চারিদিকে শুধু গাছ আর গাছ। কোথাও বিশাল বৃক্ষের শীতল ছায়া আর শান্ত জলাশয়, আবার কোথাও ফুটে আছে নানা রঙের ফুল। পাখির কলতানে মিশে থাকে পাতার মর্মর শব্দ। অবিশ্বাস্য মনে হলেও এই সবুজের স্বর্গরাজ্যটি রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত। ইট-পাথরের এই কংক্রিটের নগরীতে এমন সবুজের দেখা পাওয়া এখন বিরল। জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রবেশ করলেই মনে হয়, শহরের ভেতরেই যেন এক টুকরো বনভূমি।

গত ১৩ অক্টোবর উদ্যানের একটি নার্সারিতে কথা হয় মালি আবদুল আলিমের সঙ্গে। দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি এখানে কর্মরত। উদ্যানের গাছপালার বৈচিত্র্য সম্পর্কে জানতে চাইলে তিনি হেসে বলেন, ‘কোন গাছ নেই, তাই বলেন। সব ধরনের গাছই এখানে পাবেন। ঢাকা শহরে এখনো গাছগাছালিতে ভরা এমন একটা জায়গা টিকে আছে।’

আবদুল আলিমের মতো উদ্যানের নিয়মিত কর্মীদের কাছে এই স্থানটি অত্যন্ত পরিচিত। প্রতিদিন এখানে ভিড় করেন অসংখ্য মানুষ। কেউ আসেন গাছপালা দেখতে, কেউবা একটু মানসিক প্রশান্তি ও বিশ্রাম নিতে। শহরের যান্ত্রিক কোলাহল থেকে দূরে কিছুটা সময় কাটাতে তাঁদের এই ছুটে আসা।

রাজধানী ঢাকা ক্রমেই পরিণত হচ্ছে এক বিশাল কংক্রিটের জঙ্গলে। একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন, যার ফলে আশকারা কমে যাচ্ছে গাছপালা, উন্মুক্ত জায়গা ও সবুজের পরিসর। এমন বাস্তবতায় জাতীয় উদ্ভিদ উদ্যান নগরবাসীর জন্য হয়ে দাঁড়িয়েছে এক টুকরো বন। এটি কেবল বিনোদনের জায়গা নয়, বরং উদ্ভিদ সংরক্ষণ, গবেষণা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক অনন্য ভূমিকা পালন করছে।

মিরপুর এলাকার বাসিন্দা সালসাবিল মালিহা তাঁর পাঁচ বছর বয়সী শিশুকে নিয়ে গত ১৩ অক্টোবর ৩০ টাকা প্রবেশ ফি দিয়ে উদ্যানে ঘুরতে এসেছিলেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘ঢাকা শহরে খোলা জায়গার অভাব। তাই মাঝেমধ্যে সন্তানকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসি। শহরের কোলাহলে থাকতে থাকতে খুব বিরক্ত লাগে। এমন প্রকৃতির মধ্যে এলে মনে আলাদা একধরনের শান্তি অনুভব হয়।’

উদ্যান কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এখানে ১ হাজার ৪২ প্রজাতির বীরুৎ, গুল্ম, বৃক্ষ ও জলজ উদ্ভিদ রয়েছে। এর মধ্যে দেশি প্রজাতির গাছ ৫১৩টি এবং বিদেশি প্রজাতির ৫২৯টি। সব মিলিয়ে এখানে গাছের সংখ্যা প্রায় ৮০ হাজার।

রাজধানীর জিরো পয়েন্ট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে মিরপুরে অবস্থিত এই উদ্যানটি বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত। ২০৮ একর আয়তনের এই উদ্যানটি ১৯৬১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। উদ্ভিদ সংরক্ষণই এই উদ্যানের প্রধান লক্ষ্য। এছাড়া উদ্ভিদ ও বন্য প্রাণী নিয়ে গবেষণা ও শিক্ষার সুযোগ তৈরি, বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং পরিবেশদূষণ কমানোও এর অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে নগরবাসীকে সুরক্ষা দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই উদ্যান।

