আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল (সিএআইআর)-এর দেওয়া তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে কেন্দ্রীয়, অঙ্গরাজ্য এবং স্থানীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে অন্তত ৯৭ জন মার্কিন মুসলিম জয়লাভ করেছেন।

এর পাশাপাশি আরও এক ডজনের বেশি মুসলিম প্রার্থী চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন কাউন্টির নিজস্ব নিয়ম এবং ডাকযোগে আসা ব্যালট গণনার প্রক্রিয়ার ওপর চূড়ান্ত ফলাফল নির্ভর করছে। তবে শুক্রবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যে তাঁরা তাঁদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রয়েছেন।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এটি একটি অত্যন্ত অভিনব ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, গত বছর নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে জোহরান মামদানির বিপুল ব্যবধানে জয় মুসলিম প্রার্থীদের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে যাঁরা আগে কখনো জয়ের কথা ভাবেননি, তাঁদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে মামদানির এই জয় প্রত্যক্ষ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

এবার দলীয় প্রাথমিক বাছাই বা প্রাইমারি নির্বাচনের বাধা পেরিয়ে মোট ১৬৮ জন মার্কিন মুসলিম প্রার্থী মূল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছিলেন। যুক্তরাষ্ট্রে চূড়ান্ত নির্বাচনে অংশ নিতে হলে প্রথমে প্রাইমারিতে নিজ দলের অন্যান্য প্রার্থীর সঙ্গে লড়াই করে মনোনয়ন নিশ্চিত করতে হয়।

এই মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর সাতজন মার্কিন মুসলিম ওয়াশিংটন ডিসি যাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার চতুর্দশ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে আয়েশা ওয়াহাব জয় নিশ্চিত করতে পারলে তিনিও বর্তমান প্রতিনিধি পরিষদের সদস্যদের সঙ্গে যোগ দেবেন। তবে স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল পর্যন্ত তাঁর জয়ের বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায়নি, যদিও তিনি প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে ছিলেন।

ডিসিতে যাওয়া এই সাতজনের মধ্যে ছয়জন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালন করবেন। তাঁদের মধ্যে রয়েছেন বর্তমান সদস্য ইলহান ওমর, রাশিদা তালিব, আন্দ্রে কারসন ও লতিফা সাইমন। নতুন সদস্য হিসেবে তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন আদম হামাউই ও দারিয়ালিজা আভিলা শেভালিয়ের।

অন্যদিকে, এবার একজন মুসলিম মার্কিন সিনেটে যাচ্ছেন। তাঁর নাম আবদুলরহমান আল–সাইয়েদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি হতে যাচ্ছেন প্রথম মুসলিম সিনেটর। আগামী ছয় বছর তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

সিএআইআরের হিসাব অনুযায়ী, অঙ্গরাজ্য পর্যায়ের আরও ৩৯টি পদে মুসলিম মার্কিন প্রার্থীরা জয়ী হয়েছেন। এই পদগুলোর মধ্যে অ্যাটর্নি জেনারেল, অঙ্গরাজ্য আইনসভা এবং অঙ্গরাজ্য সিনেটের সদস্য পদ অন্তর্ভুক্ত রয়েছে।

ভোটের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, মুসলিম ভোটারদের ৮০ শতাংশ মূলত ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিয়েছেন। বিপরীতে রিপাবলিকান প্রার্থীদের ভোট দিয়েছেন মাত্র ৬ শতাংশ। কাউন্টি ও পৌরসভা পর্যায়ে জয়ী হয়েছেন ১৬ জন এবং শিক্ষা ও স্কুল বোর্ডের নির্বাচনে জয়ী হয়েছেন ২৭ জন মার্কিন মুসলিম। এছাড়া আটজন বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন।

