২০ টাকার পরিবেশবান্ধব কাগজের কলম থেকে শুরু করে ৫ লাখ টাকার কাঠের হাতি, কী নেই এই মেলায়! রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। সারা দেশের ৪০০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের মেলায়। পোশাক, জুতা, চামড়াজাত পণ্য, পাটপণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্রসাধনী, গয়না, হস্ত ও কারুশিল্পসহ নানা পণ্যের প্রদর্শনী ও কেনাকাটার সুযোগ রয়েছে এখানে। মেলা ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনা করেছেন এম এ হান্নান।
সারা দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের তৈরি বৈচিত্র্যময় সব পণ্যের পসরা নিয়ে সাজানো এবারের মেলা। হাতে যথেষ্ট সময় নিয়ে না এলে পুরো মেলা ঘুরে দেখা মুশকিল! মেলায় প্রবেশ করতেই হাতের ডানে হল ‘এ’ এবং বাঁয়ে হল ‘ডি’। জুতা ও চামড়াজাত পণ্যের সমারোহ দেখতে প্রথমেই পা রাখা হলো হল ‘এ’-তে।
এখানে চামড়ার ব্যাগ পাওয়া যাচ্ছে ২ হাজার টাকা থেকে। জুতার দাম ৮৯০ থেকে ৩ হাজার ৯০০ টাকা, বেল্ট ৫০০ টাকা এবং মানিব্যাগ ২৫০ থেকে ৫০০ টাকা। চামড়ার জ্যাকেট পাওয়া যাচ্ছে সাড়ে ৯ হাজার থেকে ১১ হাজার টাকায়। এছাড়া আছে ৬৫ হাজার টাকার রকিং চেয়ারও।
বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের হাতে তৈরি পণ্যের স্টল ‘দ্রি’। সেখানে নকশা করা মাটির গয়না থেকে শুরু করে আছে টেপা পুতুল, রঙিন মাটির হাঁড়ি, কলসি, কাচের বোতল, ফুলের টব, ফুলদানি, লবণদানি, চুড়ি, ব্রেসলেট, কানের দুল, লাইটার, ক্লে পিন ও দৃষ্টিনন্দন সরাচিত্র। এসব পণ্যের দাম ৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা।
মাটির সরায় রংতুলিতে ফুটে উঠেছে ‘নায়ক’ সিনেমার উত্তম কুমার, সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’, প্রফেসর হিজিবিজি, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’, নিমাই ভট্টাচার্যের ‘মেমসাহেব’, ‘মহানগর’ ও ‘থ্রি ইডিয়টস’-এর মতো চলচ্চিত্র ও সাহিত্যকর্মের অনুষঙ্গ। পাশাপাশি আছে গ্রামবাংলার নানা চিত্রও।
‘দ্রি’র উদ্যোক্তা মুহাম্মদ ঐশিক অদ্রি বলেন, “মাটির সঙ্গে দেশের সংস্কৃতির যে পুরোনো সম্পর্ক, তা আমরা এই চিত্রকল্পের মাধ্যমে রঙে-রূপে নতুন করে তুলে ধরার চেষ্টা করছি।”
মেলায় ইকো প্রিন্টের শাড়ি নিয়ে এসেছে ‘অঙ্গন’। বিভিন্ন গাছের লতাপাতা দিয়ে প্রাকৃতিক রঙে রাঙানো একেকটি শাড়ির দাম ১০ হাজার থেকে ১২ হাজার ৫০০ টাকা। ওয়ান পিস ২ থেকে ৩ হাজার টাকা, টু পিস ৪ হাজার ৫০০ টাকা ও থ্রি-পিস ৫ হাজার টাকা থেকে শুরু। আছে ইকো প্রিন্টের পরিবেশবান্ধব পানির বোতলও, যার দাম ৯০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।
