কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন বেলা ১১টার দিকে ওই নারীর ঘর থেকে একটি শিশুর কান্নার শব্দ ভেসে আসছিল। বিষয়টি লক্ষ্য করে স্বজনরা এগিয়ে আসেন এবং ঘরের টিনের ছাদ কেটে ভেতরে প্রবেশ করে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

নিহত নারীর পরিচয় পাওয়া গেছে ইয়াছমিন আকতার (২৫) হিসেবে। তিনি দক্ষিণ মাইজপাড়া গ্রামের রাজমিস্ত্রি পেশার আবদুল হামিদের স্ত্রী। ঘটনার পর থেকে তাঁর স্বামী আবদুল হামিদ নিখোঁজ ও পলাতক রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যানুযায়ী, গতকাল বেলা ১১টার দিকে আবদুল হামিদের বাড়ির একটি কক্ষ থেকে শিশুর কান্নার আওয়াজ পাওয়া যায়। এতে আশপাশের লোকজন দ্রুত সেখানে ভিড় করেন। দেখা যায়, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এরপর আবদুল হামিদের এক স্বজন ঘরের টিনের ছাদ কেটে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে ইয়াছমিনের মরদেহ ঘরের বিমের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা মরদেহটি নিচে নামিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন।

ঘটনা প্রসঙ্গে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার মুক্তকণ্ঠকে বলেন, “পুলিশের প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধ ও দাম্পত্য কলহের জেরে ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর শরীরে আঘাতের চিহ্নও পাওয়া গেছে।” তিনি আরও জানান, আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে নিহত নারীর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।