মার্কিন মুসলিম প্রার্থীরা এমন এক সময়ে এই সর্বকালের সেরা সাফল্য পেলেন, যখন দেশটিতে মুসলিমবিরোধী মনোভাব ও বক্তব্য গত এক প্রজন্মের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে—বিশেষ করে রিপাবলিকানদের মধ্যে। মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল (এমপ্যাক), সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট (সিএসও) এবং ইনস্টিটিউট ফর সোশ্যাল পলিসি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংয়ের (আইএসপিইউ)-এর পর্যবেক্ষণে এই তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ মুসলিম, যার সংখ্যা প্রায় ৫৫ লাখ। সংখ্যায় কম হলেও গণমাধ্যমে তাঁদের নিয়ে আলোচনা এবং অনলাইনে আক্রমণের মাত্রা তুলনামূলকভাবে অনেক বেশি। ৩ নভেম্বর মঙ্গলবার ভোটের দিনের আগমুহূর্তেও এমপ্যাক সতর্ক করে বলেছিল, ভোটারদের ভয়ভীতি দেখানোর কৌশল মার্কিন মুসলিম ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে পারে।

তা সত্ত্বেও গত এক বছরে মুসলিম ভোটারদের নিবন্ধনের হার অন্তত ২৫ শতাংশ বেড়েছে। একটি জরিপে দেখা গেছে, নিবন্ধিত মুসলিম ভোটারদের ৯৩ শতাংশই ভোট দিয়েছেন। এনবিসির বুথফেরত জরিপে দেখা গেছে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে কিংবা কোনো ধর্ম অনুসরণ করেন না—এমন ভোটারদের মধ্যে মুসলিমরাই সবচেয়ে বেশি ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।

তুলনামূলকভাবে ২০২৪ সালের নির্বাচনে ২০ শতাংশের বেশি মার্কিন মুসলিম ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন বলে জানিয়েছিল আইএসপিইউ। সে সময় ট্রাম্প সব যুদ্ধ বন্ধ করা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

জর্জিয়া ভোটার প্রজেক্টের যোগাযোগবিষয়ক পরিচালক উরুজ আলি মিডল ইস্ট আইকে বলেন, “আমাদের মাঠপর্যায়ের প্রকল্পগুলোতে দেখা যাচ্ছে, মুসলিমরা দলীয় পরিচয়ের চেয়ে নীতিগত বিষয়কে বেশি গুরুত্ব দিয়ে ভোট দেন। তাই তাঁদের অনেকেই ডেমোক্রেটিক বা রিপাবলিকান—কোনো পার্টির সঙ্গে নিজেদের যুক্ত না করে স্বতন্ত্র ভোটার হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন।”

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়া। এই অঙ্গরাজ্যের দুই সিনেটরই ডেমোক্র্যাট। এছাড়া এবার একজন ডেমোক্র্যাট সেখানকার গভর্নর নির্বাচিত হয়েছেন, যিনি এই পদে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী।

যুক্তরাষ্ট্রে ভোট দিতে হলে নাগরিকদের আগে ভোটার হিসেবে নিবন্ধিত হতে হয়। বেশির ভাগ ক্ষেত্রে ভোটের দিন আসার আগেই এই নিবন্ধন করতে হয়, অন্যথায় অনিবন্ধিত ভোটারদের ফিরিয়ে দেওয়া হয়। তবে মিশিগানের মতো কয়েকটি অঙ্গরাজ্যে নির্বাচনের দিনও ভোটার নিবন্ধনের সুযোগ রয়েছে।

গত এক মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় মুসলিমবিরোধী বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়ার কয়েকটি ভবনে মুসলিমবিদ্বেষী বক্তব্যসংবলিত গ্রাফিতি আঁকা, ইলিনয়ে হিজাব পরা নারীদের গুলি করার হুমকি এবং ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে গুলি চালিয়ে একজন নিরাপত্তাকর্মীকে হত্যা করার ঘটনা।

মসজিদে গুলি চালানোর এই ঘটনাটি ঘটেছিল সিএসওর ৩৬ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশের কিছুদিন পর। ‘ম্যানুফ্যাকচারিং দ্য মুসলিম থ্রেট’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে রিপাবলিকান পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে মুসলিমবিরোধী প্রচার চালিয়েছিলেন। এ প্রচারের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ১ হাজার ১১১টি পোস্ট দেওয়া হয়, ৮টি বিল উত্থাপন করা হয় এবং কংগ্রেসের ৬২ সদস্যের একটি দল গঠন করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব কর্মকাণ্ড “সহিংসতায় উসকানি দিতে পারে—এমন বক্তব্যের মানদণ্ড পূরণ করে”।

