নিজেদের পরিবেশবান্ধব হিসেবে বিশ্বদরবারে তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালালেও, বাস্তবে ফিলিস্তিনের প্রাকৃতিক পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল। এই ভয়াবহ বাস্তবতার কথা আল-জাজিরায় একটি মতামতধর্মী নিবন্ধে তুলে ধরেছেন গাজার ফিলিস্তিনি লেখক রিফাত ইব্রাহিম। মুক্তকণ্ঠের পাঠকদের জন্য সেই নিবন্ধটি এখানে অনুবাদ করে প্রকাশ করা হলো।

চলতি বছরের জলপাই সংগ্রহের মৌসুম শুরু হয়েছে মাত্র এক মাস। এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং সেনারা প্রায় ৪ হাজার ৫০০টি জলপাইগাছের ক্ষতি করেছে অথবা সেগুলোকে উপড়ে ফেলেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত তারা মোট এক লাখ জলপাইগাছ ধ্বংস করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজার প্রায় ২০ লাখ জলপাইগাছের ৯৭ শতাংশই নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ১৯৬৭ সালে ইসরায়েল যখন গাজা ও পশ্চিম তীর দখল করে, তখন থেকে ২০১০-এর দশক পর্যন্ত তারা ৮ লাখের বেশি জলপাইগাছ ধ্বংস করেছে।

জলপাইগাছ উপড়ে ফেলার সেই বিভীষিকাময় দৃশ্য লেখক রিফাত ইব্রাহিমের স্মৃতিতে এখনো অম্লান। তিনি লিখেছেন, “জলপাইগাছ উপড়ে ফেলার সেই ভয়াবহ দৃশ্য আমার মনে পড়ে যায়। আমার দাদার জলপাইবাগানের গাছগুলো উপড়ে ফেলার দৃশ্য।” যখনই তিনি শোনেন যে জলবায়ু, জীববৈচিত্র্য কিংবা মরুকরণবিষয়ক কোনো আন্তর্জাতিক সম্মেলনে নিজেদের ‘বিশেষ দক্ষতা’ প্রদর্শনের জন্য ইসরায়েল প্রতিনিধিদল পাঠাচ্ছে, তখনই সেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসে। ইসরায়েলিদের দাবি, তারা ‘মরুভূমিকে ফুলে-ফলে ভরিয়ে দিতে’ জানে। কিন্তু লেখক মনে করেন, এই ‘বৃক্ষ হন্তারকেরা’ দীর্ঘদিন ধরে কেবল এই অলীক দাবিটিই প্রচার করে আসছে।

জলপাইগাছ ধ্বংস করাটা ফিলিস্তিনের ভূমির বিরুদ্ধে ইসরায়েলের চালানো এক বৃহত্তর যুদ্ধেরই একটি অংশ। এই যুদ্ধ মূলত ফিলিস্তিনের উদ্ভিদ, মাটি, পানি এবং সামগ্রিক বাস্তুতন্ত্রের ওপর। ১৯৪৮ সালের নাকবার পর থেকে ইসরায়েলের ঔপনিবেশিক নীতি কেবল ভূমি দখল বা মানুষকে উচ্ছেদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; তারা পরিকল্পিতভাবে প্রাকৃতিক পরিবেশের রূপ বদলে দিয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা এই ভূমিতে বসবাস ও চাষাবাদ করে জীবন অতিবাহিত করেছেন, তাদের টিকে থাকার প্রাকৃতিক সক্ষমতাকেও ধ্বংস করে দিয়েছে তারা। অর্থাৎ, নিজেদের পরিবেশবান্ধব হিসেবে জাহির করার বিপরীতে ইসরায়েল ফুলে-ফলে ভরা ফিলিস্তিনকে জ্বালিয়ে-পুড়িয়ে ধ্বংস করেছে।

ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে যখন প্রথম জায়নবাদী অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনে আসতে শুরু করেন, তখন তারা এমন এক ‘মরুভূমি’ দেখতে পান, যা প্রকৃতপক্ষে আগে থেকেই ফুলে-ফলে ভরপুর ছিল। ফিলিস্তিনের ভূমিতে কেবল স্থানীয়দের চাহিদা মেটানোর মতো খাদ্য উৎপাদিত হতো না, বরং প্রতিবেশী অঞ্চলগুলোতেও তা রপ্তানি করা হতো। সেই সময় এসব অঞ্চলের অনেকগুলোই ছিল ওসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। এমনকি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপেও যেত ফিলিস্তিনের কৃষিপণ্য।