অপরিকল্পিত নগরায়ণের চাপে যখন ঢাকা শহর ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে, তখন এমন একটি উদ্যানের গুরুত্ব আরও বহুগুণ বেড়েছে। তাই এর যথাযথ সংরক্ষণ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক শওকত ইমরান আরাফাত মুক্তকণ্ঠকে বলেন, “দীর্ঘ প্রচেষ্টায় এখন উদ্যানের পরিবেশ ভালো হয়েছে। দলগত কাজ ও নিয়মিত তদারকির কারণে নিরাপত্তার সংকট নেই। নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর সুফল পাচ্ছেন দর্শনার্থীরা।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জশিম উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, একজন মানুষের জন্য সাতটি গাছ প্রয়োজন। অথচ গবেষণায় দেখা গেছে, ঢাকায় সাতজন মানুষের বিপরীতে রয়েছে মাত্র একটি গাছ। ঢাকার উদ্যানগুলোকে ফুসফুসের সঙ্গে তুলনা করা যায়। গাছ শুধু অক্সিজেন দেয় না, পরিবেশের দূষণও কমায়। বহু মানুষের এই শহরে টিকে থাকার ক্ষেত্রে বোটানিক্যাল গার্ডেন বিশেষ ভূমিকা রাখে।

মোহাম্মদ জশিম উদ্দিন আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের গাছ এখানে সংরক্ষণ করা দরকার। সেগুলো ‘মাদারগাছ’ হিসেবে কাজে লাগতে পারে। কারণ, অনেক এলাকার ঐতিহাসিক গাছ হারিয়ে যাচ্ছে।

দেশের বিভিন্ন অঞ্চলের উদ্ভিদের এক বিশাল সংগ্রহশালা এই জাতীয় উদ্ভিদ উদ্যান। প্রকৃতিপ্রেমীদের পাশাপাশি উদ্ভিদবিদ ও শিক্ষার্থীদের গবেষণার জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যানটি মোট ৫৭টি সেকশনে সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে গোলাপ বাগান, মৌসুমি বাগান, ক্যাকটাস হাউস, অর্কিড হাউস, ফার্ন হাউস, শাপলা পুকুর ও পদ্ম পুকুর। এছাড়া রয়েছে ১১টি জলাশয় ও দুটি নার্সারি।

উদ্যান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, মালয়েশিয়া, মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে উদ্ভিদ সংগ্রহ করে এখানে আনা হয়েছে। সেগুলোকে স্থানীয় জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া হয়েছে এবং নিয়মিত বংশবিস্তারের ব্যবস্থাও রয়েছে।

উদ্যানের উল্লেখযোগ্য গাছের মধ্যে রয়েছে আকাশমণি, ম্যাঙ্গিয়াম, বাওবাব, কালো কড়ই, রেইনট্রি, বৈলাম, গামারি, তেলসুর, বুদ্ধ নারকেল, শ্বেতচন্দন, গাব, মেহগনি ও দেবদারু। কোনোটি কাঠের জন্য, কোনোটি ফলের জন্য পরিচিত, আবার কোনোটি ঔষধি কিংবা শোভাবর্ধক বৈশিষ্ট্যের কারণে গুরুত্বপূর্ণ।

এখানে কিছু দুর্লভ প্রজাতির গাছও রয়েছে, যার মধ্যে কামদেব, বাঁশপাতা, নাগলিঙ্গম, লোহাকাঠ ও নাগচম্পা উল্লেখযোগ্য। উদ্যানের পশ্চিম পাশে অবস্থিত ঔষধি গাছের সংগ্রহশালায় বেল, রক্তকম্বল, পাথরবাদাম, ছাতিম, চুলমুগরা, তসবি, রিঠা, খয়ের, অশোকসহ নানা প্রজাতির গাছ রয়েছে।

তবে গাছের প্রজাতির এত বৈচিত্র্য থাকলেও উদ্যানটিতে প্রাকৃতিকভাবে নতুন চারা জন্মানো ও বেড়ে ওঠার সুযোগ সীমিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দুই গবেষকের এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। গবেষকেরা উদ্যানের ১২টি অঞ্চলে জরিপ চালিয়ে ৬১টি গোত্রের ২২০ প্রজাতির গাছের প্রাকৃতিক পুনর্জন্মের অবস্থা পর্যবেক্ষণ করেন। সেখানে মাত্র সাত প্রজাতির গাছের স্বাভাবিকভাবে জন্মানো চারা পাওয়া যায়। প্রজাতিগুলো হলো তেলসুর, হিজল, ধলি গর্জন, তেলি গর্জন, পিদালি, মেহগনি ও বুদ্ধ নারকেল। এর মধ্যে ধলি গর্জনের চারার ঘনত্ব সবচেয়ে বেশি, যা প্রতি বর্গমিটারে ২ দশমিক ৯টি।