টানা দুবার বৃক্ষমেলায় অংশ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছিল ‘কোয়ান্টাম ব্যাম্বুরিয়ান’। বাঁশ ও কাঠের তৈরি নানা কারুপণ্য নিয়ে এবারই প্রথম এসএমই পণ্য মেলায় হাজির হয়েছে প্রতিষ্ঠানটি। স্টলে প্রদর্শিত আছে ৭০টির বেশি পণ্য। গর্জনগাছের গুঁড়ি খোদাই করে তৈরি আস্ত একটি হাতি যেন শুঁড় উঁচিয়ে স্বাগত জানাচ্ছে ক্রেতা-দর্শনার্থীদের। প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক সাইফউদ্দিন সাইফ জানালেন, মেলার প্রথম দিনেই হাতিটি বিক্রি হয়ে গেছে ৫ লাখ টাকায়।
মেলায় জামদানি শাড়ি পাওয়া যাচ্ছে ২ হাজার থেকে ১ লাখ টাকায়। তাঁতপল্লিতে তাঁতের শাড়ি ৮০০ থেকে ১০ হাজার টাকা এবং মণিপুরি শাড়ি ১ হাজার থেকে ৮৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
সামনে শীত, তাই শীতের পোশাক ও অনুষঙ্গের কেনাকাটাও সেরে নেওয়া যাচ্ছে মেলা থেকে। কম্বল পাওয়া যাচ্ছে ১ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকায়। কম্বলের মতো ব্যবহার করা যায় এমন খেশের দাম ৪ হাজার ২০০ টাকা। মণিপুরি মাফলার ১২০ থেকে ৬০০ টাকা। বাহারি শাল ও চাদর পাওয়া যাচ্ছে ৭৫০ থেকে ২ হাজার ৫০০ টাকায়।
ছেলেদের ব্লেজার পাওয়া যাচ্ছে ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকায়, প্যান্ট ১ হাজার ৫০০ টাকায়, পাঞ্জাবি ১ হাজার ৮০০ টাকায় এবং কটি ৯০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। এছাড়া আছে টি-শার্ট, ফতুয়া, গামছা ও লুঙ্গি।
হল ‘ডি’-তে দেখা হলো লেখক এস এম নাজনিন মোনালিসার সঙ্গে। শিশুদের জন্য বই লেখার পাশাপাশি পরিবেশবান্ধব পণ্য নিয়েও কাজ করেন তিনি। মেলায় এনেছেন নিজ হাতে বানানো পরিবেশবান্ধব কাগজের কলম। ‘বেহাগ’ নামের এই কলমের দাম ২০ থেকে ৩০ টাকা। আছে তালপাতার পাখা, বাঁশের কুলা ও ডালা, যার প্রতিটির দাম ২০০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ থেকে নকশিকাঁথা নিয়ে এসেছে ‘চাঁপাই নকশি’। একেকটি নকশিকাঁথার দাম ১ হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত আছেন গ্রামের প্রায় পাঁচ হাজার নারী কর্মী। নকশা ও কাজের ধরন অনুযায়ী একটি কাঁথা তৈরি করতে আট দিন থেকে ছয় মাস পর্যন্ত সময় লেগে যায়।
হল ‘ডি’-এর শেষের দিকে দেখা মিলল ‘অর্গানিক শস্যভান্ডার’-এর। বিক্রয় ব্যবস্থাপক মির্জা রুহানিয়া জানালেন, তরঙ্গ ফাউন্ডেশনের আওতায় বান্দরবানে তাঁদের ৯ হাজার ৫০০ কৃষাণী আছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁদের কাছে পাঠানো হয় অর্গানিক বীজ। পাহাড়সহ পাঁচটি প্লটে উৎপাদিত হয় এসব শস্য। কিছু শস্য উৎপাদিত হয় বরিশাল ও মানিকগঞ্জ অঞ্চলেও।
স্টলে আছে কামরাঙা শিম, শিমের বীজ, চিচিঙ্গা, ছোট বেগুন, রাজমা শিম, কাঁচা ও শুকনা হলুদ, আদা, মিষ্টিকুমড়া, মুখিকচু, পেঁপে, কলা, আখ ও বিন্নি মরিচ। চালের মধ্যে আছে কালো বিন্নি চাল, সাদা বিন্নি চাল ও লাল চাল। এ ছাড়া আছে কিনোয়া, রঙিন ভুট্টা, বাদাম, বিভিন্ন ধরনের মসলা, মধু, নারকেল তেল, ঘি, শজনেপাতার গুঁড়া, বিটরুটের গুঁড়াসহ নানা পণ্য।
