বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের গৌরবময় নিদর্শনগুলোর সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। প্রতিষ্ঠানটি সপ্তাহের প্রতি মঙ্গলবার দিনটিকে ‘চিলড্রেন ডে’ বা শিশু দিবস হিসেবে ঘোষণা করেছে, যার ফলে শিক্ষার্থীরা এখন আরও সহজে জাদুঘরের সংগ্রহশালাগুলো দেখার সুযোগ পাবে।

এই বিশেষ উদ্যোগের আওতায় শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন থেকে বিনা মূল্যে জাতীয় জাদুঘর পরিদর্শনে আসতে পারবে। শুধু প্রবেশাধিকারই নয়, শিক্ষাসফরে আসা শিক্ষার্থীদের জন্য গাইডের মাধ্যমে গ্যালারি পরিদর্শন, হালকা জলখাবার এবং কুইজ প্রতিযোগিতার মতো আকর্ষণীয় আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে। গত সেপ্টেম্বর মাস থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

গত ১১ নভেম্বর বুধবার জাদুঘর পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন প্রশিক্ষক ইকবাল হাসানের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের সঠিক তথ্য ছড়িয়ে দেওয়াই জাতীয় জাদুঘরের অন্যতম প্রধান লক্ষ্য। মঙ্গলবার বিনা মূল্যে প্রবেশের এই সুযোগ এবং শিক্ষাসফরের বিশেষ আয়োজন মূলত তাদের জাদুঘরমুখী করতেই নেওয়া হয়েছে। আমরা চাই, দেশের প্রতিটি প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসুক এবং নিজেদের শিকড়কে কাছ থেকে জানুক।’

প্রতি মঙ্গলবার শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র বা আইডি কার্ড প্রদর্শন করে বিনামূল্যে জাদুঘরে প্রবেশ করতে পারবে। তবে দলগতভাবে আসার ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই স্কুল বা মাদ্রাসার ইউনিফর্ম পরিহিত থাকতে হবে। শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এই সুযোগের আওতায় পড়বে এবং তাদের সাথে আসা শিক্ষকগণও বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন।

শিক্ষার্থীদের জন্য নির্ধারিত গাইড থাকবেন, যারা তাদের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখাবেন। তাঁদের নির্দেশনায় শিক্ষার্থীরা প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন নিদর্শন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এর ফলে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও গৌরবময় ইতিহাস সম্পর্কে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে।

পুরো জাদুঘর পরিদর্শনে সাধারণত দেড় থেকে দুই ঘণ্টা সময় প্রয়োজন হয়। পরিদর্শন শেষ করে সবাই যখন এক জায়গায় জড়ো হবে, তখন শুরু হবে আনন্দ আয়োজন। শিক্ষার্থীদের জন্য পানি, চকলেট, শিঙাড়া ও সমুচাসহ হালকা নাশতার ব্যবস্থা থাকবে। এরপর জাদুঘরে যা দেখা হয়েছে, তার ওপর ভিত্তি করে একটি তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে জাতীয় জাদুঘরের লোগো দেওয়া বিশেষ পানির বোতলসহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

একসাথে সর্বোচ্চ ২৫০ জন শিক্ষার্থী জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবে। যদি শিক্ষার্থীর সংখ্যা ৫০০ বা তার কাছাকাছি হয়, তবে তাদের আনুপাতিক হারে দুটি আলাদা দলে ভাগ করা হবে। প্রথম দলের পরিদর্শন শেষ হলে দ্বিতীয় দল জাদুঘর ঘুরে দেখার সুযোগ পাবে।

আবেদন প্রক্রিয়া: স্কুল বা মাদ্রাসার শিক্ষার্থীরা দলগতভাবে পরিদর্শনে আসতে চাইলে অন্তত এক সপ্তাহ আগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কাছে লিখিত আবেদন করতে হবে। উক্ত আবেদনে কতজন শিক্ষার্থী ও শিক্ষক আসবেন এবং কোন তারিখে পরিদর্শনে আসবেন, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

অভিভাবকদের জন্য নিয়ম: শিক্ষার্থীরা তাদের বন্ধুদের সাথে বা মা-বাবার সাথেও জাদুঘর ঘুরতে আসতে পারবে। তবে শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের জন্য নির্ধারিত প্রবেশমূল্য দিয়ে টিকিট কাটতে হবে।

পার্কিং ব্যবস্থা: জাদুঘর প্রাঙ্গণে সর্বোচ্চ চার থেকে ছয়টি গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে। মূল ফটকের সামনে বাসের জায়গা সীমিত হওয়ায় দূরপাল্লার বাস নিয়ে আসার ক্ষেত্রে শাহবাগের নির্ধারিত স্থান অথবা সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের পার্কিং জোনে আগে থেকেই বাসের ব্যবস্থা করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যাগ ও সামগ্রী সংরক্ষণ: জাদুঘরের ভেতরে বড় ব্যাগ বা খাবার নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের বড় ব্যাগ বা লাগেজ প্রবেশপথের লকারে জমা রাখতে হবে। সাথে শুধুমাত্র মুঠোফোন বা মানিব্যাগের মতো প্রয়োজনীয় ছোট জিনিস রাখা যাবে।

গ্যালারি পরিদর্শনের নিয়মাবলি: গ্যালারির ভেতরে পানি বা খাবার খাওয়া, ছবি তোলা এবং প্রদর্শিত নিদর্শনে হাত দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। শিক্ষাসফরে আসা সকল শিক্ষার্থীকে এই নিয়মগুলো মেনে চলতে হবে।

জাতীয় জাদুঘরে দলগত শিক্ষাসফরের আয়োজন বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে নিম্নোক্ত ঠিকানায়—

১. ইকবাল হাসান, ঊর্ধ্বতন প্রশিক্ষক, জাতীয় জাদুঘর
ফোন: ০১৭১১২৮১২১৩
ই-মেইল: [email protected]

২. ই-মেইল: [email protected]

৩. ওয়েবসাইট: www.bangladeshmuseum.gov.bd

এছাড়া জাতীয় জাদুঘরের ফেসবুক পেজের ইনবক্সের মাধ্যমেও যোগাযোগ করা সম্ভব।