পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান কারাবন্দি অবস্থায় নিজের এবং স্ত্রী বুশরা বিবির চিকিৎসার জন্য আকুল আবেদন জানিয়েছেন। সোমবার তিনি ফেডারেল সাংবিধানিক আদালত, সুপ্রিম কোর্ট এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি লেখেন। আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার ২ ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (X) এই চিঠিটি প্রকাশ করেন।

চিঠিতে ইমরান খান উল্লেখ করেন যে, তিনি এই লেখাটি লিখছেন একটি নির্জন কারাকক্ষ থেকে। তিনি লিখেছেন, যাঁদের চিকিৎসার সামর্থ্য নেই, তাঁরা যেন বিনা মূল্যে চিকিৎসা পান, সে জন্য তিনি সারা জীবন হাসপাতাল গড়েছেন। আজ তিনি কেবল নিজের ও স্ত্রীর চিকিৎসা চান। তিনি আরও জানান, ৭০ বছর বয়স পর্যন্ত তাঁর নামে কোনো ফৌজদারি মামলা ছিল না।

রাজনৈতিক নিপীড়ন ও হত্যাচেষ্টার শিকার হয়েও তিনি সব সময় আইনি পথেই লড়াই করেছেন বলে দাবি করেন ইমরান। তবে তাঁর অভিযোগ, সাংবিধানিক সংশোধনীর পর আদালত থেকে প্রতিকার পাওয়ার সুযোগ প্রথমে সংকুচিত হয় এবং পরবর্তীতে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

রাষ্ট্রীয় উপহারসংক্রান্ত তোশাখানার দুটি মামলায় ১৭ বছরের কারাদণ্ডের পর তাঁর জীবন বদলে গেছে বলে তিনি উল্লেখ করেন। মামলাটি ছিল ২০২১ সালের মে মাসে সৌদি যুবরাজের দেওয়া বুলগারির দামি গয়নার সেট নামমাত্র মূল্যে কেনা নিয়ে। ইমরানের অভিযোগ, এই ঘটনার পর কারা কর্তৃপক্ষ তাঁকে দিনে ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন সেলে আটকে রেখেছে।

আদালতের সহায়তাকারী আইনজীবী (অ্যামিকাস কিউরি) সালমান সফদার ১০ ফেব্রুয়ারি সাক্ষাতের সময় লক্ষ্য করেন যে, ইমরানের ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। এই গুরুতর বিষয়টি কর্তৃপক্ষ পরিবার বা আইনজীবীদের জানায়নি। কারাগারের মেডিক্যাল বোর্ড পরিবার ও স্ত্রীর সঙ্গে যোগাযোগ এবং বই ও টেলিভিশন দেওয়ার পরামর্শ দিলেও কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি বলে জানা গেছে।

ইমরান অভিযোগ করেন, কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই কারা কর্তৃপক্ষ তাঁর স্ত্রীর সঙ্গে নির্ধারিত সাপ্তাহিক সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে। এছাড়া আটক বোনদের সঙ্গে সাক্ষাৎ এবং আদালতের আদেশ লঙ্ঘন করে তাঁর ছেলে কাসিম ও সুলাইমানকেও ফোন করতে দেওয়া হচ্ছে না। তিনি জানান, বর্তমানে তিনি বুশরার স্বাস্থ্য নিয়ে অত্যন্ত চিন্তিত।

গত এপ্রিলে বুশরার চোখের রেটিনা বিচ্ছিন্ন হলে চিকিৎসকেরা গোপনে একটি জটিল অস্ত্রোপচার করেন এবং এরপর তাঁকে পুনরায় নির্জন কক্ষে পাঠানো হয়। ইমরান জানান, চলতি মাসে দেখা করার সময় বুশরা আলো সহ্য করতে পারছিলেন না এবং চোখ খুলতেও কষ্ট পাচ্ছিলেন। আরেকটি অস্ত্রোপচার না হলে তিনি চিরতরে দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইমরান উল্লেখ করেন, সুপ্রিম কোর্ট ১৮ আগস্ট তাঁকে দুই দিনের মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর, পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ সেই আদেশ কার্যকর করেনি। তিনি লেখেন, নির্জন কারাবাসে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

আগে তাঁর রক্তচাপ ১৩০ থাকলেও পরে তা ১৫০ ও ১৭০-এ পৌঁছায়। ১০ নভেম্বর রক্তচাপের মাত্রা ১৯২ ও ১৯৩ রেকর্ড করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার (কার্ডিয়াক অ্যারেস্ট) উচ্চ ঝুঁকিতে আছেন এবং তাঁর হৃদ্‌যন্ত্র ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।

৭৪ বছর বয়সী ইমরান আশঙ্কা করেন, বর্তমান শারীরিক অবস্থা তাঁকে এমন এক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে যেখান থেকে তিনি হয়তো আর জীবিত ফিরবেন না। তিনি লিখেছেন, ‘আমি বেঁচে থাকলেই কেবল নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারব।’ মানবিক বিবেচনায় দেরি হওয়ার আগেই সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন এবং দুজনের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।

ইমরানের ছেলে কাসিম ও সুলাইমান এক্সে এই চিঠিটিকে বেদনাদায়ক ও হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন। সুলাইমান তাঁর বাবাকে দ্রুত শিফা হাসপাতালে নেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, ইমরান ২০২৩ সালের ৫ আগস্ট থেকে এবং বুশরা ২০২৫ সালের ১৭ জানুয়ারি থেকে কারাগারে আছেন।

ইসলামাবাদ হাইকোর্ট পরিবার, আইনজীবী ও সহযোগীদের সঙ্গে সপ্তাহে দুবার (মঙ্গলবার ও বৃহস্পতিবার) সাক্ষাতের অনুমতি দিলেও কর্তৃপক্ষ তা সীমিত রেখেছে। সরকার ১৮ আগস্টের আদেশের পর ইমরানকে শিফার বদলে পিমস হাসপাতালে নিয়ে পরে পুনরায় কারাগারে ফেরত পাঠায়।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার হাসপাতালের পথে ও বাইরে পিটিআই কর্মীদের তৈরি নিরাপত্তা পরিস্থিতির জন্য এই পরিবর্তনের কথা বললেও পিটিআই এই দাবি অস্বীকার করেছে। অন্যদিকে, বুশরা বিবির ভাষ্য অনুযায়ী, চিকিৎসকেরা তাঁর চোখে পূর্ণবিকশিত ছানি শনাক্ত করেছেন এবং পুনরায় অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।