ভারতে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে দমন-পীড়নের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন এই গুরুতর অভিযোগ উত্থাপন করেছে।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) চেয়ারম্যান আসিফ মাহমুদ এক বিবৃতিতে বলেন, “ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাঁদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে। এখন তাঁদের অবৈধভাবে দেশ থেকে বেরও করে দিচ্ছে।”

প্রতিবেদন অনুযায়ী, ভারতের ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে, যা দেশটির ইতিহাসে নাম বাদ দেওয়ার সবচেয়ে বড় ঘটনা। এই সংখ্যাটি প্রায় মেক্সিকোর মোট জনসংখ্যার সমান।

মুসলিমদের নাম বাদ পড়ার অভিযোগ

প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, এই প্রক্রিয়ায় ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নাম তুলনামূলকভাবে বেশি বাদ পড়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে মুসলিমরা ক্রমবর্ধমান বৈষম্য এবং বর্জনমূলক নীতির শিকার হচ্ছেন।

অন্যদিকে, ভারতের নির্বাচন কমিশনের দাবি ভিন্ন। তাদের মতে, ভোটার তালিকা থেকে একই ব্যক্তির একাধিক নাম, মৃত ব্যক্তি, স্থানান্তরিত ব্যক্তি এবং ভোট দেওয়ার অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হচ্ছে। কমিশন আরও জানিয়েছে, ভুলবশত কারও নাম বাদ পড়লে তিনি আপিল করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াটি অবৈধ অভিবাসীদের শনাক্ত করে দেশ থেকে বহিষ্কার করার পৃথক অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে। যদিও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কেউ বিদেশি হয়ে যান, এমন কোনো প্রমাণ নেই।

যুক্তরাষ্ট্রের কমিশনের সদস্য জিন মিলস বলেন, “ভারত সরকার নিজ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও মুসলিম ধর্মাবলম্বীদের নিশানা করে তাঁদেরই দেশ থেকে বের করে দেওয়ার ঘটনা ভয়াবহ এক মাত্রা যোগ করেছে।” তিনি ভারত সরকারকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন।

ভারতের সমালোচনা ও যুক্তরাষ্ট্রের অবস্থান

ইউএসসিআইআরএফ হলো যুক্তরাষ্ট্র সরকারের একটি দ্বিদলীয় সংস্থা, যা বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং নীতিগত সুপারিশ প্রদান করে। তবে এই সুপারিশগুলো মানা বাধ্যতামূলক নয়। ভারতের বিষয়ে সাম্প্রতিক সুপারিশগুলোর প্রেক্ষিতে ওয়াশিংটন এখনো কোনো পদক্ষেপ নেয়নি।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফ-কে পক্ষপাতদুষ্ট বলে পাল্টা অভিযোগ করেছে এবং নয়াদিল্লি বরাবরই এ ধরনের সমালোচনা প্রত্যাখ্যান করে এসেছে। তাদের দাবি, এই মন্তব্যগুলো ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এ বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স ওয়াশিংটনে ভারতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

জাতিসংঘ ভারতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইনটিকে “মৌলিকভাবে বৈষম্যমূলক” বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি সমালোচকদের মতে, ধর্মান্তরবিরোধী আইন মানুষের ধর্মবিশ্বাসের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করছে।

ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিরোধী দল ও শিক্ষার্থীদের অভিযোগ, এই সংশোধনের ফলে মূলত সেই মানুষগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের হিন্দুত্ববাদী বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম। মানবাধিকার বিশেষজ্ঞরা বিক্ষোভ দমনে ভারত সরকারের কঠোর পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন।

গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বিষয়টিকে ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’ বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে, ওয়াশিংটন এ নিয়ে কোনো মন্তব্য করবে না।

জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মোদি সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বৃদ্ধি পেয়েছে। তারা ঘৃণামূলক বক্তব্যের বিস্তার, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব আইন, মুসলিম মালিকানাধীন স্থাপনা ভেঙে ফেলা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং ধর্মান্তরবিরোধী আইনের মতো বিষয়গুলো তুলে ধরেছেন।

নাগরিক অধিকারকর্মীরা মুসলিমদের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের আচরণের সমালোচনা করে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ইসলামবিদ্বেষ বৃদ্ধি পেয়েছে। তারা নথিভুক্ত করেছেন যে, নির্বাচনী প্রচারের সময় রিপাবলিকান নেতাদের মুসলিমবিরোধী বক্তব্য ক্রমে বৃদ্ধি পেয়েছে।

তবে ভারত সরকার সব ধরনের বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, খাদ্য ভর্তুকি ও বিদ্যুতায়ন কর্মসূচিসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক নীতির সুফল সব সম্প্রদায়ের মানুষই সমানভাবে পাচ্ছেন।