রাজধানীর বেসরকারি আবাসন প্রকল্পগুলোতে প্লট কিনে মালিকানা বুঝে পেতে ক্রেতাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিজ্ঞাপিত মূল্যের বাইরেও বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে ক্রেতাদের। টিআইবির এক গবেষণায় দেখা গেছে, কোনো কোনো ক্ষেত্রে একজন ক্রেতাকে প্রতি কাঠায় সর্বোচ্চ ১৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়তি অর্থ বহন করতে হয়। এই অতিরিক্ত অর্থ মূলত উন্নয়ন ফি, সার্ভিস চার্জ, ইউটিলিটি সংযোগ এবং অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন খাতে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, চুক্তির পর পুনরায় অতিরিক্ত অর্থ দাবি, প্লট হস্তান্তরে দীর্ঘ বিলম্ব এবং পরিশোধিত অর্থ ফেরত না দেওয়ার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালিত ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণায় এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আজ বুধবার সকালে ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত দীর্ঘমেয়াদী এই গবেষণায় রিয়েল এস্টেট কোম্পানি, প্লট ক্রেতা এবং জমির মালিকদের বিস্তারিত সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

টিআইবির গবেষণায় প্লট ক্রয় থেকে মালিকানা হস্তান্ত পর্যন্ত বিভিন্ন খাতের অতিরিক্ত ব্যয়ের একটি খতিয়ান দেওয়া হয়েছে। এতে দেখা যায়, উন্নয়ন ফি বা সার্ভিস চার্জ বাবদ প্রতি কাঠায় ২৫ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। ইউটিলিটি ডিপোজিট বাবদ প্রতি প্লটে ১ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং পানি সংযোগ ও প্রসেসিং ফি বাবদ ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করতে হয়। এছাড়া সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তাঘাট নির্মাণ বাবদ প্রতি কাঠায় ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “বেসরকারি আবাসন খাতের সুশাসনে ব্যাপক ঘাটতি রয়েছে। বিশেষ করে আইনের যথাযথ প্রয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, স্বচ্ছতা, তথ্য প্রকাশ, অংশগ্রহণ ও জবাবদিহির অভাব রয়েছে। এ কারণে আবাসন প্রতিষ্ঠানগুলোর একাংশ অনিয়ন্ত্রিত ও জবাবদিহিহীনভাবে ব্যবসা পরিচালনা করছে। অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা, প্রশাসন ও ইউটিলিটি কর্তৃপক্ষের একাংশের সঙ্গে যোগসাজশে অনিয়ম ও প্রতারণার ঘটনা ঘটছে।”

তিনি আরও বলেন, “অনিয়ম অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আবাসন খাতটি মূলত ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে থাকায় জমির মালিক ও প্লট ক্রেতারা তাঁদের হাতে অনেকটা জিম্মি।” এই খাতের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও প্রভাবশালী গোষ্ঠীর প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, “রাজনৈতিক যোগসাজশ, মধ্যস্বত্বভোগী, ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী গোষ্ঠী এবং প্রশাসনের একাংশের মধ্যে যোগসাজশের ফলে একধরনের ‘মাফিয়াতন্ত্র’ গড়ে উঠেছে। এই গোষ্ঠী নীতিকাঠামোকেও জিম্মি করে ফেলেছে।”

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে ইফতেখারুজ্জামান আরও বলেন, “কিছু প্রভাবশালী আবাসন প্রতিষ্ঠান নিজেদের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশে বাধা দেয়, সাংবাদিকদের ভয়ভীতি দেখায় ও আর্থিক সুবিধা বা প্লট বরাদ্দের প্রলোভন দেখায়। কোনো কোনো ক্ষেত্রে গণমাধ্যমকেও নিজেদের স্বার্থ রক্ষায় ব্যবহার করা হচ্ছে।”

এই সংকট নিরসনে টিআইবির নির্বাহী পরিচালক জানান, আবাসন খাতের অনিয়ম ও ভূমি দখল বন্ধে সরকারকেই নেতৃত্ব দিতে হবে। পাশাপাশি নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। অনিয়মে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

৯ কোটি টাকার বেশি অবৈধ লেনদেন
টিআইবির গবেষণায় উঠে এসেছে যে, ২৫ একর জমিতে একটি আবাসন প্রকল্প গড়ে তুলতে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়মের বাইরে ৪ কোটি ১১ লাখ ৬০ হাজার থেকে ৯ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত লেনদেন হয়। জমির শ্রেণি পরিবর্তন, নামজারি, প্রকল্পের নকশা ও অনুমোদন, জমি ব্যবহারের ছাড়পত্র এবং পরিবেশগত ছাড়পত্র নেওয়ার বিভিন্ন পর্যায়ে এসব অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই প্রক্রিয়ায় এসি ল্যান্ড অফিস, রাজউক, ডিপিডিসি, ওয়াসা, পরিবেশ অধিদপ্তর ও ডিটিসিএর নাম উল্লেখ করা হয়েছে।

