পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দী জীবন এবং তাঁর বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ সাংবাদিক ইভন রিডলির লেখা একটি নিবন্ধ বর্তমানে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। গত ১৯ নভেম্বর মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরে প্রকাশিত তাঁর সেই নিবন্ধটির শিরোনাম ছিল, ‘কেন আমি আদিয়ালা কারাগারে ইমরান খানের জায়গায় নিজে বন্দী হওয়ার প্রস্তাব দিয়েছিলাম’।
এই নিবন্ধটি প্রকাশের পর পাকিস্তানের রাজনৈতিক সংকটের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক স্পষ্টভাবে সামনে এসেছে। প্রথমত, ইমরান খান নিজের মুক্তির জন্য কোনো আপস করতে রাজি নন, আর ঠিক এই কারণেই তাঁর কারাবাসের জন্য তাঁকেই দায়ী করা হচ্ছে। দ্বিতীয়ত, পাকিস্তানের সুবিধাভোগী বুদ্ধিজীবী শ্রেণি তাঁর এই কঠিন পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলতে চরম অনীহা দেখাচ্ছে।
দক্ষিণ আফ্রিকার সালামমিডিয়া রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে ইভন রিডলি এক অভাবনীয় প্রস্তাব দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে, ইমরান খানের জায়গায় তিনি নিজে কারাগারে যেতে রাজি আছেন, কারণ ইমরানের জরুরি চিকিৎসা প্রয়োজন। তাঁর এই প্রস্তাবটি ছিল সংহতির এক অসাধারণ বহিঃপ্রকাশ।
তবে এই ঘটনাটি একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করেছে। স্বৈরাচারের সামনে মাথা নত না করাকে এখন থেকে কখন রাজনৈতিক ব্যর্থতা হিসেবে গণ্য করা হচ্ছে? আর আপস করে আত্মসমর্পণ করাকেই বা কখন থেকে সবচেয়ে বড় রাজনৈতিক প্রজ্ঞা হিসেবে দেখা হচ্ছে?
পাকিস্তানের কিছু স্বঘোষিত বাস্তববাদী রাজনীতিবিদ ও বিশ্লেষক বর্তমানে ইমরান খানকে পরামর্শ দিচ্ছেন যেন তিনি একগুঁয়েমি পরিহার করেন এবং মুক্তির জন্য সমঝোতায় যান। তাঁদের মতে, প্রয়োজনে দেশ ছেড়ে নির্বাসনে চলে যাওয়া উচিত। ভূমধ্যসাগরীয় অঞ্চলের কোনো বিলাসবহুল বাড়িতে অবসরজীবন কাটানোর পরামর্শ দেওয়া হচ্ছে তাঁকে। এতে ফিল্ড মার্শাল এবং শরিফ ও জারদারি-ভুট্টো পরিবারের রাজনৈতিক অংশীদাররা তাঁদের ক্ষমতা ও সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
এটি এক চমৎকার সমঝোতা! বন্দী মুক্তি পাবেন, আর কারারক্ষীরা পুরো দেশটির নিয়ন্ত্রণ পেয়ে যাবেন। ইমরান খানকে কেবল কয়েকটি বিষয় ছেড়ে দিতে হবে— ২০২৪ সালের ফেব্রুয়ারির নির্বাচনী ফল মেনে নেওয়ার দাবি, জনগণের রায়কে সম্মান করার দাবি এবং পাকিস্তানের সরকার কে পরিচালনা করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার জনগণের হাতে রাখার দাবি।
পাকিস্তানের স্বার্থপর বুদ্ধিজীবীদের কাছে এখন এই দাবিগুলোই অযৌক্তিক বলে মনে হচ্ছে। পাকিস্তানে যাঁরা জনগণের ভোটে নির্বাচিত না হয়েও ক্ষমতা দখল করে রেখেছেন, তাঁদের দেখানো হচ্ছে বিচক্ষণ আলোচক হিসেবে। আর যাঁরা তাঁদের বিরুদ্ধে লড়াই করছেন, তাঁদের বলা হচ্ছে একগুঁয়ে। এমনকি ইমরানের কারাবাসের দায়ও চাপানো হচ্ছে তাঁর নিজের ওপর। অর্থাৎ, যিনি কারাগারে আছেন, তিনিই দায়ী; আর যারা তাঁকে কারাগারে পাঠিয়েছেন, তারা দায়মুক্ত!
এই যুক্তি মেনে নিলে যেকোনো রাজনৈতিক বন্দী তাঁর কারাবাসের জন্য নিজেই দায়ী হয়ে পড়বেন। যারা নির্যাতনকারীদের শর্ত মানতে অস্বীকার করেন, তাঁদের দুর্ভোগের দায়ও হবে তাঁদের নিজেদের। কিন্তু ইতিহাস আমাদের অন্য শিক্ষা দেয়।
১৯৮৫ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসক প্রেসিডেন্ট পি ডব্লিউ বোথা নেলসন ম্যান্ডেলাকে একটি শর্তে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। শর্তটি ছিল, ম্যান্ডেলাকে রাজনৈতিক আন্দোলনের হাতিয়ার হিসেবে সহিংসতা পরিত্যাগ করতে হবে। ততদিনে তিনি দুই দশকেরও বেশি সময় কারাগারে কাটিয়েছেন। মুক্তির সুযোগ তাঁর সামনেই ছিল। তিনি পরিবারের কাছে ফিরে যেতে পারতেন এবং কারাগারের বাইরে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারতেন।
সেই সময়ের বাস্তববাদী পরামর্শকেরা নিশ্চয়ই এই প্রস্তাব গ্রহণের পক্ষে থাকতেন। তাঁদের যুক্তি হতো, একটি শর্তের জন্য আর কতদিন কারাগারে থাকতে হবে? কিছুটা কৌশলগত নমনীয়তা দেখিয়ে মুক্তি পাওয়া গেলে ক্ষতি কী?
কিন্তু ম্যান্ডেলা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে তাঁর মেয়ে জিনজি ম্যান্ডেলা বাবার বক্তব্য জনসমক্ষে তুলে ধরেন। সেখানে একটি কথা ছিল, যা ইমরান খানকে সমঝোতার পরামর্শ দেওয়া সবার পড়া উচিত। ম্যান্ডেলা বলেছিলেন, ‘শুধু স্বাধীন মানুষেরাই আলোচনা করতে পারেন। বন্দীরা কোনো চুক্তিতে যেতে পারেন না।’
ম্যান্ডেলা বুঝতে পেরেছিলেন যে, আলোচনা আর আত্মসমর্পণ এক বিষয় নয়। প্রকৃত আলোচনার জন্য উভয় পক্ষের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা আবশ্যক। কারারক্ষীরা যদি মুক্তির বিনিময়ে একজন বন্দীকে তাঁর সংগ্রামের মূল দাবি ছেড়ে দিতে বাধ্য করেন, তবে সেটি কোনো প্রকৃত সমঝোতা হতে পারে না। ম্যান্ডেলা সমঝোতার বিরোধী ছিলেন না, তবে তিনি এটা মানতে চাননি যে তাঁর প্রতিপক্ষই ঠিক করে দেবে তাঁর আন্দোলন কোন পর্যায়ে গিয়ে থামবে। শেষ পর্যন্ত ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে তিনি মুক্তি পান।
এখন পাকিস্তানের বাস্তববাদী বুদ্ধিজীবীরা যদি ১৯৮৫ সালে ম্যান্ডেলাকে পরামর্শ দিতেন, তবে তাঁরা কী বলতেন? হয়তো বলতেন, আরও পাঁচ বছর কারাগারে থাকার কী প্রয়োজন ছিল? বোথার শর্ত মেনে নিলেই তো মুক্তি পাওয়া যেত! কী ভয়াবহ একগুঁয়েমি! কী অপচয়! কী দায়িত্বজ্ঞানহীন নেতৃত্ব!
অথচ আজ ম্যান্ডেলার সেই প্রত্যাখ্যানকেই সবাই নৈতিক সাহসের উদাহরণ হিসেবে দেখেন। তাহলে ইমরান খানের আপসহীন অবস্থানকে ব্যক্তিগত অহংকার বা একগুঁয়েমি বলা হচ্ছে কেন?
এখানে ম্যান্ডেলার দক্ষিণ আফ্রিকার সঙ্গে বর্তমান পাকিস্তানের পরিস্থিতিকে এক করে দেখা হচ্ছে না। দুই দেশের রাজনৈতিক ইতিহাসও এক নয়। তুলনার মূল জায়গাটি হলো— একজন রাজনৈতিক বন্দী কি নিজের মুক্তির বিনিময়ে সেই জনগণের অধিকার ছেড়ে দেবেন, যে অধিকার আদায়ের সংগ্রামের কারণে তিনি কারাগারে? জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া নির্বাচনী রায় কি ফিরিয়ে দেওয়া হবে? ক্ষমতার পৃষ্ঠপোষকতা, ভয়ভীতি ও দায়মুক্তির যে ব্যবস্থা এই শাসন টিকিয়ে রেখেছে, তা কি নিজে থেকেই ভেঙে পড়বে?
