আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব)-এর দৈনন্দিন বা রুটিন কাজ ব্যতীত বোর্ডের সকল সভা এবং অন্যান্য যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। উক্ত চিঠিতে উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষর করেছেন।

মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, রিহ্যাবের সভাপতির বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। এই তদন্তের চূড়ান্ত প্রতিবেদন এবং সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংক, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে নির্বাচিত সদস্যদের বিষয়ে প্রয়োজনীয় প্রতিবেদন না আসা পর্যন্ত রিহ্যাবের রুটিন কাজ ছাড়া অন্য কোনো ধরনের বোর্ড সভা বা সভা-সমাবেশ করা যাবে না।