সুইজারল্যান্ড বললেই সাধারণত আমাদের চোখে ভেসে ওঠে বরফে ঢাকা আল্পস পর্বতমালা কিংবা ছবির মতো সুন্দর আলপাইন গ্রামগুলোর দৃশ্য। তবে দেশটির দক্ষিণাঞ্চলের তিসিনো ক্যানটনে এমন এক গিরিখাত রয়েছে, যেখানে শত শত বছর ধরে মানুষ বিশালাকার পাথরের নিচে গুহার মতো আস্তানা বানিয়ে বসবাস করে এসেছে। মাত্র কয়েক শ মিটার প্রস্থ এবং ১২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই দুর্গম এলাকার নাম বাভোনা উপত্যকা। আল্পসের সেই বিপজ্জনক অঞ্চলে, যেখানে খাড়া পাহাড়ের গায়ে রাস্তা এসে হঠাৎ শেষ হয়ে যায়, সেখানে ছড়িয়ে থাকা দানবীয় পাথরগুলোকেই কাজে লাগিয়ে মানুষ টিকে থাকার লড়াই চালিয়েছিল। বন্যা ও ভূমিধসের প্রবল ঝুঁকিপূর্ণ এই উপত্যকায় বর্তমানে স্থায়ী বাসিন্দার সংখ্যা মাত্র ১১ জন।

এই উপত্যকাটির প্রধান আকর্ষণ হলো এর প্রাচীন পাথুরে আশ্রয়কেন্দ্রগুলো, যাকে স্থানীয় ভাষায় বলা হয় ‘স্প্লুই’। পাহাড় থেকে প্রাকৃতিকভাবে খসে পড়া বিশাল পাথরের নিচের ফাঁকা অংশগুলোকে থাকার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। এসব আস্তানার সামনের অংশে ছোট ছোট পাথরের টুকরো দিয়ে দেয়াল তৈরি করা হয়েছে এবং মাঝে বসানো হয়েছে কাঠের দরজা। বাভোনা ও এর আশপাশের এলাকায় চার শতাধিক এমন স্প্লুইয়ের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে প্রাচীনগুলো মধ্যযুগের সময়কার। এই গুহাগুলোর বহুমুখী ব্যবহার ছিল; কোনোটি ব্যবহৃত হতো পনির ও মদ সংরক্ষণে, আবার কোনোটি ব্যবহৃত হতো রুটি বানানোর উনুন কিংবা তাঁত রাখার কাজে। কিছু স্প্লুই এমনকি নেকড়ে ধরার ফাঁদ হিসেবেও ব্যবহৃত হতো। চাষাবাদের জায়গার তীব্র সংকটের কারণে বড় বড় পাথরের ওপরে মাটি স্তূপ করে সবজিবাগান করার অনন্য কৌশলও এখানে দেখা যেত। পরবর্তী সময়ে মানুষ স্থায়ীভাবে বসবাসের জন্য ‘রুস্তিসি’ নামের দোতলা পাথুরে বাড়ি নির্মাণ করে এবং পুরনো গুহাগুলোকে গুদাম বা কাজের জায়গা হিসেবে ব্যবহার করতে শুরু করে।

পাথরের গুহার পাশাপাশি বাভোনা উপত্যকার মানুষের আধুনিক জীবনযাত্রার ধরনও বেশ চমকপ্রদ। ১৯৫০-এর দশকে যখন পুরো সুইজারল্যান্ডজুড়ে জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছিল, তখন বাভোনা উপত্যকার ১২টি পল্লির মধ্যে ১১টি পল্লির বাসিন্দারা ভোট দিয়ে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সংযোগ নিতে অস্বীকৃতি জানান। এর ফলে আজও সান কার্লো ছাড়া বাকি সবকটি পল্লি পুরোপুরি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ১৯৮০-এর দশকে এসে ফ্রিজের জন্য সামান্য সৌরবিদ্যুৎ এবং রান্নার কাজে গ্যাসের ব্যবহার শুরু হলেও, ঘর গরম রাখার জন্য অধিবাসীদের একমাত্র ভরসা এখনো কাঠের চুলাই।

শহুরে কোলাহল এড়িয়ে যাঁরা নির্জনতা পছন্দ করেন, তাঁদের জন্য বাভোনা একটি চমৎকার গন্তব্য হতে পারে। লেক মাজোর থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গিরিখাতে জুরিখ থেকে ট্রেন ও বাসে করে যাওয়া সম্ভব। পুরো উপত্যকাটি ঘুরে দেখার সবচেয়ে কার্যকর উপায় হলো ১৩ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ ‘ট্রান্সহিউম্যান্স ট্রেইল’। ঋতু পরিবর্তনের সাথে সাথে পাহাড়ে গবাদিপশু চরাতে নিয়ে যাওয়ার প্রাচীন রাখালি প্রথাকে বলা হয় ট্রান্সহিউম্যান্স। রাখালদের সেই পুরনো পথ ধরে হেঁটে মন্ডাডা কিংবা ফরোলিওর গুহাগুলো পরিদর্শন করা যায়। অফ সিজনে স্থানীয় দোকানপাট বন্ধ থাকায় পর্যটকদের নিজেদের খাবার সঙ্গে নিয়ে যেতে হয়। বিদ্যুৎহীন রুস্তিসিতে রাত কাটিয়ে পর্যটকেরা আধুনিকতাহীন এক আদিম নির্জনতার প্রকৃত স্বাদ নিতে পারেন।