সিএআইআরের জরিপে দেখা গেছে, এবারের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন মুসলিম ভোটারদের ভোট দেওয়ার পেছনে ইসলামবিদ্বেষ একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। ৭০ শতাংশ ভোটার জানিয়েছেন, মুসলিমবিরোধী মনোভাব তাঁদের ভোট দিতে উৎসাহিত করেছে।

আইএসপিইউ-এর তৈরি ন্যাশনাল আমেরিকান ইসলামোফোবিয়া ইনডেক্সের ২০২৫ সালের সর্বশেষ গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষী মনোভাব ক্রমেই বাড়ছে। শূন্য থেকে ১০০-এর মাপকাঠিতে এই সূচক ২০২২ সালে ২৫ থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ৩৩ হয়েছে। আইএসপিইউ জানিয়েছে, শ্বেতাঙ্গ ইভানজেলিক্যাল খ্রিষ্টানদের মধ্যে ইসলামবিদ্বেষের সূচক সবচেয়ে বেশি বেড়েছে (১৫ পয়েন্ট), ক্যাথলিকদের মধ্যে ১২ পয়েন্ট এবং ইহুদিদের মধ্যে ১১ পয়েন্ট।

তবে এসব ঘটনা মুসলিমদের ভয় দেখিয়ে দূরে সরিয়ে রাখার লক্ষ্য পূরণ করতে পারেনি। ট্রাম্পের ধর্মীয় স্বাধীনতা কমিশনের ধর্মীয় নেতাদের উপদেষ্টা বোর্ডে একমাত্র মুসলিম নারী সদস্য ছিলেন সামিরা মুনশি। পরে প্রতিবাদ জানিয়ে গত মার্চে তিনি পদত্যাগ করেন।

মিডল ইস্ট আইকে সামিরা মুনশি বলেন, “আমি মূলত জেনারেশন জি বা জেন–জি প্রজন্মের মানুষ। তাই নাইন/ইলেভেন হামলার পরের পরিস্থিতি এবং তখন কী ঘটেছিল, তা পুরোপুরি বোঝার মতো বয়স আমার হয়নি। আমার মনে হয়, আমাদের এই প্রজন্ম নাইন/ইলেভেনের ঘটনা মাথায় রেখে বড় হলেও তখনকার প্রাপ্তবয়স্ক বা ভোটার মুসলিমদের মতো হতাশা অনুভব করেন না। আর এ কারণেই হয়তো আমাদের প্রজন্ম রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হতে আরও বেশি আগ্রহী হয়েছে।”

সামিরা মুনশি আরও বলেন, গত তিন বছরে মূলধারার বিনোদন ও সাংস্কৃতিক পরিসরে ইসরায়েলপন্থী ও ফিলিস্তিনবিরোধী বক্তব্য এবং আইনকে যেভাবে চ্যালেঞ্জ করা হয়েছে, তা-ও মুসলিম মার্কিনদের আরও দৃঢ় অবস্থান নিতে উৎসাহিত করেছে।

সিএআইআরের জরিপে দেখা গেছে, ৭৬ শতাংশ ভোটার গাজা ও ফিলিস্তিনিদের মানবাধিকারকে তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে উল্লেখ করেছেন। আর ৮০ শতাংশ ভোটার বলেছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান তাঁদের ভোট দেওয়ার সিদ্ধান্তে “বড় ধরনের প্রভাব” ফেলেছে। জাতিসংঘ ও হলোকাস্টবিষয়ক গবেষকদের অনেকে গাজায় ইসরায়েলের নৃশংস অভিযানকে জেনোসাইড বা জাতিগত নিধন বলে অভিহিত করেছেন।

সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পেছনে একটি বড় কারণ ছিল ইসরায়েলের প্রতি তাঁর নিঃশর্ত সমর্থন প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানো। সে সময় গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন প্রায় ৩০০ পর্যন্ত ফিলিস্তিনি নিহত হচ্ছিলেন, তাঁদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক।

সামিরা মুনশির এক ক্যাথলিক সহকর্মী ক্যারি প্রেজিন-বোলা ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলেছিলেন, যার কারণে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর প্রতিবাদ জানাতে মুনশি পদত্যাগ করেন। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর এবং ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারম্যান ড্যান প্যাট্রিক প্রেজিন-বোলাকে প্যানেল থেকে সরিয়ে দেন। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই প্যানেলটির সদস্যদের নিয়োগ দিয়েছিলেন।

