জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ‘নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে’ বিভিন্ন রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা শুরু করেছেন সামান্তা শারমিন। সম্প্রতি জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) নামক একটি নতুন দলের সঙ্গে তাঁর বৈঠকের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই নতুন দলে তিনি যোগ দিচ্ছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে এই বিষয়ে সামান্তা শারমিন স্পষ্ট করেছেন যে, বর্তমানে তিনি কেবল বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছেন। তাঁর মতে, এই প্রক্রিয়া সম্পন্ন হতে ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগতে পারে। ফলে কোনো নির্দিষ্ট দল বা রাজনৈতিক পক্ষের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেবেন ডিসেম্বরের পর।
২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের দ্বারা গঠিত জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে সামান্তা শারমিন বিভিন্ন কর্মসূচি, জনসংযোগ এবং টেলিভিশনের টক শোসহ নানা মাধ্যমে প্রতিনিধিত্ব করেন। এর মাধ্যমেই তিনি খুব অল্প সময়ে সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করলে তিনি দলের শীর্ষ পর্যায়ে স্থান পান এবং প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব লাভ করেন।
তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ডিসেম্বরে এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হলে সামান্তা শারমিন দলে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েন। তিনি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ থেকেও সরে আসেন, যদিও তখন তিনি দল ত্যাগ করেননি। পরবর্তীতে গত ২৩ অক্টোবর এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত হলে সামান্তার পদের পরিবর্তন ঘটে, যাকে অনেকে ‘পদাবনতি’ হিসেবে দেখছেন। পুনর্গঠিত কমিটিতে তাঁকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক থেকে কেবল যুগ্ম আহ্বায়ক করা হয়। এর ১৩ দিন পর, ৫ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপি থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর থেকেই তিনি বিভিন্ন রাজনৈতিক শক্তি ও পক্ষের সঙ্গে আলোচনায় বসছেন।
গত মঙ্গলবার রাতে জেডিপির পলিটিক্যাল কাউন্সিলের (রাজনৈতিক পর্ষদ) সঙ্গে আলোচনার ছবি ফেসবুকে পোস্ট করেন সামান্তা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন রাজনৈতিক শক্তির সন্ধানের অংশ হিসেবে জেডিপির নবনির্বাচিত পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে সামান্তা শারমিনের একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’ এই পোস্টের পরপরই তিনি এই দলে যোগ দিচ্ছেন কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়। উল্লেখ্য, গত ৩ এপ্রিল নাঈম আহমাদের নেতৃত্বে জেডিপির আত্মপ্রকাশ ঘটে। নাঈম এর আগে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জেডিপির পাশাপাশি গত কয়েক দিনে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন সামান্তা শারমিন। তাঁদের মধ্যে রয়েছেন অল্টারনেটিভসের সংগঠক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, চিকিৎসক ও তরুণ রাজনীতিক তাসনিম জারা এবং নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অনিক রায়।
এই পুরো বিষয়টি নিয়ে আজ বুধবার দুপুরে মুক্তকণ্ঠকে সামান্তা শারমিন বলেন, ‘অনেকেই যোগাযোগ করে বসতে চেয়েছিলেন। আমি তাঁদের সঙ্গে বসছি। যেসব ব্যক্তির সঙ্গে বসছি, তাঁরা যদি মনে করেন যে প্রকাশ করা যাবে না, সে ক্ষেত্রে প্রকাশ করছি না। যাঁরা যোগাযোগ করেছেন, সবার সঙ্গেই বসতে চাই। এর আগেও চার-পাঁচটি মিটিং করেছি। দল হিসেবে জেডিপির সঙ্গেই প্রথম বসলাম। আগামীকাল বৃহস্পতিবারও একটি দলের সঙ্গে মিটিং আছে।’
তবে বর্তমানে কোনো আলোচনাই কোনো দলের সঙ্গে যুক্ত হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আলোচনাগুলো শেষ হতে ডিসেম্বর মাসটা লাগবে। এরপর কোনো দল বা পক্ষের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।’