দেশের আবাসন শিল্পে গুণগত মান ও আস্থার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড (এএমএফএল)। সুপরিকল্পিত নগর পরিকল্পনা, আধুনিক স্থাপত্যশৈলী এবং পরিবেশবান্ধব উদ্যোগের সমন্বয়ে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণে প্রতিষ্ঠানটি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে।

১৯৯৩ সালে আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে আমিন মোহাম্মদ গ্রুপের প্রধান আবাসন অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। সততা ও নিষ্ঠার সাথে তাদের কাজের পরিধিতে যুক্ত হয়েছে নান্দনিক অ্যাপার্টমেন্ট, বিলাসবহুল কন্ডোমিনিয়াম, বাণিজ্যিক ভবন এবং বহুমুখী ব্যবহারের স্থাপনা।

প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলায় এ পর্যন্ত ১১ হাজারের বেশি পরিবারের মানসম্মত আবাসন নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আড়াই কোটি বর্গমিটারের বেশি সফল বাণিজ্যিক পরিসর তৈরির মাধ্যমে গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানটি এক বিশ্বস্ত ডেভেলপার হিসেবে পরিচিতি লাভ করেছে।

রাজধানীর অভিজাত ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের প্রকল্পের ব্যাপক বিস্তার দেখা যায়। গুলশান, বনানী, ধানমন্ডি, মহাখালী, উত্তরা, নিকেতন, সিদ্ধেশ্বরী, মোহাম্মদপুর, মালিবাগ, মগবাজার, বসুন্ধরা আবাসিক এলাকা, কাকরাইল ও মতিঝিলসহ শহরের প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানেই তাদের সম্পন্ন ও চলমান প্রকল্প রয়েছে। আধুনিক স্থাপত্য ও কার্যকারিতার সমন্বয়ে তৈরি এই প্রিমিয়াম আবাসিক ও মেগা বাণিজ্যিক স্থাপনাগুলো নগরীর স্থাপত্যশৈলীতে নতুন মানদণ্ড তৈরি করেছে।

যান্ত্রিক নগরজীবনে কেবল ঘরের সীমানায় সীমাবদ্ধ না থেকে জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভবনে সুপরিকল্পিত প্রবেশ ও নির্গমন পথ, পর্যাপ্ত পার্কিং এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানসিক প্রশান্তির জন্য সবুজের ছোঁয়া রাখা হচ্ছে। এই লক্ষ্যেই বিভিন্ন প্রকল্পে টেকসই পরিবেশবান্ধব উপকরণ, ইনডোর ল্যান্ডস্কেপিং ও ছাদবাগান যুক্ত করা হয়েছে। এছাড়া প্রকল্পের জমির পরিসর অনুযায়ী প্রশস্ত এন্ট্রান্স, খোলা নিচতলা, দ্রুতগতির লিফট, শিশুদের খেলার জায়গা, জিম, সুইমিংপুল, কমিউনিটি স্পেস ও প্রার্থনা কক্ষের মতো সুযোগ-সুবিধা রাখা হয়। ঘনবসতিপূর্ণ শহরে পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করতে ছোট ছোট জমি একত্র করে পরিকল্পিত আবাসন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

নিরাপত্তার বিষয়ে আপসহীন আমিন মোহাম্মদ ফাউন্ডেশন তাদের প্রতিটি প্রকল্পে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের (বিএনবিসি) নিয়ম অনুসরণ এবং ভূমিকম্পপ্রতিরোধী কাঠামোর প্রয়োগ নিশ্চিত করে। উন্নত প্রযুক্তি ও মানসম্পন্ন সামগ্রী ব্যবহারের ফলে ভবনগুলোতে শব্দদূষণ হ্রাস পায় এবং প্রাকৃতিক আলো-বাতাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। বাসিন্দাদের সুরক্ষায় আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বহির্গমনপথ, সিসিটিভি, ইন্টারকম ও প্রশিক্ষিত নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা রাখা হয়েছে। বাণিজ্যিক স্থাপনার ক্ষেত্রেও অগ্নিনিরাপত্তা ও কর্মপরিবেশের উপযোগিতাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়।

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) পালনেও সক্রিয় এই প্রতিষ্ঠান। দুর্যোগকালীন ত্রাণ সহায়তা, মহামারিকালীন জাতীয় তহবিলে অনুদান এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো মেগা অবকাঠামো প্রকল্পে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। ১০ হাজারের বেশি গ্রাহকের আস্থা ধরে রেখে নতুন প্রকল্পগুলোতে ঘোষিত নকশা, আধুনিক প্রযুক্তি, পরিবেশগত ভারসাম্য এবং নিরাপত্তার অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে আবাসন খাতের ভবিষ্যৎ মানদণ্ড নির্ধারণে প্রতিশ্রুতিবদ্ধ আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড।