জমির ‘শেয়ার’ কিনে স্বল্পমূল্যে ফ্ল্যাট পাওয়ার প্রলোভনে পড়ে বিনিয়োগ করে ইতিমধ্যে প্রায় ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর দাবি, এই অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসার কারণে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এই খাতের প্রায় ৫০ হাজার কোটি টাকা আইনি জটিলতা ও মামলার বেড়াজালে আটকে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে।
আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব গুরুতর তথ্য প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে রিহ্যাব অবিলম্বে অনিয়ন্ত্রিত এবং অবৈধ পদ্ধতিতে শেয়ারভিত্তিক ফ্ল্যাট বিক্রির কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে রিহ্যাবের সভাপতি আলী আফজাল একটি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, “সমবায় বা যৌথ উদ্যোগের নামে একশ্রেণির ডেভেলপার জমির শেয়ার বিক্রি করে নির্দিষ্ট আয়তনের ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু বাস্তবে এসব প্রকল্পের বেশির ভাগেরই বৈধ মালিকানা, অনুমোদিত নকশা কিংবা নির্মাণের প্রয়োজনীয় কারিগরি সক্ষমতা নেই।”
রিহ্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শেয়ারভিত্তিক মডেলে নির্মাণাধীন প্রায় ১০০টি ভবন পরিদর্শন করেছে। এই পরিদর্শনে দেখা গেছে, ৯৯ দশমিক ৯৯ শতাংশ ভবনের অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণের ব্যাপক অসংগতি রয়েছে। এসব ভবনে নির্মাণসংক্রান্ত প্রয়োজনীয় শর্তাবলি মানা হচ্ছে না। এছাড়া দক্ষ প্রকৌশলী ও স্থপতির তত্ত্বাবধান ছাড়া নির্মাণকাজ করায় ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয় যে, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জমি ও শেয়ারভিত্তিক আবাসন প্রকল্পে প্রতারণার অভিযোগে আদালতে ১ হাজার ৮২৮টি মামলা বিচারাধীন রয়েছে। এই মামলাগুলোর সাথে প্রায় ৪০ হাজার ক্রেতা এবং প্রায় ১২ হাজার কোটি টাকা জড়িত। অনেক মানুষ তাদের জীবনের সব সঞ্চয় বিনিয়োগ করেও এখন পর্যন্ত ফ্ল্যাট কিংবা অর্থ—কোনোটিই ফেরত পাচ্ছেন না।
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসার সাতটি প্রধান ঝুঁকির কথা তুলে ধরেন রিহ্যাবের সভাপতি আলী আফজাল। প্রথমত, জমির শেয়ার কিনলেই নির্দিষ্ট ফ্ল্যাটের আইনি মালিকানা নিশ্চিত হয় না; বরং একই জমি বা ভবনের বিপরীতে একাধিক ব্যক্তির কাছে শেয়ার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। দ্বিতীয়ত, প্রকল্পের প্রয়োজনীয় অনুমোদন ও নকশা চূড়ান্ত করার আগেই সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে। তৃতীয়ত, দক্ষ স্থপতি ও প্রকৌশলীদের তত্ত্বাবধান না থাকায় ভবনগুলো কাঠামোগতভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
এর পাশাপাশি, আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও নিবন্ধন ফি যথাযথভাবে আদায় না হওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে, যারা আইনি শর্ত মেনে ব্যবসা পরিচালনা করছেন, সেই আবাসন প্রতিষ্ঠানগুলো এই অবৈধ ও স্বল্পমূল্যের অফারের কারণে অসম প্রতিযোগিতার মুখে পড়ছে।
অন্যান্য ঝুঁকির মধ্যে রয়েছে ফ্ল্যাটের বণ্টন, দখল ও নিবন্ধন নিয়ে ক্রেতাদের মধ্যে দীর্ঘমেয়াদি মামলা এবং পারিবারিক বিরোধের সৃষ্টি হওয়া। এছাড়া জমির অবিভক্ত অংশের মালিকানা থাকায় ভবিষ্যতে ব্যাংকঋণ পেতে সমস্যা হবে এবং উত্তরাধিকারীদের মধ্যে জমি ও ফ্ল্যাট বণ্টনের ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে।
এই অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধ করতে এবং ক্রেতাদের স্বার্থ রক্ষায় সরকারের কাছে ছয়টি দাবি পেশ করেছে রিহ্যাব। দাবিগুলোর মধ্যে রয়েছে—জমির শেয়ার বিক্রি করে ফ্ল্যাট দেওয়ার অনিয়ন্ত্রিত চুক্তিভিত্তিক মডেল বন্ধ করে এসব কার্যক্রম আইনের আওতায় আনা; জমির মালিকানা, দায়দেনা, নকশা ও নির্মাণের আইনি অধিকার নিশ্চিত না করে কোনো প্রতিষ্ঠানকে অর্থ সংগ্রহের অনুমতি না দেওয়া এবং শেয়ারভিত্তিক চলমান ভবনগুলোর দ্রুত স্বাধীন কারিগরি ও আইনি নিরীক্ষা করা।
এছাড়া একই জমি একাধিকবার বিক্রি, ভুয়া অনুমোদন প্রদান এবং অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ ও তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি। প্রতিটি প্রকল্পের জমি ক্রয়, নির্মাণ ব্যয় ও কাজের অগ্রগতির স্বচ্ছ হিসাব প্রকাশ এবং আয়কর ও ভ্যাট যাচাইয়ের পাশাপাশি অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলী নিয়োগ বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আলী আফজাল বলেন, “বৈধ যৌথ মালিকানা বা স্বচ্ছ বিনিয়োগের বিরোধী নয় রিহ্যাব। তবে নির্দিষ্ট ফ্ল্যাটের নিশ্চয়তা ও যথাযথ আইনি ভিত্তি ছাড়া যেন কোনো প্রতারণামূলক ব্যবসা পরিচালিত না হয়, সে জন্য সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।” তিনি সতর্ক করে বলেন, এই সংকটের সমাধান না হলে দেশের সামগ্রিক আবাসন খাত ও অর্থনীতি বড় ধরনের ঝুঁকিতে পড়বে।
উক্ত সংবাদ সম্মেলনে রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি আবু খালিদ মো. বরকত উল্লাহ, এ এফ এম ওবায়দুল্লাহ, মো. হারুন অর রশিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।