সুইজারল্যান্ডের জাতীয় ফুটবল দলের অধিনায়ক গ্রানিত জাকা ভুয়া কোভিড-১৯ টিকা সনদ সংগ্রহের স্বীকারোক্তি দেওয়ায় বিপাকে পড়েছেন। নিজের এই সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে এবং দায়িত্ব নিয়ে তিনি চলতি আন্তর্জাতিক উইন্ডোয় সুইস জাতীয় দলের ক্যাম্প থেকে সরে দাঁড়িয়েছেন।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছে সুইস ফুটবল ফেডারেশন। ফেডারেশন ও জাকার যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, নেশন্স লিগের আসন্ন চার ম্যাচে তাকে ছাড়াই খেলবে সুইজারল্যান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জাকা জানান, টিকা নেওয়ার সময় তার মধ্যে ভয় ও সংশয় ছিল। সেই অবস্থায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে তিনি একটি টিকা সনদ সংগ্রহ করেছিলেন।
নিজের সিদ্ধান্তকে ভুল হিসেবে স্বীকার করে জাকা বলেন, ‘এখন পরিষ্কারভাবে বুঝতে পারছি, এই পথ সঠিক ছিল না। এটা ভুল ছিল। আমি দুঃখিত।’
ঘটনাটি ঘটেছিল ২০২২ সালে, তখন আর্সেনালের হয়ে খেলছিলেন জাকা। বর্তমানে বিষয়টি নিয়ে লুসার্নের প্রসিকিউটর অফিস তদন্ত করছে। আগামী সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে। তবে এখনো কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি সুইস অধিনায়ক।
সুইস ফুটবল ফেডারেশনের সভাপতি পিটার নাবেল জানিয়েছেন, জাকা নিজেই বিষয়টি তাদের জানিয়েছেন এবং প্রকাশ্যে দায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলের স্বার্থ বিবেচনা করে এই আন্তর্জাতিক উইন্ডোতে তাকে বাইরে রাখাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছে ফেডারেশন।
সুইজারল্যান্ড এবার নেশন্স লিগে উত্তর মেসিডোনিয়া ও স্কটল্যান্ডের মাঠে খেলবে। এরপর ঘরের মাঠে স্লোভেনিয়া ও আবারও উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে তারা। এই আন্তর্জাতিক উইন্ডো শেষে জাকার পরিস্থিতি আবার পর্যালোচনা করবে সুইস ফুটবল ফেডারেশন।
৩৩ বছর বয়সী জাকা সুইজারল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার। ২০১১ সালে অভিষেকের পর জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫২ ম্যাচ খেলেছেন তিনি। বর্তমানে প্রিমিয়ার লিগের সান্ডারল্যান্ডের হয়ে খেলছেন এই মিডফিল্ডার।