সংসারের দীর্ঘ লড়াইয়ের পর যখন ধীরে ধীরে সচ্ছলতা ফিরছিল, ঠিক তখনই জীবন থেকে বিদায় নিলেন নাজমা বেগম (৪৩)। তাঁর স্বামী নুরুল হুদা দীর্ঘ সময় সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। একমাত্র ছেলে নাজমুল হুদাও সেখানে থিতু হয়েছেন। বড় মেয়ে জেরিন তাসনিমকে বিয়ে দিয়ে দিয়েছেন তিনি। ছোট মেয়ে সামিয়া নূরও একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। জীবনের সব দায়িত্ব শেষ করে এবার একটু নিশ্চিন্তে থাকার সময় এসেছিল নাজমার। তবে সেই সুখ আর উপভোগ করার সুযোগ পাননি তিনি। গতকাল মঙ্গলবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান নাজমা।
গতকাল সন্ধ্যায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ফকিরা বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন হলেন নাজমা বেগম। এই দুর্ঘটনায় তাঁর ননদ ফারিয়া জান্নাত গুরুতর আহত হয়েছেন। বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ফারিয়া।
জানা গেছে, নাজমা বেগম তাঁর ননদ ফারিয়া জান্নাত এবং জসিম উদ্দিন নামে এক ঘটককে সঙ্গে নিয়ে দেবর মোহাম্মদ আলমগীরের জন্য পাত্রী দেখতে ঈদগাঁওয়ের কালিরছড়ায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই তাঁরা এই দুর্ঘটনার কবলে পড়েন। এই দুর্ঘটনায় ঘটক জসিম উদ্দিনও প্রাণ হারিয়েছেন। তাঁর বাড়ি চকরিয়ার খুটাখালী ইউনিয়নের অফিসপাড়া এলাকায়। নাজমার বাড়িও একই ইউনিয়নের উত্তরপাড়ায়।
নাজমার স্বামী নুরুল হুদাও সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার পথে রয়েছেন। তাঁর অপেক্ষায় ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে নাজমার মরদেহ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ বুধবার রাতে নাজমার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মায়ের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ছুটে এসেছেন ছেলে নাজমুল হুদা। আজ বুধবার সকাল ১০টায় দেশে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাড়িতে পৌঁছান। মায়ের নিথর দেহ দেখে নিজেকে আর সামলাতে পারেননি নাজমুল। কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর তীব্র আহাজারিতে পুরো বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।
বিলাপ করতে করতে নাজমুল বলেন, “সংসারের জন্য কত কষ্ট সয়েছ মা, সুখ ফিরতেই তুমি চলে গেলে। মা, ও মা, আমি কাকে নিয়ে বাঁচব। ফোন দিয়ে কে বলবে—বাবা, ভাত খেয়েছিস?”
এদিকে ঘরে গিয়ে দেখা গেল, নাজমার ছোট মেয়ে সামিয়া নূরের কান্না থামানোর মতো কেউ নেই। আত্মীয়স্বজন তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও মাকে হারানোর শোক তাঁকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে, কোনো সান্ত্বনাই তাঁর কাছে পৌঁছাচ্ছিল না। বিড়বিড় করে কিছু বলছিলেন সামিয়া। কাছে যেতেই তাঁর কথাগুলো স্পষ্ট হয়। তিনি বলছিলেন, “মা, এত বড় ঘরে আমি কার সঙ্গে থাকব? কে থাকবে আমার সঙ্গে? জ্বর হলে পট্টি কে বেঁধে দেবে মা?”
ঈদগাঁওয়ের ওই দুর্ঘটনায় নিহত অন্য ব্যক্তিরা হলেন চকরিয়ার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মোহাম্মদুর রহমান (২৭), নলবনিয়া গ্রামের শামসুল আলমের ছেলে সাহাব উদ্দিন (৩৫) এবং লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরাখোলা গ্রামের মুহাম্মদ ছাবেরের ছেলে মুহাম্মদ সাইফুল ইসলাম (২৮)।