বাণিজ্য মন্ত্রণালয় ঋণ খেলাপির দায়ে আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সভাপতি আলী আফজালের পদ শূন্য ঘোষণা করেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তটি নিশ্চিত করা হয়। চিঠিটি রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনের ভিত্তিতে আলী আফজালকে ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে অভিযুক্ত করা হয়েছে। ফলে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ২৩(১)(খ) ধারা অনুযায়ী তার সভাপতির পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে গেছে।

আইনের সংশ্লিষ্ট ধারায় উল্লেখ রয়েছে, কোনো ব্যক্তি ঋণখেলাপি হলে বা হালনাগাদ কর, ভ্যাট ও শুল্ক পরিশোধ না করলে তিনি বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। আইন অনুযায়ী, নির্বাচিত হওয়ার পর ঋণ বা করখেলাপি হিসেবে তালিকাভুক্তির ১৮০ দিনের মধ্যে তা পরিশোধ না করলে পদটি শূন্য বলে গণ্য হবে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল নানা অভিযোগ-পাল্টা অভিযোগের মুখে রিহ্যাবের নির্বাচনে সভাপতি পদে জয়ী হন আলী আফজাল। গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান প্রগতিশীল প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩২ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে, সংগঠনটির সাবেক সভাপতি ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের’ ওয়াহিদুজ্জামান ছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, যিনি ১৯৩ ভোট পেয়েছিলেন।