পাশের একটি স্টলে দেখা গেল জাপানি ‘কিনতোকি বিজিন’ জাতের মিষ্টি আলু। জাপান থেকে আনা বীজ থেকে দেশের উত্তরাঞ্চলে উৎপাদিত হচ্ছে এই মিষ্টি আলু, যা প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
ঘুরতে ঘুরতে আসা হলো হল ‘এফ’-এ। তাঁত, জামদানি, রাজশাহী সিল্ক, বাটিক, প্রিন্ট, সুতি ও খাদির নানা ধরনের পোশাক নিয়ে সাজানো এই হল। এফ-৫২ নম্বর স্টলে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পণ্য পাওয়া যাচ্ছে। পুলিশ সদর দপ্তরে কর্মরত পুলিশ নায়েক মো. আল মামুন জানান, পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে তৈরি নানা পণ্য নিয়ে সাজানো হয়েছে স্টলটি। এখানে আছে শাড়ি, থ্রি-পিস, নকশিকাঁথা, বিছানার চাদর, টেবিল রানার ও হাতের কাজের গয়না।
এফ-২৩ নম্বর স্টলটি এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশের। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির আওতায় পরিচালিত যুব আবাসন, বিদ্যালয় ও সামাজিক কেন্দ্রের শিক্ষার্থীদের হাতে তৈরি নানা পণ্য পাওয়া যাচ্ছে এখানে।
রাফিয়া ফ্যাশন নিয়ে এসেছে জামদানির সঙ্গে অন্যান্য উপকরণের মিশেলে তৈরি শতাধিক পণ্য। ছোট-বড় ব্যাগ, জুতা, ফাইল ফোল্ডার, ল্যাপটপ ব্যাগ, কটিসহ এসব পণ্যের দাম ১ হাজার থেকে ১০ হাজার টাকা। একই স্টলে জায়গা পেয়েছে আনিকা নূরের ‘আর্ট জেনিস’। পেশায় স্থপতি হলেও ডিজিটাল প্রিন্টের শাড়ি নিয়ে কাজ করেন তিনি। ভ্রমণপিপাসু ক্রেতাদের ফরমাশে তাঁর শাড়িতে ফুটে ওঠে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি ও ঋতুবৈচিত্র্য।
হল ‘জি’-তে আছে বিএসটিআই, জীবন বীমা, ডাক বিভাগ, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন, বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের স্টলে আখের চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ টাকায়। ভিনেগার পাওয়া যাচ্ছে ৭০ থেকে ১৪০ টাকায় এবং জৈব সার ৩৫ টাকায়।
বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি লিমিটেডের স্টলে আছে পেপারওয়েট থেকে শুরু করে সিরামিকের তৈরি ছোট-বড় টব, যার দাম ৭২ থেকে ১ হাজার ৬০০ টাকা। এ ছাড়া সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে বাথরুম ও রান্নাঘরের বেসিন এবং প্যান।
সারা দেশের একেক অঞ্চল একেক ধরনের পণ্যের জন্য বিখ্যাত। অঞ্চলভিত্তিক সেসব বিখ্যাত পণ্যই ঠাঁই পেয়েছে মেলার বিশেষ প্রদর্শনী গ্যালারিতে। এর মধ্যে আছে ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতি পাওয়া পণ্যও।
সিলেট ও মৌলভীবাজারের মণিপুরি তাঁতশিল্প, মৌলভীবাজারের সুজানগরের আগর কাঠ, গরের চিপস ও আতর, টাঙ্গাইলের বল্লার তাঁতপণ্য, নারায়ণগঞ্জের জামদানি, রাজশাহীর সিল্ক শাড়ি, কুষ্টিয়ার কুমারখালীর বিছানার চাদর, কুমিল্লার খাদি কাপড়, জামালপুর, যশোর ও চাঁপাইনবাবগঞ্জের নকশিকাঁথা এবং রংপুরের শতরঞ্জি আছে এখানে।