তৎকালীন ফিলিস্তিনিরা গম, যব ও ওটস চাষ করতেন এবং জলপাই ও বিভিন্ন ফলের গাছ থেকে ফল সংগ্রহ করতেন। ভূমধ্যসাগরের উপকূলীয় এলাকাগুলো ছিল সবুজে ঘেরা বাগান, যেখানে নানা ধরনের শাকসবজি ও ফল উৎপাদিত হতো। দক্ষিণের শুষ্ক নাকাব মরুভূমিতে বেদুইন গোত্রগুলো ভেড়া, ছাগল ও উটের পাল চরাত, যেখান থেকে তারা মাংস, দুধ ও পশম পেত।

ফিলিস্তিনিরা তাঁদের বসবাসের এলাকার বিভিন্ন বাস্তুতন্ত্রের সঙ্গে একাত্ম হয়ে জীবনযাপন করতেন। জলাভূমি থেকে শুরু করে শুষ্ক মরুভূমি—সবখানেই তারা স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিলেন। প্রকৃতিকে জোর করে বদলে ফেলার চেষ্টা না করে তারা স্থানীয় পরিস্থিতি অনুযায়ী চাষাবাদ করতেন। শুষ্ক এলাকায় খরা সহনশীল স্থানীয় ফসল এবং পানির উৎসের কাছাকাছি উপত্যকায় সেচনির্ভর ফসল ফলাতেন তারা।

অন্যদিকে, ইউরোপ থেকে আসা জায়নবাদী অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের প্রাকৃতিক পরিবেশকে নিজেদের পরিচিত ইউরোপীয় পরিবেশের আদলে বদলে দিতে চেয়েছিলেন। তারা ইউরোপ থেকে বিভিন্ন প্রজাতির গাছ এনে রোপণ করেন, যার মধ্যে ছিল স্টোন পাইন। অনেক ক্ষেত্রে জলপাইগাছসহ স্থানীয় প্রজাতির গাছ উপড়ে ফেলে এসব বিদেশি গাছ লাগানো হয়। তারা জলাভূমি শুকিয়ে ফেলেন এবং নদী-নালার গতিপথ পরিবর্তন করেন। এমনকি মরুভূমির বিস্তীর্ণ এলাকাতেও বন গড়ে তোলার চেষ্টা করেন তারা।

এই ধরনের কর্মকাণ্ড কিছু স্থানীয় বাস্তুতন্ত্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে। এর একটি বড় উদাহরণ হলো ইউক্যালিপটাসের মতো বিদেশি উদ্ভিদ প্রজাতির বিস্তার। এই গাছে খুব সহজেই আগুন ধরে যায়, যার ফলে দাবানলের ঘটনা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এর তীব্রতা।

প্রাকৃতিক পরিবেশ বদলে দেওয়ার পেছনে ইসরায়েলের মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের অস্তিত্বের চিহ্ন মুছে ফেলা। লুট করা ফিলিস্তিনি গ্রামগুলোর ধ্বংসাবশেষের ওপর গাছ লাগানো হয়, যাতে সেই চিহ্নগুলো ঢেকে যায়। ইউরোপীয় আদলে গড়ে তোলা কৃষিব্যবস্থা ফিলিস্তিনিদের শত বছরের পুরনো স্থানীয় কৃষিপদ্ধতিগুলোকে নিশ্চিহ্ন করে দেয়।

জায়নবাদী আক্রমণ কেবল ১৯৪৮ সালের সীমানায় থেমে থাকেনি। ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীর ও গাজা দখল করার পরপরই সেখানে সামরিক শাসন জারি করে, যার আওতায় মানুষ এবং প্রাকৃতিক সম্পদ—উভয়ই চলে আসে। এই প্রক্রিয়ায় পানির ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। অধিকৃত ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতি যত বিস্তৃত হয়েছে, বসতি স্থাপনকারীরা স্থানীয় পানিসম্পদের নিয়ন্ত্রণ তত বেশি নিজেদের হাতে নিয়েছে। বর্তমানে ইসরায়েলের জাতীয় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান মেকোরোত একটি বিস্তৃত পানি সরবরাহব্যবস্থা পরিচালনা করছে।

