হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো দুটি তাম্রফলক দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে জাতীয় জাদুঘরের সংগ্রহে এসেছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, অষ্টম শতকের মাঝামাঝি সময়ের এই নিদর্শন দুটি পাল রাজবংশের শাসন আমলের হতে পারে। দেশের প্রত্নসম্পদ বিদেশে পাচারের আশঙ্কায় ২০২৪ সালের ২০ ডিসেম্বর বিমানবন্দর কর্তৃপক্ষ এগুলো জব্দ করেছিল।

জাতীয় জাদুঘর থেকে প্রাপ্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউসের একটি নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ ডিসেম্বর ওই যাত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার আনুষ্ঠানিকতা সারছিলেন। নিরাপত্তা তল্লাশির সময় তাঁর লাগেজ স্ক্যান করে কর্মকর্তাদের সন্দেহ হয়। তখন লাগেজের চাবি চাওয়া হলে ওই যাত্রী তা দিতে রাজি হননি, যা কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। যখন কর্মকর্তারা তালা ভাঙার প্রস্তুতি নেন, তখন শেষ পর্যন্ত যাত্রী নিজেই লাগেজটি খুলে দেন।

এরপর ইনভেন্টরি টেবিলে নিয়ে তল্লাশি করা হলে ভেতরে আয়তাকার দুটি ধাতব বস্তু পাওয়া যায়। এভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক) ও কাস্টমস কর্মকর্তারা প্রাথমিকভাবে সেগুলোকে প্রাচীন তাম্রফলক বলে শনাক্ত করেন। ফলক দুটির মোট ওজন প্রায় ১১ কেজি ৫০০ গ্রাম। প্রত্নসম্পদ পাচারের আশঙ্কায় তাৎক্ষণিকভাবে সেগুলো জব্দ করা হয়।

নথির ভাষ্যমতে, ধাতব বস্তুগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে সন্দেহ হওয়ায় কাস্টমস আইন ২০২৩-এর ধারা ১৯১ অনুযায়ী ওই ব্যক্তিকে সাময়িকভাবে আটক করা হয় এবং বিচারিক কার্যক্রমের জন্য ডিটেনশন মেমো (ডিএম) কপি বিচার শাখায় পাঠানোর সুপারিশ করা হয়। তবে ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার ফেরদৌসী মাহবুব ১৭ নভেম্বর মুক্তকণ্ঠকে জানান, ‘প্রত্নতত্ত্বের বিষয়ে আমরা সব সময় সতর্ক থাকি। এ যাত্রীর কাছেও তাম্রফলক পাওয়ায় আমরা সেগুলো জব্দ করি। তবে এগুলো তাঁর পরিবারের হওয়ায় আমরা আইনানুগ ব্যবস্থা নিইনি।’

জব্দের পর ঢাকা কাস্টম হাউস বিশেষজ্ঞ যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেয় এবং ওই বছরের ৩১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় জাদুঘরকে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ৩১ জানুয়ারি জাদুঘরের তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল বিমানবন্দরে গিয়ে ফলক দুটি পরীক্ষা করেন। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ওই বছরের ১৮ ফেব্রুয়ারি বিশেষজ্ঞ দলটি একটি লিখিত প্রতিবেদন জমা দেয়, যেখানে ফলক দুটি জাতীয় জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষণের সুপারিশ করা হয়। একই সাথে সাধারণ দর্শনার্থী ও গবেষকদের জন্য এগুলো উন্মুক্ত করার কথা বলা হয়।

সুপারিশের পর হস্তান্তরের দাপ্তরিক প্রক্রিয়া শুরু হলেও কাস্টম হাউসের কর্মকর্তাদের বদলি ও প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘ সময় আটকে থাকে এই উদ্যোগ। আরেকটি নথি থেকে জানা গেছে, গত বছরের ২৪ জুন কাস্টম হাউস পুনরায় হস্তান্তরের উদ্যোগ নিয়ে জাদুঘরের প্রতিনিধিদের আমন্ত্রণ জানালেও কর্মকর্তাদের বদলির কারণে সেবারও ফলক দুটি বুঝে নিতে পারেনি জাদুঘর।

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের কমিশনার রইচ উদ্দিন খান ১৭ নভেম্বর মুক্তকণ্ঠকে বলেন, ‘তাম্রফলকগুলো পাওয়ার পরপরই আমরা জাতীয় জাদুঘরের সঙ্গে যোগাযোগ করি। চলতি বছরের জুন মাসে সেগুলো নিয়ে যাওয়ার জন্য জাদুঘর কর্তৃপক্ষকে আবার জানানো হলে তারা তাম্রফলকগুলো নিয়ে গেছে। এ ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো বিলম্ব হয়নি। আমরা নিয়মিত যোগাযোগ করে সেগুলো নিয়ে যাওয়ার জন্য তাগাদা দিয়েছি।’

অবশেষে জব্দ হওয়ার প্রায় ২২ মাস পর ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ফলক দুটি জাতীয় জাদুঘরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের কিপার মনিরুল হক এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এম এ মালেক মিলন ফলক দুটি গ্রহণ করে জাদুঘরে নিয়ে আসেন।

জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগ বর্তমানে এই নিদর্শনগুলো নিয়ে প্রাথমিক গবেষণা চালাচ্ছে। কর্তৃপক্ষের ধারণা, সংস্কৃত ভাষায় লেখা এই ফলক দুটি অষ্টম শতকের মাঝামাঝি সময়ের, যখন বাংলায় পাল রাজবংশের শাসন চলছিল। ধারণা করা হচ্ছে, এগুলো সিদ্ধমাতৃকা অথবা প্রাচীন বাংলা লিপির বিকাশপর্বের কোনো লিপিতে লেখা। প্রাথমিক পাঠোদ্ধারে মনে করা হচ্ছে, তাম্রফলক দুটি ভূমিদানের দলিল হতে পারে, কারণ প্রাচীন বাংলায় ভূমিদানের বিবরণ এমন ফলকে লিখে রাখার প্রচলন ছিল। তবে প্রকৃত বিষয়বস্তু নিশ্চিত হতে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন।

জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের কিপার মনিরুল হক ১৬ নভেম্বর দুপুরে মুক্তকণ্ঠকে বলেন, ‘এগুলো নিয়ে গবেষণা চলছে। কাস্টমসের সতর্কতায় রক্ষা পাওয়া এবং বর্তমানে জাতীয় জাদুঘরে সম্পূর্ণ সুরক্ষিত থাকা এই তাম্রফলকগুলোর পাঠোদ্ধার ও গবেষণা সম্পন্ন হলে আমাদের অতীত ইতিহাসের অনেক অজানা অধ্যায় ও গল্প উন্মোচিত হতে পারে।’

মনিরুল হক আরও জানান, এই গবেষণার কাজে বাইরের বিশেষজ্ঞদেরও যুক্ত করা হবে, যাতে ফলক দুটির লিপি, সময়পর্ব ও বিষয়বস্তু সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যায়।