চীনে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের দীর্ঘমেয়াদি প্রচেষ্টা অভাবনীয় সাফল্য বয়ে এনেছে। ১৯৯৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছরের এক গবেষণায় দেখা গেছে, এই সময়ে দেশটির ম্যানগ্রোভ এলাকার মোট আয়তন ১৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বনাঞ্চলের এই ব্যাপক প্রসারের ফলে সেখানে পাখির প্রজাতির সংখ্যা ১৪৮টি থেকে বেড়ে ৩৯৭টিতে পৌঁছেছে। গবেষকদের মতে, চীনের সুনির্দিষ্ট ও কার্যকর নীতিমালা এই ম্যানগ্রোভ সম্প্রসারণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে।

চীনের নিংবো ইউনিভার্সিটির ভূগোল ও স্থানিক তথ্যপ্রযুক্তি বিভাগের পাঁচজন গবেষক এই গুরুত্বপূর্ণ গবেষণাটি পরিচালনা করেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিউয়ার-রিভিউড জার্নাল ‘দ্য ইনোভেশন’-এ, যা সেল প্রেসের একটি অংশীদার, গত অক্টোবর মাসে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। গবেষণার এক চমকপ্রদ তথ্য হলো, আইইউসিএনের হুমকির তালিকায় থাকা পাখির সংখ্যা এই ম্যানগ্রোভ এলাকায় ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত প্রায় অর্ধশতাব্দী ধরে বিশ্বজুড়ে ম্যানগ্রোভ বনের প্রায় এক-তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেছে। এই সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক বিভিন্ন সনদ ও লক্ষ্যমাত্রা অর্জনে চীন সরকার ম্যানগ্রোভ পুনরুদ্ধার ও নতুন বন সৃষ্টির জন্য বিশেষ নীতিমালা ও উদ্যোগ গ্রহণ করে। তবে জলবায়ু পরিবর্তনের এই সময়ে সরকারি নীতিমালার মাধ্যমে বন বৃদ্ধির ফলে জীববৈচিত্র্যের ওপর প্রকৃত প্রভাব কতটা পড়েছে, তা নিয়ে বৈজ্ঞানিক মূল্যায়নের ঘাটতি ছিল। সেই শূন্যতা পূরণ এবং নীতিমালার কার্যকারিতা যাচাই করতেই এই গবেষণাটি চালানো হয়। গবেষণার মূল এলাকা হিসেবে চীনের মূল ভূখণ্ডের পাঁচটি উপকূলীয় প্রদেশ—ঝচিয়াং বা ঝেজিয়াং, ফুতচিয়ান বা ফুজিয়ান, কুয়াংতুং বা গুয়াংডং, কুয়াংসি বা গুয়াংসি ও হাইনান এবং বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাওকে নির্বাচন করা হয়।

তথ্য সংগ্রহের জন্য গবেষকেরা গুগল আর্থ ইঞ্জিন ব্যবহার করেছেন এবং ১৩ হাজার ৩০০টিরও বেশি ল্যান্ডস্যাট স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে ম্যানগ্রোভ এলাকার পরিধি ও ঘনত্ব নির্ণয় করেছেন। পাখির তথ্যের জন্য জিবিআইএফের (GBIF) ই-বার্ড (eBird) ডেটাসেট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সামুদ্রিক পরিবেশ, ফাইটোপ্ল্যাঙ্কটন এবং আবহাওয়ার বিভিন্ন প্যারামিটার বিশ্লেষণ করা হয়েছে।

পাখির বৈচিত্র্যের সঙ্গে ম্যানগ্রোভ এলাকার সম্পর্ক নির্ধারণে রৈখিক সমীকরণ বা লিনিয়ার রিগ্রেশন মডেল ব্যবহার করা হয়েছে। এছাড়া পরিবেশগত বিভিন্ন চালকের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পরিমাপ করতে ‘পার্শিয়াল লিস্ট স্কয়ার পাথ মডেলিং’ (PLS-PM) পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।

