি আসন জিতেছিল এবং রিপাবলিকানরা ১৯২০ সালে সর্বোচ্চ ৩০২টি আসন লাভ করেছিল।

ফলাফল ঘোষণার পর গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ডেমোক্র্যাট প্রার্থী ভিক্টোরিয়া বলেন, “আপনি আমাকে ভোট দিয়েছেন কি না, তা বড় কথা নয়। আমি চাই, আপনারা জানুন, আমি আপনাদেরই প্রতিনিধি হব। আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা শোনার এবং সে অনুযায়ী কাজ করতে আমি মুখিয়ে আছি।”

গতকাল পর্যন্ত প্রতিনিধি পরিষদের আরও কয়েকটি আসনের ফলাফল ঘোষণা বাকি ছিল। এর মধ্যে মিনেসোটার ফার্স্ট ডিস্ট্রিক্ট রয়েছে, যেখানে ৩০ নভেম্বর ভোট পুনর্গণনা অনুষ্ঠিত হবে। এছাড়া লুইজিয়ানার ফিফথ ও সিক্সথ ডিস্ট্রিক্টে ডিসেম্বরে রান-অফ বা দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তিনটি আসনে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেও বর্তমানে সামগ্রিকভাবে ডেমোক্র্যাট প্রার্থীরা সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

মধ্যবর্তী এই নির্বাচনে ভিক্টোরিয়ার জয়কে সবচেয়ে চমকপ্রদ অঘটনগুলোর একটি বলা হচ্ছে। অনেক নির্বাচনী বিশ্লেষক রিপাবলিকান প্রার্থীর জয় নিশ্চিত বলে ধরে নিয়েছিলেন। ২০২৪ সালে ট্রাম্প এই চতুর্থ ডিস্ট্রিক্টে ২৪ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এবং এলাকাটি ট্রাম্পের প্রতি অত্যন্ত সমর্থনপুষ্ট হিসেবে পরিচিত। এমনকি মাত্র দুই বছর আগে ভিক্টোরিয়াকে ৪৩ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন রিপাবলিকান স্কট।

নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রেও ভিক্টোরিয়া অনেক পিছিয়ে ছিলেন। ফেডারেল নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী স্কটের প্রচারে ব্যয় হয়েছে ৫ লাখ ৮ হাজার ডলার, যেখানে ভিক্টোরিয়ার খরচ ছিল মাত্র ৯০ হাজার ডলারের কিছু বেশি। তাঁর প্রচারণায় কোনো টেলিভিশন বিজ্ঞাপনের রেকর্ডও ছিল না।

নির্বাচনের পর সপ্তাহখানেক পর এক সাক্ষাৎকারে ভিক্টোরিয়া বলেন, “আমি কেবল অবিশ্বাস নিয়ে সেখানে বসে ছিলাম। এটি ছিল এক পরাবাস্তব অভিজ্ঞতা।” সে সময় তিনি স্কট ডেসজার্লাইসের চেয়ে ৩০০-এর কম ভোটে এগিয়ে ছিলেন।

টেনেসির নতুন কংগ্রেশনাল প্রতিনিধিদলে ভিক্টোরিয়া ব্রডেরিকই এখন একমাত্র ডেমোক্র্যাট সদস্য। সুপ্রিম কোর্টের এক রায়ে ১৯৬৫ সালের ভোটাধিকার আইন দুর্বল হয়ে যাওয়ার পর রিপাবলিকানরা মেমফিসসহ রাজ্যের ৯টি আসনের সবকটি দখলে রাখতে নতুন করে নির্বাচনী মানচিত্র তৈরি করেছিল।

আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার আগেই ১৬ নভেম্বর এক বিবৃতিতে স্কট ডেসজার্লাইস পরাজয় মেনে নেন। তিনি লিখেছেন, “আমরা সবাই আশা করি, নতুন কংগ্রেস সদস্য এই বিশাল দায়িত্বের প্রতি ঠিক সেই পরিমাণ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা অনুভব করবেন, যেমনটি আমি সেবা করার সুযোগ পাওয়া প্রতিটি দিনে অনুভব করেছি।”

৩৪ বছর বয়সী ভিক্টোরিয়া ব্রডেরিক ফ্লোরিডার ব্র্যান্ডনে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে তাঁর পরিবার টেনেসিতে আসার আগে সান আন্তোনিও ও আটলান্টাসহ দক্ষিণের বেশ কিছু জায়গায় বসবাস করেছে বলে তিনি এক সাক্ষাৎকারে জানান।

ভিক্টোরিয়া জানান, হাইস্কুলে পড়ার সময় থেকেই তিনি ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০২১ সালে তাঁর গর্ভপাতের (মিসক্যারেজ) অভিজ্ঞতা তাঁর রাজনৈতিক সক্রিয়তাকে আরও গভীর করে তোলে। তিনি বলেন, তাঁর জন্মনিরোধক যন্ত্র (আইইউডি) কাজ না করায় তিনি অন্তঃসত্ত্বা হন এবং চিকিৎসাসেবা ব্যবস্থার জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। পরবর্তীতে তাঁর গর্ভপাত করানো হয়। সেই ঘটনাকে তিনি গর্ভাবস্থার শারীরিক চ্যালেঞ্জগুলো সম্পর্কে একটি শিক্ষা হিসেবে বর্ণনা করেছেন।

সেই সময়ের স্মৃতিচারণ করে নবনির্বাচিত ভিক্টোরিয়া বলেন, “আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি না। আমাকে আরও বেশি কিছু করতে হবে।”

এরপর ভিক্টোরিয়া টিকটকে রাজনীতি নিয়ে কথা বলা শুরু করেন এবং লিঙ্কন কাউন্টির ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হন। ২০২৪ সালে তিনি কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনী প্রচারজুড়ে তিনি গর্ভপাতের অধিকার এবং ‘সবার জন্য মেডিকেয়ার’–এর মতো প্রগতিশীল নীতিগুলোর সমর্থন জানান। তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় সাধ্যের মধ্যে রাখা এবং বৈষম্য কমানোর ওপর গুরুত্ব দেওয়া তাঁর সেবা খাতে কাজ করার অভিজ্ঞতা থেকেই অনুপ্রাণিত।

এই বিজয়ী প্রার্থী আরও বলেন, “আমার কাছে এটি ডানপন্থী বা বামপন্থীদের লড়াই ছিল না। এটি ছিল সাধারণ মানুষের সঙ্গে শীর্ষস্থানীয় ক্ষমতাধরদের লড়াই।”

ভিক্টোরিয়া মাত্র ২৭০ ভোটে বা ১ শতাংশের কম ব্যবধানে স্কট ডেসজার্লাইসকে পরাজিত করেছেন। নির্বাচনের পরদিন ৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “আমাদের পেছনে কোনো বড় রাজনৈতিক যন্ত্র ছিল না। আমাদের করপোরেট পিএসির অর্থ ছিল না, কোনো প্রভাবশালী ভেতরের লোকও ছিল না। আমাদের ছিলেন কেবল আপনারা, জনগণ।”

ভিক্টোরিয়া ব্রডেরিক জানান, সেদিন তিনি তাঁর বসকে বলেছিলেন যে তাঁর ছুটি প্রয়োজন, কারণ তিনি হয়তো কংগ্রেসে নির্বাচিত হয়েছেন। পরদিন এক বিবৃতিতে তিনি বলেন, “এই জয় এই সত্যেরই প্রমাণ করছে, ঠিক আপনাদের মতো শ্রমজীবী মানুষেরাই আজ ও ভবিষ্যতের পরিকল্পনা নির্ধারণ করার অধিকার রাখেন।”