আরও আছে বগুড়ার কাশঘাসের হস্তশিল্প, শুকনা কচুরিপানার ডাঁটা থেকে তৈরি পরিবেশবান্ধব ব্যাগ, ঝুড়ি ও মাদুর, জালি টুপি, নওগাঁর উমানি টুপি এবং যশোরের কেশবপুরের কাঠের হস্তশিল্প।
পিরোজপুরের নারকেলের ছোবড়ায় তৈরি পাপোশ, সুপারির খোলের থালা-বাটি, ঠাকুরগাঁওয়ের রেশমের স্কার্ফ ও ওড়না, মানিকগঞ্জ ও টাঙ্গাইলের বাঁশ-বেতের সামগ্রী, কুষ্টিয়ার একতারা ও দোতারা, সাতক্ষীরার ঘাসের মাদুর, চাঁপাইনবাবগঞ্জের শুকনা আম, পিরোজপুর ও কুমারখালীর মৃৎশিল্প এবং ধামরাইয়ের কাঁসাশিল্পও স্থান পেয়েছে প্রদর্শনীতে।
এ ছাড়া আছে নীলফামারীর পরচুলা, ময়মনসিংহের গৌরীপুরের বাঁশের ছিপ, সিরাজগঞ্জের লুঙ্গি, দিনাজপুরের পাঁপড়, বাগেরহাটের নারকেলের খোলের বোতাম, ঢাকার মিরপুরের বেনারসি ও কাতান শাড়ি, যশোরের নরেন্দ্রপুর ও পিরোজপুরের বলদিয়ার ক্রিকেট ব্যাট, রাজশাহীর কালুহাটির পাদুকা এবং ফরিদপুরের টেরাকোটা।
প্রদর্শনীতে শুধু পণ্য দেখার সুযোগই নয়, আছে পণ্য তৈরির প্রক্রিয়া সরাসরি দেখার সুযোগও। কীভাবে কাদামাটি থেকে তৈরি হচ্ছে মাটির পণ্য, কীভাবে চরকায় সুতা কাটা হচ্ছে, কীভাবে বোনা হচ্ছে জামদানি, সবই দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউবা মুগ্ধ হয়ে দেখছেন কারিগরদের হাতের কাজ।
বিশাল এই মেলায় ঘুরে ক্লান্ত হয়ে পড়লে চলে আসা যায় হল ‘এইচ’-এর উন্মুক্ত খাবার চত্বরে। খাওয়াদাওয়ার পাশাপাশি গল্প-আড্ডায় খানিকটা জিরিয়ে নেওয়ার সুযোগ আছে এখানে।
পিঠার আড্ডা, নাশতা হাট, শর্মা দামাস্কো, কুষ্টিয়া সুইটসসহ মোট ১৫টি স্টলে পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি নানা পদের খাবার। ৫০ থেকে ৮০ টাকায় চেখে দেখতে পারেন ভাপা, পাটিসাপটা, মালপোয়া, চিকেন পুলি কিংবা দুধচিতই পিঠা। আছে ৩০০ টাকায় হাঁসের মাংস ও ২০ টাকায় ছিটা রুটি।
আদিবাসীদের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে চাইলে ঢুঁ মারতে পারেন ‘হেবাং’ স্টলে। এখানে ৫০ টাকায় কলা পিঠা ও বিন্নি পিঠা, ২০০ টাকায় লাকসু, ১০০ টাকায় মুন্ডি, ২০০ টাকায় কাঁকড়া ভাজা ও ৮০ টাকায় ভুট্টা পাওয়া যাচ্ছে।
এ ছাড়া সুশি, রামেন ও মোমো পাওয়া যাচ্ছে ২০০ থেকে ৪৫০ টাকায়। মসলা দোসা ও ছোলা বাটুরা ১২০ থেকে ৩০০ টাকা, শর্মা ও মিট বক্স ২০০ থেকে ৩৭০ টাকা। ১০০ টাকায় আছে ডিমের পোলাও ও খিচুড়ি।
খাওয়াদাওয়া শেষে চুমুক দেওয়া যায় চায়ের কাপে। ৪০ থেকে ১২০ টাকায় সাধারণ চা থেকে শুরু করে মসলা চা, গুড়ের চা ও চকলেট চায়ের স্বাদ নেওয়া যাবে। চাইলে চা পান শেষে কাপটিও খেয়ে ফেলা যায়; কারণ আছে এমন ভোজ্য কাপ বা ‘এডিবল কাপ’-এ চা পরিবেশনের আয়োজনও।
মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রবেশের জন্য কোনো টিকিট কাটতে হবে না।