মঙ্গলবারের ভোটে হেরে গেছেন প্যাট্রিক, যিনি ১২ বছর এই পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ডেমোক্রেটিক নারী প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হন। প্রায় তিন দশকের মধ্যে টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর পদে প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হলেন এবং তিনি হবেন এই পদে দায়িত্ব নেওয়া প্রথম নারী।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচতি মুসলিম সিনেটর আবদুল আল–সাইয়েদের মতো হ্যামিল্টন ও টালারিকোও তাঁদের ধর্মীয় বিশ্বাস ও জীবনাচারকে আড়াল না করে বরং সেগুলোর ওপরই জোর দিয়েছেন। তাঁরা এমন একটি দলের হয়ে নির্বাচনে লড়েছেন, যে দল সাধারণত প্রকাশ্যে ধর্মীয় বিশ্বাসের চর্চা থেকে দূরে থাকে।

নির্বাচনের সময় মার্কিন মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষ ও ফিলিস্তিন ইস্যুকে বিশেষ গুরুত্ব দিলেও আইএসপিইউর জরিপ বলছে, তাঁদের অধিকাংশই অন্য মার্কিন ভোটারদের মতো দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়কে অধিক গুরুত্ব দিয়েছেন।

মুসলিম ভোটারদের মতো মুসলিম পরিচয় দেওয়া প্রার্থীরাও ধর্মকে তাঁদের পরিচয়ের একটি অংশ হিসেবেই দেখেন। অধিকাংশ ক্ষেত্রে তাঁদের পুরো পরিচয় ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। জোহরান মামদানি মূলত ধর্মনিরপেক্ষ অবস্থান থেকে নির্বাচনী প্রচার চালিয়েছেন, তবে নির্বাচিত হওয়ার পর তিনি কিছুটা ধর্মীয় বিশ্বাসের কথা সামনে এনেছেন। অন্যদিকে সাইয়েদ বলেছেন, তিনি ধর্মপ্রাণ এবং নিজের ধর্মের প্রতি অঙ্গীকারের কারণেই নিজেকে নির্বাচনে লড়ার যোগ্য বলে মনে করেছেন।

তবে সব মুসলিমই প্রগতিশীল বা ডেমোক্র্যাট নন। অ্যারিজোনার প্রতিনিধি পরিষদ থেকে সম্প্রতি পুনর্নির্বাচিত আবি হামাদেহ একজন রিপাবলিকান, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনও পেয়েছেন। ট্রাম্পের আমলে এবং হেরিটেজ ফাউন্ডেশনের প্রভাবে রিপাবলিকান পার্টি জোরালোভাবে ইসরায়েলপন্থী এবং মোটের ওপর মুসলিমবিরোধী অবস্থান গ্রহণ করেছে।

নিজেকে মুসলিম প্রগতিশীল হিসেবে পরিচয় দেওয়া জুনাইদ আহমেদ গত মার্চে ইলিনয়ের অষ্টম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে হেরে যান। জুনাইদ বলেন, “আশা করি, প্রতিনিধি পরিষদ ও সিনেটের কাজের মধ্য দিয়ে মার্কিন জনগণ বুঝতে পারবেন, আমরা যখন “আমেরিকা ফার্স্ট” বলি, তখন সেই নীতির প্রতিফলন যেন নীতিনির্ধারণেও দেখা যায়।”

জর্জিয়া মুসলিম ভোটার প্রকল্পের আলী বলেন, মার্কিন মুসলিম পরিচয়ের সঙ্গে যুক্ত কোনো নির্দিষ্ট ‘এজেন্ডা’ নেই। বরং সম্প্রদায়ের মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। আলী বলেন, ব্যক্তির মুসলিম হওয়া যতটা তাঁর পরিচয়, তার চেয়ে বেশি এটি একটি জীবনযাপনের ধরনমাত্র। তিনি আরও বলেন, “এর মূল কথা হলো, আমরা যেন যেমন পৃথিবী পেয়েছি, তার চেয়ে আরও ভালো একটি পৃথিবী রেখে যেতে পারি।”