পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে। কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর গতকাল রাতে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (পিআইএমএস) চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাঁকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আজ এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে।
বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান। মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইমরান খানের রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল, যার জন্য তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। ওই সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘তাঁর রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল...গত রাতে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।’
অন্যদিকে, ইমরান খানের আইনজীবীদের দাবি, কারাগারে থাকাকালীন তাঁর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে। বিশেষ করে ৭৪ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই কমে গেছে বলে তারা জানিয়েছেন।
উল্লেখ্য, গত আগস্টের পর এই প্রথমবার ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এবং চিকিৎসা শেষে পুনরায় কারাগারে ফিরিয়ে আনার ঘটনা সামনে এল। এর আগে আগস্ট মাসেও তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা দায়ের করা হয়। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন। তাঁর বিরুদ্ধে করা অনেকগুলো মামলার আপিল এখনো বিচারাধীন রয়েছে। তবে ইমরান খান সব সময়ই তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এসব মামলা করা হয়েছে। যদিও পাকিস্তান সরকার এই অভিযোগ নাকচ করেছে।
এদিকে, ইমরান খানের আইনি দল এবং তাঁর স্ত্রীকে কারাগারে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে পাকিস্তানের একটি আদালত। ইমরানের আইনি দল এই তথ্যের কথা জানিয়েছে।