এই ব্যবস্থার মাধ্যমে ফিলিস্তিনের শহর ও গ্রাম থেকে পানি সরিয়ে ইসরায়েলি বসতিগুলোতে নেওয়া হয়। গ্রীষ্মকালে অবৈধ বসতি স্থাপনকারীদের নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে প্রায়ই ফিলিস্তিনিদের পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পানি চুরির এই ঘটনা ফিলিস্তিনের কৃষি ও বাস্তুতন্ত্রকে বিপর্যস্ত করে তুলেছে।

ভূমি দখলের সঙ্গে কেবল সহিংসতাই জড়িত নয়, বরং মাটির ওপরও চালানো হয়েছে সহিংসতা। বছরের পর বছর ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের জমিতে কীটনাশক ছিটিয়েছেন, যাতে কৃষকরা তাদের জমিতে কাজ করতে না পারে। এছাড়া গাছ ও অন্যান্য উদ্ভিদ পুড়িয়ে দেওয়া এবং উপড়ে ফেলা হয়েছে। অবৈধ বসতি স্থাপনকারীদের নির্মাণকাজ মাটির ক্ষতি করেছে, ফলে ভূমিক্ষয় বেড়েছে।

গাজায় পরিবেশবিনাশের মাত্রা এখন চরম পর্যায়ে। গাজা উপত্যকায় চালানো জাতিগত নিধনমূলক যুদ্ধে কৃষিজমি, গাছপালা, মাটি ও পানির ব্যাপক ক্ষতি হয়েছে। বোমাবর্ষণ ও বুলডোজারের ব্যবহারের কারণে এই ক্ষতি আরও বেড়েছে। ইসরায়েল গাজা উপত্যকার প্রায় ৮৫ শতাংশ ভবন ধ্বংস করেছে, যার ধ্বংসস্তূপের পরিমাণ আনুমানিক ৭ কোটি টন। এতে রয়েছে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ। বোমাবর্ষণের ফলে সিসা, ক্যাডমিয়াম, আর্সেনিক, টাংস্টেন ও অ্যালুমিনিয়ামের মতো ভারী ধাতু ছড়িয়ে পড়েছে। পাশাপাশি টিএনটি, আরডিএক্স ও পারক্লোরেটের মতো বিস্ফোরক রাসায়নিক যৌগও ছড়িয়েছে।

এই বিষাক্ত পদার্থগুলো মাটি ও ভূগর্ভস্থ পানিতে মিশে যাচ্ছে, যার প্রভাব বহু বছর ধরে থেকে যেতে পারে। ভবন ও জমিতে বুলডোজার চালানোর ফলে মাটির উপরের উর্বর স্তর উঠে যাচ্ছে, যেখানে উদ্ভিদ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জৈব পদার্থ ও পুষ্টি উপাদান থাকে। ফলে কৃষিজমির উর্বরতা আরও কমে যাচ্ছে।

এখানে একটি বড় বৈপরীত্য লক্ষ্য করা যায়। ইসরায়েলিরা দাবি করেন, এই ভূমির ওপর তাঁদের প্রাচীন অধিকার রয়েছে; অথচ তাঁরাই সেই ভূমির সবচেয়ে বেশি ক্ষতি ও ধ্বংস করছেন। একজন উপনিবেশবাদীর কাছে ভূমি হলো দখল, মালিকানা প্রতিষ্ঠা ও শোষণের বস্তু। বস্তুগত সুবিধা আদায়ের জন্য ভূমিকে শোষণ করাই ঔপনিবেশিক সম্পর্কের বৈশিষ্ট্য। সেখানে যত্নের কোনো জায়গা নেই, নেই কোনো দায়িত্বশীল অভিভাবকসুলভ মনোভাব বা আত্মিক সম্পর্ক।