চুক্তির পরও বাড়তি অর্থ দাবি
প্লট বিক্রি ও বরাদ্দের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের চিত্র পাওয়া গেছে। অনেক আবাসন প্রতিষ্ঠান চুক্তি সম্পন্ন হওয়ার পর হঠাৎ প্লটের মূল্য বাড়িয়ে অতিরিক্ত অর্থ দাবি করে। ক্রেতা সেই অর্থ দিতে অস্বীকৃতি জানালে প্লট হস্তান্তর বন্ধ রাখার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এছাড়া রেজিস্ট্রেশন সম্পন্ন করা বা মামলা পরিচালনার খরচের অজুহাতেও ক্রেতাদের কাছ থেকে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

জমি অধিগ্রহণে মালিকদের ওপর চাপ
জমি সংগ্রহ ও অধিগ্রহণের ক্ষেত্রে জমির মালিকদের ওপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগের কথা গবেষণায় উঠে এসেছে। ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক জমি দখল, বাজারমূল্যের চেয়ে কম দামে জমি বিক্রিতে বাধ্য করা এবং জমির মূল্য পরিশোধে বিলম্বের মতো বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে।

গবেষণায় ঢাকার জোয়ারসাহারা ও কাঁঠালদিয়া মৌজায় একটি প্রভাবশালী আবাসন প্রতিষ্ঠানের উদাহরণ দেওয়া হয়েছে। ১৯৮৮ সালে ৩০৫ একর জমি নিয়ে প্রকল্প শুরু করে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক যোগাযোগ ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে তা প্রায় ৭ হাজার একরে সম্প্রসারণের অভিযোগ রয়েছে। গবেষণায় বলা হয়েছে, প্রকল্পটির আওতায় প্রায় ৮০০ একর সরকারি খাসজমি, ২১৬ একর ভাওয়াল এস্টেটের জমি এবং নদী, খাল ও জলাশয় অন্তর্ভুক্ত করা হয়। প্রায় ১ হাজার ৪২১ দশমিক ৪৮ একর জমির নিয়ন্ত্রণ পাওয়ার ফলে আনুমানিক ৫০ হাজার থেকে ৮৬ হাজার কোটি টাকা মূল্যের সরকারি ও প্রাকৃতিক সম্পদ ব্যক্তি খাতে স্থানান্তরের অভিযোগ তোলা হয়েছে।

জলাভূমি ভরাট করে প্রকল্প সম্প্রসারণ
আবাসন প্রকল্পের সম্প্রসারণে জলাভূমি, নিচু জমি ও বন্যাপ্রবাহ অঞ্চলের জমি ভরাটের বিষয়টিও সামনে এসেছে। এতে পরিবেশগত ভারসাম্য ও নগরের পানিনিষ্কাশনব্যবস্থা মারাত্মক ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। রাজধানীর হোলান ও আশকোনা এলাকার একটি আবাসন প্রকল্পের উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে ৪৩ একর জমির অনুমোদন থাকলেও প্রায় ২৩০ একর অননুমোদিত জলাভূমি ও নিচু জমি ভরাট করে প্রকল্পের সীমানা বাড়ানো হয়েছে।

ড্যাপ সংশোধনে আবাসন ব্যবসায়ীদের প্রভাব
ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধনের ক্ষেত্রেও আবাসন ব্যবসায়ীদের প্রভাব বিস্তারের বিষয়টি উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ড্যাপ ১৫৮ বার সংশোধন করা হয়। ২০২২-২০৩৫ মেয়াদের ড্যাপ প্রণয়নের এক বছরের মধ্যেই ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এটি পরিবর্তনের জন্য অন্তত চারবার দাপ্তরিক উদ্যোগ নেওয়া হয়, যার মধ্যে দুবার বড় ধরনের সংশোধনী গেজেট প্রকাশিত হয়। ২০২৫ সালের অক্টোবরে ড্যাপের নতুন সংশোধনীর মাধ্যমে ভবনের উচ্চতা দ্বিগুণ করার আইনি সুযোগ তৈরি করা হয় এবং সংরক্ষিত জলাভূমি ও বন্যাপ্রবাহ অঞ্চলকে আবাসনযোগ্য এলাকায় রূপান্তরের বিষয়টিও উঠে এসেছে।

সাশ্রয়ী আবাসনে গুরুত্ব কম
১৫০টির বেশি আবাসন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের বিপণন কার্যক্রম মূলত উচ্চ আয়ের ও বিনিয়োগে সক্ষম ক্রেতাদের লক্ষ্য করে পরিচালিত হয়। বিজ্ঞাপনে বিলাসবহুল জীবনযাপন ও লাভজনক বিনিয়োগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ক্রয়ক্ষমতার উপযোগী সাশ্রয়ী আবাসন নির্মাণে প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক মডেল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি রয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

টিআইবির সুপারিশ
বেসরকারি আবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে টিআইবি বেশ কিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে প্লটের বিজ্ঞাপিত মূল্যের পাশাপাশি উন্নয়ন ফি, ইউটিলিটি চার্জ ও অন্যান্য অতিরিক্ত ব্যয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা। এছাড়া অর্থ ফেরত ও কিস্তি পরিশোধের নীতিমালা স্পষ্টভাবে উল্লেখ করার সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের নিয়ে আন্তঃসংস্থা সমন্বয় প্ল্যাটফর্ম গঠন, তাৎক্ষণিক তথ্য বিনিময় এবং সব আবাসন প্রকল্পের অনুমোদন, নকশা ও ইউটিলিটি-সংক্রান্ত তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার কথা বলেছে টিআইবি।