বাংলাদেশ জার্নাল অব প্ল্যান্ট ট্যাক্সোনমি সাময়িকীতে ২০২৫ সালে ‘ট্রি ডাইভারসিটি অ্যান্ড রিজেনারেশন পটেনশিয়ালস অব ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন’ শিরোনামে গবেষণাটি প্রকাশিত হয়। জরিপ করা এলাকাগুলোতে দেশি প্রজাতির গাছের হার ৫৭ শতাংশ এবং বিদেশি প্রজাতির হার ৪৩ শতাংশ বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষকদের একজন অধ্যাপক মোহাম্মদ জশিম উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, যেসব এলাকায় মানুষের চলাচল কম, সেখানেই গাছের প্রাকৃতিক পুনর্জন্ম বেশি দেখা গেছে। আবার উদ্যান পরিষ্কার ও পরিচর্যার সময় অনেক চারা সরিয়ে ফেলা হয়। এতে স্বাভাবিকভাবে নতুন গাছ জন্মানোর প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

একসময় জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচিতি ছিল ছিনতাইকারী ও মাদক কারবারিদের আনাগোনার জায়গা হিসেবে। সেখানে যুগলদের ব্ল্যাকমেল করা থেকে শুরু করে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। ২০২৩ সালের জানুয়ারিতে উদ্যানের ভেতর থেকে ফারজানা আফরিন নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার পর পালানোর সময় তাঁর সাবেক স্বামী সাইদুল ইসলামকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন। এর আগে ২০২০ সালের ১৬ জানুয়ারি উদ্যানের লেকপাড় থেকে মো. কাসেম (৩৮) নামের এক বাসচালকের লাশ উদ্ধার করা হয়। তিনি উদ্যানের পাশের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পরিবারের সঙ্গে থাকতেন। এ ছাড়া ২০১৩ সালের ১৮ জুলাই উদ্যানের ফলবাগানের পাশ থেকে অজ্ঞাতনামা এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছিল।

তবে উদ্যানের কর্মকর্তারা বলছেন, গত কয়েক মাসে সেখানে অপরাধের ঘটনা কমেছে। দেয়ালের যেসব অংশ দিয়ে সহজেই ভেতরে প্রবেশ করা যেত, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আনসার ও পুলিশ সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন।

ঢাকায় সবুজের পরিসর কমে যাওয়ার চিত্র উঠে এসেছে বিভিন্ন গবেষণায়। আন্তর্জাতিক সাময়িকী এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস জার্নাল-এ ২০২২ সালে প্রকাশিত ‘প্রেজেন্ট স্ট্যাটাস অ্যান্ড হিস্টোরিক্যাল চেঞ্জেস অব আরবান গ্রিন স্পেস ইন ঢাকা সিটি’ শীর্ষক এক গবেষণায় বলা হয়, ১৯৮৯ সালে ঢাকা শহরের ১৭ শতাংশ এলাকা গাছে আচ্ছাদিত ছিল। ২০২০ সালে তা কমে দাঁড়ায় মাত্র ২ শতাংশে। গবেষণাটি করেছেন ইউনিভার্সিটি অব আরকানসাসের তৎকালীন গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নওশিন নাওয়ার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের রায়হান সরকার, এডিবির সিনিয়র প্রজেক্ট অফিসার (এনভায়রনমেন্ট) ফারহাত জাহান চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মো. মোস্তাফিজুর রহমান।

জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা ইউএনইপির (ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম) নির্দেশিকা অনুযায়ী, একটি শহরের মোট আয়তনের ২৫ শতাংশ সবুজ অঞ্চল থাকা উচিত। ঢাকার বাস্তবতা এর ধারেকাছেও নেই।

এমন পরিস্থিতিতে একটু স্বস্তির খোঁজে জাতীয় উদ্ভিদ উদ্যানে ছুটে আসেন নগরবাসী। বিশেষ করে বিকেল ও ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় বাড়ে। কেউ পরিবার নিয়ে ঘুরতে আসেন, কেউ শিশুদের নিয়ে গাছপালা দেখেন, আবার কেউ একান্তে কিছুটা সময় কাটাতে চান সবুজের মধ্যে।

রাজধানীর ব্যস্ততা, যানজট আর কংক্রিটের ভিড় পেরিয়ে জাতীয় উদ্ভিদ উদ্যানে মানুষ খুঁজে ফেরেন একটু স্বস্তি। কিন্তু এই সবুজ শুধু নগরবাসীর অবসরের আশ্রয় নয়, ঢাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষারও গুরুত্বপূর্ণ ভরসা। সেই ভরসা টিকিয়ে রাখতে হলে উদ্যানটির গাছপালা, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে আরও যত্নবান হতে হবে।