ফিলিস্তিনের ভূমি নিয়ে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি হলো—নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বিষ প্রয়োগ করো এবং ধ্বংস করো। এর বিপরীতে ফিলিস্তিনিদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। ১৯৪৮ সাল থেকে ধারাবাহিক হামলা, ধ্বংসযজ্ঞ, সম্পদ লুট ও বঞ্চনার শিকার হয়েও তারা বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন। নতুন করে ঘরবাড়ি গড়েছেন, গাছ লাগিয়েছেন এবং জমি চাষের উপযোগী করেছেন।

লেখকের দাদা হামদান ছিলেন ফিলিস্তিনিদের এই মানসিকতার এক উজ্জ্বল উদাহরণ। চার দশক ধরে তিনি ৮ দুনাম (প্রায় ২ একর) জমির একটি জলপাইবাগানের পরিচর্যা করেছেন, যে বাগান থেকে প্রতি মৌসুমে ১ হাজার ৫০০ কেজি জলপাই তেল উৎপাদিত হতো। ২০০৮ সালের যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার দিয়ে বাগানটি গুঁড়িয়ে দেয়। কিন্তু দাদা হাল ছাড়েননি; লেখকের সহযোগিতায় তিনি আবার জলপাইগাছ লাগান। বাগানটি যখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তখন ২০১৪ সালের যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী সেটি আবারও ধ্বংস করে দেয়।

দাদার কাছে জলপাইগাছগুলো কেবল জীবিকার উৎস ছিল না; তিনি গাছগুলোকে নিজের সন্তানের মতো দেখতেন। বছরের পর বছর যত্নে বড় করে তোলা এসব গাছ ছিল তাঁর কাছে পরিবারের সঙ্গে ভূমির বন্ধনের প্রতীক। ২০১৪ সালে গাছগুলো ধ্বংস হওয়ার ধাক্কা সামলাতে না পেরে এক সপ্তাহের কম সময়ের মধ্যে মারা যান তাঁর দাদা।

পরিবারটি হাল ছাড়েনি। ২০১৫ সালে তারা আবার সেই জমি পুনরুদ্ধার করে জলপাইগাছ লাগানোর উদ্যোগ নেয়। কয়েক মাস ধরে কাজ শেষ করার পর তিন বছর পর গাছগুলোতে ফল ধরে এবং তারা দুই মৌসুম জলপাই সংগ্রহ করতে পারে। কিন্তু ২০২১ সালের যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী আবারও বাগানটিতে বোমা হামলা চালায়। জমিটি এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে সেখানে আর জলপাই চাষ করা সম্ভব ছিল না। বিষাক্ত দূষণ দূর করতে এবং বোমার গর্ত ভরাট করতে অনেক সময় লেগেছিল। তারপরও তারা কিছু অংশে গমের মতো মৌসুমি ফসল চাষ করতে পেরেছিলেন। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েলি সেনাবাহিনী আবারও বাগানটি ধ্বংস করে দেয়।

লেখক বলেন, আজও তিনি সেই জমিতে নতুন করে গাছ লাগাতেন, কিন্তু জমিটি এখন ক্রমাগত সম্প্রসারিত হতে থাকা ইসরায়েলি ‘ইয়েলো লাইন’-এর ওপারে পড়ে গেছে।

ভূমির পরিচর্যার এই আকাঙ্ক্ষা ফিলিস্তিনিদের মনে এত গভীরভাবে প্রোথিত যে বাস্তুচ্যুত মানুষের শিবিরেও এর প্রকাশ দেখা যায়। তাঁবুর সামনে ছোট ছোট বাগান করে তারা পুদিনা, তুলসী ও ফুলের গাছ লাগাচ্ছেন।

ইসরায়েলের এত প্রচার ও পরিবেশবান্ধবতার মুখোশের পরও বিশ্ববাসীর কাছে বিষয়টি ক্রমেই স্পষ্ট হচ্ছে, পবিত্র ভূমিকে কে ফুলে-ফলে ভরিয়ে তুলতে পারে। যারা ধ্বংস করে, বিষ ছড়ায় ও বুলডোজার চালায়, তারা নয়। বরং যারা এই ভূমির শিকড়ে গভীরভাবে প্রোথিত, যারা গাছ লাগায়, ফসল ফলায় ও যত্ন নেয়, তারাই পারে। তারাই এই ভূমির প্রকৃত মালিক।