ফেনীর পরশুরামে পারিবারিক কলহের জেরে ফেসবুকে ‘অতঃপর স্বপ্ন ইচ্ছে শখ সবকিছু চির বিদায় দিলাম’ পোস্ট করে বিষপানে মো. মুজিব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ভোরে বিষপানের পর একাধিক হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মুজিব উপজেলার দক্ষিণ চন্দনা এলাকার বাসিন্দা জয়নালের ছেলে। তরুণ মুজিবের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, সোমবার ভোর ৫টার দিকে পারিবারিক বিরোধে মুজিব বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে দেখে চট্টগ্রামে পাঠানোর পরামর্শ দেন। পরে একটি ইনজেকশন দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে চট্টগ্রামে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এর আগে ‘Md Mujib’ নামের তার ফেসবুক আইডিতে তিনি পোস্ট দেন ‘অতঃপর স্বপ্ন, প্রত্যাশা, আশা, ভরসা,ইচ্ছে, শখ, সবকিছু চির বিদায় দিলাম’।

বিষয়টি নিশ্চিত করে পশুরাম মডেল থানার ওসি আশরাফুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, বিষয়টি সত্যি বেদনাদায়ক। সে যেহেতু চট্টগ্রাম মারা গিয়েছে এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া সেখান থেকে হবে।