ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে বিপুলসংখ্যক নাগরিকের নাম বাদ পড়ার ঘটনা সামনে এসেছে। এর ফলে মুসলিম সম্প্রদায়ের বৈধ ভোটারদের ভোটাধিকার এবং নাগরিকত্বের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা কিংবা নাগরিকত্বের প্রশ্নে হয়রানির শিকার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজ সোমবার এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
উক্ত বিবৃতিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ভারতের দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে, তাদের মধ্যে মুসলিমদের সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে পশ্চিমবঙ্গের যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তথ্যানুযায়ী, বাদ পড়া এই ভোটারদের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলিম।
ছাত্রশিবিরের নেতারা অভিযোগ করে বলেন, বৈধ পরিচয়পত্র এবং প্রয়োজনীয় পারিবারিক নথি থাকা সত্ত্বেও অনেক বাংলাভাষী মুসলিমের নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি তাঁদের কাউকে কাউকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে আখ্যা দিয়ে আটক করা এবং বাংলাদেশে পুশ ইন করার মতো গুরুতর অভিযোগও উঠেছে। সংগঠনটির দাবি, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে ছাত্রশিবিরের শীর্ষ নেতারা আরও দাবি করেন যে, ভারতে মুসলিমদের নাগরিক ও মৌলিক অধিকার সংকুচিত করার এই প্রক্রিয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এটি একটি দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় ও আইনি পরিকল্পনার অংশ। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি), ওয়াক্ফ সম্পত্তি সংশোধনী আইনসহ বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তারা বলেন, বিভিন্ন রাজ্যে গরু জবাই ও গোমাংসের ওপর নিষেধাজ্ঞা, মসজিদ ভেঙে ফেলা এবং মুসলিমদের বাড়িঘর ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। বর্তমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে তারা ‘শনাক্ত করো, বাদ দাও এবং বিতাড়িত করো’ নীতির বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন।
বিবৃতিতে ভারত সরকারের প্রতি জোরালো দাবি জানানো হয়েছে যেন বৈষম্যমূলকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা হয়। সেই সঙ্গে প্রকৃত ও বৈধ ভোটারদের নাম পুনরায় পুনর্বহাল করার এবং বেআইনি আটক ও বাংলাদেশে পুশ ইন বন্ধ করার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে ভারতের সংখ্যালঘু মুসলিমদের মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার সুরক্ষায় জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রশিবির।