গবেষণার পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯৮ থেকে ২০২০ সালের মধ্যে চীনের ম্যানগ্রোভ বনের মোট আয়তন ১০ হাজার ৬১৭ হেক্টর থেকে বেড়ে ২৮ হাজার ১৯৪ হেক্টরে দাঁড়িয়েছে, যা প্রায় ১৬৬ শতাংশ বৃদ্ধি। উপকূলীয় অঞ্চলে রেকর্ড করা পাখির প্রজাতি ১৪৮টি থেকে বেড়ে ৩৯৭টিতে পৌঁছেছে। আইইউসিএনের লাল তালিকাভুক্ত সংকটাপন্ন প্রজাতির পাখির সংখ্যা ১১ থেকে বেড়ে ২১ হয়েছে, যার অর্থ সংকটাপন্ন পাখির সংখ্যা বেড়েছে ৯১ শতাংশ।

গবেষণায় এটি প্রমাণিত হয়েছে যে, ম্যানগ্রোভ বনের এই বৃদ্ধি সরাসরি সামুদ্রিক পরিবেশের মান উন্নত করেছে এবং ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণ নিয়ন্ত্রণ করেছে। এর ফলে খাদ্যশৃঙ্খলের মাধ্যমে পাখির প্রাচুর্য ও প্রজাতির সমৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

চীন সরকারের দীর্ঘমেয়াদি ও লক্ষ্যভিত্তিক পরিকল্পনা এই বন বিস্তারে প্রধান ভূমিকা পালন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০০০ সালের ‘চীন জলাভূমি সংরক্ষণ কর্মপরিকল্পনা’ এবং ২০০৯ সালের সংশোধিত ‘সামুদ্রিক পরিবেশ সুরক্ষা আইন’। এছাড়া ২০২১ সালের ডিসেম্বর মাসে কার্যকর হওয়া ‘জলাভূমি সুরক্ষা আইন’ ম্যানগ্রোভ সুরক্ষাকে একটি শক্তিশালী আইনি কাঠামোর আওতায় এনেছে।

সরকার ও স্থানীয় প্রশাসন মূলত তিনটি কার্যকর পদক্ষেপের মাধ্যমে ম্যানগ্রোভ পুনরুদ্ধার করেছে: প্রথমত, কৃত্রিম উপায়ে চারা রোপণ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বনায়ন; দ্বিতীয়ত, চিংড়ি বা মাছ চাষের ঘের ও পুকুরগুলোকে পুনরায় ম্যানগ্রোভ বনভূমিতে রূপান্তর; এবং তৃতীয়ত, ক্ষতিকর ও আগ্রাসী প্রজাতির কঠোর নিয়ন্ত্রণ।

এর পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চীনের ওই অঞ্চলগুলোতে তাপমাত্রা ও বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে। এটি ম্যানগ্রোভের জন্য একটি উপযোগী প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে, যা চারাগাছ টিকিয়ে রাখতে এবং বনের উত্তরমুখী প্রসারে সহায়ক হয়েছে।

বনের আয়তন ও ঘনত্ব বাড়ার ফলে উপকূলীয় এলাকার পানির মান উন্নত হয়েছে এবং ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণ নিয়ন্ত্রিত হয়েছে। এতে ছোট মাছ, চিংড়ি ও মলাস্কের মতো জলজ প্রাণীর প্রাচুর্য বেড়েছে, যা পাখিদের জন্য নিরাপদ খাদ্য উৎস ও বাসা বাঁধার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করেছে। ফলে ঝাঁকে ঝাঁকে পাখি তাদের পুরনো আবাসস্থলে ফিরে এসেছে।

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল বাংলাদেশের সুন্দরবন বর্তমানে নানা কারণে ঝুঁকিতে রয়েছে এবং সেই ঝুঁকি দিন দিন বাড়ছে। এছাড়া চিংড়ি চাষসহ বিভিন্ন কারণে চকরিয়া অঞ্চলের সুন্দরবন ধ্বংস হয়েছে। বর্তমানে সরকার সুন্দরবন রক্ষা এবং চকরিয়া সুন্দরবন পুনরুদ্ধারের চেষ্টা করছে। গাছ লাগানোর পাশাপাশি উপকূলের পানি ও মাটির মান, ফাইটোপ্ল্যাঙ্কটন এবং খাদ্যশৃঙ্খলের সঠিক মূল্যায়ন করতে বাংলাদেশ চীনের এই সফল অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে।