ইসরায়েলের বিপক্ষে পরবর্তী ম্যাচ না খেলার দাবিতে এবার সরাসরি মাঠেই প্রতিবাদ জানালেন ফিলিস্তিন সমর্থীরা। বৃহস্পতিবার ডাবলিনের আভিভা স্টেডিয়ামে অনুষ্ঠিত নেশন্স লিগের ম্যাচে আয়ারল্যান্ড ও অস্ট্রিয়ার মধ্যে সংঘর্ষের সময় গ্যালারি থেকে একের পর এক টেনিস বল ছোড়া হয়, যাতে ফিলিস্তিনের পতাকা এবং ‘#StopTheGame’ লেখা ছিল। এই ঘটনায় রেফারি আলার্ড লিন্ডহাউটকে কয়েক মিনিটের জন্য খেলা থামাতে বাধ্য হতে হয়।

ম্যাচের ১৯ মিনিটে ঘটে এই ঘটনা। তখন ট্রয় প্যারটের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল আয়ারল্যান্ড। মাঠে টেনিস বল পড়তে শুরু করলে রেফারি খেলাটি স্থগিত করেন। প্রায় চার মিনিট পর মাঠ পরিষ্কার হলে খেলা পুনরায় শুরু হয়। প্রতিবাদকারীদের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের নেশন্স লিগ ম্যাচের বিরোধিতা করা। ‘স্টপ দ্য গেম’ প্রচারণার অংশ হিসেবেই টেনিস বলগুলো মাঠে ছোড়া হয়। স্টেডিয়ামের বাইরেও একই দাবিতে বিক্ষোভ দেখানো হয়েছিল।

এরপর প্রায় ৩৫ মিনিটে ফিলিস্তিনের পতাকা হাতে এক ব্যক্তি মাঠে ঢুকে পড়েন। নিরাপত্তাকর্মীরা তাঁকে ধরে মাঠের বাইরে নিয়ে গেলে দ্বিতীয়বারের মতো সংক্ষিপ্ত সময়ের জন্য খেলা বন্ধ থাকে।

আয়ারল্যান্ডের সামনে আগামী ৪ অক্টোবর আবার ইসরায়েলের বিপক্ষে ম্যাচ রয়েছে। নিরাপত্তাজনিত কারণে উয়েফা ম্যাচটি ডাবলিনের বদলে সার্বিয়ার নিরপেক্ষ ভেন্যুতে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের অনুমোদন দিয়েছে। এর আগে ইসরায়েলের বিপক্ষে প্রথম ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আয়ারল্যান্ড গোলকিপার গ্যাভিন বাজুনু। গত ২৭ সেপ্টেম্বর হাঙ্গেরিতে অনুষ্ঠিত সেই ম্যাচে ইসরায়েলকে ৩-০ গোলে হারায় আয়ারল্যান্ড।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটিও শেষ পর্যন্ত জিততে পারেনি আইরিশরা। প্যারটের দুই গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আলেকজান্ডার প্রাস ও মাইকেল গ্রেগোরিচের গোলে সমতায় ফেরে অস্ট্রিয়া। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়ে শেষ হয়।