আসলে এই সমঝোতার প্রশ্ন শুধু একজন মানুষের মুক্তির বিষয় নয়; পাকিস্তান কার, সেই প্রশ্নও এর সঙ্গে জড়িত। ইমরান খানও সমালোচনার ঊর্ধ্বে নন, তবে কোনো নেতার রাজনৈতিক ভুলত্রুটি থাকলেই তাঁর সাংবিধানিক অধিকার অস্বীকার করা যায় না। একইভাবে, সব ধরনের সমঝোতাও অসম্মানজনক নয়। ম্যান্ডেলাও শেষ পর্যন্ত বর্ণবাদী সরকারের সঙ্গে আলোচনা করেছিলেন, কিন্তু তার আগে তিনি নিজের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা বিসর্জন দেননি।
তাহলে ইমরান খান আত্মসমর্পণ করলে কী অর্জিত হবে? ফিল্ড মার্শাল এবং তাঁর রাজনৈতিক মিত্ররা কি হঠাৎ জনগণের ভোটের অধিকার মেনে নেবেন? জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া নির্বাচনী রায় কি ফিরিয়ে দেওয়া হবে? ক্ষমতার পৃষ্ঠপোষকতা, ভয়ভীতি ও দায়মুক্তির যে ব্যবস্থা এই শাসন টিকিয়ে রেখেছে, তা কি নিজে থেকেই ভেঙে পড়বে?
আসলে এই সমঝোতার প্রশ্ন শুধু একজন মানুষের মুক্তির বিষয় নয়। পাকিস্তান কার, সেই প্রশ্নও এর সঙ্গে জড়িত। দেশটি কি জনগণের, নাকি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা, রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী এবং ক্ষমতার সুবিধাভোগীদের একটি জোটের? জনগণের নির্বাচিত নেতাকে যদি নিজের রাজনৈতিক অধিকার ও জনগণের রায়ের দাবি ছেড়ে দেওয়ার শর্তে মুক্তি দেওয়া হয়, তবে সেটি সমঝোতা নয়, বরং একটি জাতিকে তার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার দাবি।
এখানেই ইভন রিডলির নিবন্ধের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে আসে— পাকিস্তানের বুদ্ধিজীবী সমাজের ভূমিকা। একজন বিদেশি সাংবাদিক ইমরান খানের জন্য কারাগারে যাওয়ার ঝুঁকি নিতে প্রস্তুত, অথচ পাকিস্তানের বুদ্ধিজীবীরা, এমনকি নিজেদের প্রগতিশীল ও বিপ্লবী বলে পরিচয় দেওয়া ব্যক্তিরাও সামান্য পেশাগত অসুবিধা এড়াতে নীরব থাকছেন। এই বৈপরীত্যই রিডলির বক্তব্যে উঠে এসেছে।
পাকিস্তানে সাধারণ মানুষের মধ্যে প্রতিবাদী মানুষের অভাব নেই। গণতন্ত্র, মানবাধিকার ও সংবিধান নিয়ে সেখানে নিয়মিত সম্মেলন, সেমিনার ও গবেষণা হয়। আন্তর্জাতিক অর্থায়নে নানা প্রকল্পও পরিচালিত হয়। কিন্তু এসব নীতির পক্ষে কথা বলার মতো সাহসী বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের অভাব রয়েছে, বিশেষ করে যখন সেই অবস্থান নেওয়ার কারণে নিজের সুযোগ-সুবিধা হারানোর আশঙ্কা থাকে।
পাকিস্তানের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তিরা অতীতের আন্দোলন ও প্রতিবাদ নিয়ে আলোচনা করতে পছন্দ করেন। কিন্তু রাওয়ালপিন্ডির সেনাপ্রধান এবং তাঁর রাজনৈতিক মিত্রদের অধীনে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে তাঁরা সতর্ক থাকেন।
ম্যান্ডেলা আপস না করায় তাঁকে পাকিস্তানের বুদ্ধিজীবীরা সাহসী বলেন। অথচ ইমরান খান একই ধরনের অবস্থান নিলে তাঁকে একগুঁয়ে বলা হয়। প্রশ্ন হলো, নীতির পরিবর্তন হয়েছে, নাকি সেই নীতির পক্ষে দাঁড়ানোর সাহসটাই হারিয়ে গেছে?
ইতিহাস একদিন পাকিস্তানের শিক্ষিত সমাজের কাছে জানতে চাইবে না, তারা ইমরান খানকে পছন্দ করত, নাকি অপছন্দ করত। ইতিহাস জানতে চাইবে, ক্ষমতাসীনদের সুবিধা ও দায়মুক্তি বিপন্ন হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও তারা জনগণের সার্বভৌম অধিকার রক্ষায় দাঁড়িয়েছিল কি না।
অধ্যাপক জুনায়েদ এস আহমদ একজন পাকিস্তানি শিক্ষাবিদ, আইন ও রাজনীতি বিশ্লেষক এবং লেখক। তিনি ইসলামাবাদে অবস্থিত ইসলাম ও উপনিবেশমুক্তি অধ্যয়ন কেন্দ্রের (সিএসআইডি) পরিচালক।
মিডল ইস্ট মনিটর থেকে নেওয়া। অনুবাদ: সারফুদ্দিন আহমেদ।