পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপে পর্যটকদের অবাধ যাতায়াত এবং সেখানে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের খবর আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। সেন্ট মার্টিন ভ্রমণের ক্ষেত্রে ১২ দফার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া থাকলেও পর্যটকেরা তা অমান্য করেই সেখানে যাচ্ছেন। দ্বীপের বালুচরে থাকা শামুক ও ঝিনুক পিষ্ট করছেন পর্যটকরা। এমনকি ফেরার সময় প্লাস্টিকের বোতলে করে শামুক-ঝিনুক সংগ্রহ করে নিয়ে আসছেন তাঁরা। আমরা আশঙ্কা করছি যে, মৌসুমের শুরুতেই পর্যটকদের এই বেপরোয়া কর্মকাণ্ডে শক্তভাবে লাগাম টেনে না ধরা হলে ছেঁড়াদ্বীপের প্রতিবেশ ও জীববৈচিত্র্য স্থায়ী ক্ষতির মুখে পড়বে।
মুক্তকণ্ঠের সংগৃহীত তথ্যানুযায়ী, জাহাজে করে সেন্ট মার্টিনে পৌঁছানোর পর পর্যটকেরা মোটরসাইকেল অথবা ইজিবাইক ব্যবহার করে দিয়ারমাথা সৈকতে পৌঁছাচ্ছেন। সেখান থেকে তাঁরা ভ্রমণনিষিদ্ধ ছেঁড়াদ্বীপে প্রবেশ করছেন। পরিবেশ অধিদপ্তরের স্বেচ্ছাসেবীরা পর্যটকদের নিয়ন্ত্রণে কাজ করলেও তাঁদের সংখ্যা অত্যন্ত সীমিত হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। উপরন্তু, তাঁদের নিষেধ করতে গেলে অনেক পর্যটক স্বেচ্ছাসেবীদের প্রতি মারমুখী আচরণ করছেন বলে জানা গেছে।
বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। তবে বাস্তবতা হলো, ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের আমলে পর্যটনে বিধিনিষেধ আরোপের আগ পর্যন্ত দ্বীপটির প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পর্যটকদের সংখ্যা সীমিত করার ফলে গত দুই বছরে কাছিমের প্রজনন বৃদ্ধিসহ দ্বীপটির পরিবেশের দৃশ্যমান উন্নতি লক্ষ্য করা গেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, পর্যটন ব্যবসার স্বার্থে পরিবেশের বিষয়টি উপেক্ষা করে এবার পর্যটকদের সংখ্যা এবং পর্যটন মৌসুমের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্যটকদের এটি মনে রাখা অত্যন্ত জরুরি যে, সরকারের দেওয়া ১২ দফার শর্ত মেনেই তাঁরা সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তাই আইন মেনে চলা তাঁদের নৈতিক ও আইনি কর্তব্য। সেন্ট মার্টিনে প্রবাল-পাথর সংগ্রহ, কেয়াবন ধ্বংস, গাছ ও ফল কাটা, পরিবেশদূষণকারী বর্জ্য ফেলা এবং ছেঁড়াদ্বীপে যাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক বলেছেন, “সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা বাস্তবায়নে তাঁরা কঠোর অবস্থানে রয়েছেন।” কিন্তু মাঠের বাস্তব পরিস্থিতি এই বক্তব্যের সাথে একেবারেই মেলে না। হাতে গোনা কয়েকজন স্বেচ্ছাসেবী দিয়ে সেন্ট মার্টিন ও ছেঁড়াদ্বীপকে রক্ষা করা সম্ভব নয়। আমরা মনে করি, ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে সরকারকে আরও কঠোর হতে হবে এবং বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সেন্ট মার্টিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন। পাশাপাশি জেলা প্রশাসন ও কোস্টগার্ডকে দ্বীপ রক্ষায় আরও সক্রিয় উদ্যোগ নিতে হবে।