সুইজারল্যান্ডের রাজধানী বার্নের রাজপথ এখন বিক্ষোভের কেন্দ্রবিন্দু। নারীর প্রতি বিদ্বেষ দূর করার পাশাপাশি সহিংসতা বন্ধের জোরালো দাবিতে রাজপথে নেমেছেন কয়েক শ পুরুষ। বিক্ষোভকারীদের স্পষ্ট আহ্বান, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

স্থানীয় সময় শনিবার দেশটির পার্লামেন্ট ভবনের সামনে ‘নারীর ওপর সহিংসতার বিরুদ্ধে পুরুষ’ শীর্ষক এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিশেষ করে কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে অনলাইনে নারীর প্রতি বিদ্বেষমূলক প্রবণতা যে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, সেই উদ্বেগের প্রেক্ষিতেই এই প্রতিবাদ। পুরুষতান্ত্রিক মানসিকতার বিপরীতে একটি সুস্থ ও ইতিবাচক সমাজ গড়ে তোলার প্রয়োজনীয়তা থেকেই এই রাজপথ আন্দোলনের ডাক দেওয়া হয়।

তদন্ত ও বিশ্লেষণে দেখা গেছে, নারীদের প্রতি এই ধরনের বিদ্বেষমূলক মনোভাব তৈরিতে ডানপন্থী ‘ম্যানোস্ফিয়ার’-এর বড় ভূমিকা রয়েছে। এটি মূলত একটি অনলাইন ফোরাম, যা পুরুষ আধিপত্যের কথা বলে এবং নারীদের প্রতি ঘৃণা ও বিদ্বেষ উসকে দেয়।

বিক্ষোভের অন্যতম আয়োজক ৪২ বছর বয়সী সমাজকর্মী ক্রিস্টফ গোস্তেলি বলেন, ‘নারী ও সমকামীদের প্রতি সহিংস আচরণের যে সমস্যা বিদ্যমান, তার মূলে আমরা পুরুষেরা। এ কারণে আমাদের প্রতিবাদ জানানো দরকার। আমাদের বলতে হবে, আমরা আর সমস্যার অংশ হতে চাই না। সমাধানের অংশ হতে চাই।’

ক্রিস্টফ গোস্তেলি ‘ম্যানার’ নামক একটি সংগঠনের সঙ্গে যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করেছেন।

এদিকে, জুরিখ বিশ্ববিদ্যালয় এবং সুইজারল্যান্ডের পুরুষ ও বাবাদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘ম্যানকেয়ার’ গত জুন মাসে একটি জরিপ প্রকাশ করেছে। ওই জরিপের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষদের অর্ধেকই পৌরুষ সম্পর্কে অত্যন্ত কঠোর ও আধিপত্যবাদী ধারণা পোষণ করেন। তাঁদের বিশ্বাস, প্রকৃত পুরুষেরা সমাজে ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছেন।

জরিপ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, সহিংসতাকে উসকে দেয় এমন পুরুষতান্ত্রিক ধ্যান-ধারণার বিরুদ্ধে সমাজের প্রতিটি স্তরে আলোচনা করা অত্যন্ত জরুরি। আর এই সচেতনতামূলক আলোচনা শুরু করতে হবে বিদ্যালয় পর্যায় থেকেই।

সুইজারল্যান্ডের বিচারমন্ত্রী বিট জেনস চলতি মাসের শুরুতে নারীদের ওপর অনলাইন সহিংসতার ঝুঁকি নিয়ে আয়োজিত একটি সম্মেলনে অংশ নেন। ২ নভেম্বর তিনি জানান, সুইজারল্যান্ডে সংঘটিত মোট সহিংস অপরাধের পাঁচটির মধ্যে চারটিই পুরুষদের দ্বারা করা হয়। ধর্ষণের ক্ষেত্রে এই হার প্রায় ৯৯ শতাংশ পর্যন্ত।

বিচারমন্ত্রী আরও বলেন, ‘সব পুরুষ এমন নন। তবে আমাদের এটা স্বীকার করতে হবে, প্রায় সব ক্ষেত্রেই অপরাধের সঙ্গে পুরুষেরা জড়িত।’

তিনি আরও উল্লেখ করেন যে, পুরুষের সহিংস আচরণ সাধারণত কাউকে অপমান, হেয় করা বা আঘাত করার মধ্য দিয়ে শুরু হয়। এই ধরনের সহিংসতা বন্ধ করার দায়িত্ব সব পুরুষেরই রয়েছে বলে তিনি মনে করেন।