মানুষের নিয়ন্ত্রণহীন বা অত্যন্ত সীমিত তদারকিতে পরিচালিত স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে জাতিসংঘে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সম্মেলন শেষ হয়েছে। গতকাল শনিবার ছিল এই সম্মেলনের শেষ কার্যদিবস। সম্মেলনের সমাপনী দিনে শতাধিক দেশ আগামী দুই বছরের মধ্যে এই ধরনের অস্ত্রের বিষয়ে নতুন নীতিমালা প্রণয়নের লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।

প্রযুক্তিগতভাবে এই ধরনের অস্ত্রগুলোকে ‘ঘাতক রোবটও’ বলা হয়। বর্তমানে ইউক্রেন, সুদান এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের ‘কনভেনশন অন সার্টেইন কনভেনশনাল উইপন’-এর সদস্যদেশগুলো গত সোমবার থেকে জেনেভায় আলোচনায় বসেছিল। মূলত যুদ্ধক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিধ্বংসী অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করাই এই কনভেনশনের মূল লক্ষ্য।

সম্মেলনে উপস্থিত ঘাতক রোবটের ব্যবহার বন্ধের পক্ষে থাকা দেশ ও প্রতিনিধিরা দ্রুত এই অস্ত্র নিয়ে আইনগতভাবে বাধ্যতামূলক নীতিমালা প্রণয়নের জোরালো আহ্বান জানিয়েছিলেন। প্রায় ১০০টি দেশ এই কঠোর অবস্থানের পক্ষে ছিল। তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইসরায়েলের মতো বড় অস্ত্র উৎপাদনকারী দেশগুলো এই বাধ্যতামূলক নীতিমালার বিরোধিতা করেছে। ফলে আলোচনা প্রক্রিয়া চলমান থাকলেও শেষ পর্যন্ত কোনো আইনগত বাধ্যবাধকতা সম্পন্ন নীতিমালা তৈরি হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

তা সত্ত্বেও, আলোচনা চালিয়ে যাওয়ার যে অঙ্গীকার পাওয়া গেছে, তাকেই একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে অভিহিত করেছেন সম্মেলনে সুইজারল্যান্ডের প্রতিনিধি জুলিয়েন থোয়েনি। অন্যদিকে, অনেক মানবাধিকার সংগঠন এই সমঝোতাকে অপর্যাপ্ত বলে সমালোচনা করেছে। গতকালের আলোচনার ফাঁকে ‘স্টপ কিলার রোবটস’ সংগঠনের নির্বাহী পরিচালক নিকোল ভ্যান রুইজেন বলেন, “আইনগতভাবে বাধ্যতামূলক একটি চুক্তি প্রণয়নে বিলম্ব বেসামরিক মানুষ ও মানবজাতিকে ঝুঁকির মুখে ফেলছে।”