অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের একটি এলাকায় সশস্ত্র অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার রাতে এই মর্মান্তিক ঘটনার পর ওই নারীর ছেলে এবং নাতিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

প্রত্যক্ষদর্শী এবং ফিলিস্তিনি কর্মকর্তাদের দেওয়া তথ্যানুসারে, ওই এলাকায় সম্প্রতি অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বেশ কয়েকটি বাড়ি দখল করে নিয়েছে।

নিহত ওই নারীর মৃত্যু প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে তারা ওই এলাকায় ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষের কথা উল্লেখ করেছে। তাদের দাবি, ঘটনার শুরুতে একজন ফিলিস্তিনি গাড়ি নিয়ে হামলা চালিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ফিলিস্তিনি ওই নারীর বাড়ির বাইরে একদল অবৈধ বসতি স্থাপনকারী হঠাৎ গুলি চালাতে শুরু করে। নিজেদের জীবন বাঁচাতে ফিলিস্তিনি বাসিন্দারা পাল্টা পাথর ছুড়তে থাকেন। এর পরপরই আরও কিছু অবৈধ বসতি স্থাপনকারী সেখানে এসে ফিলিস্তিনিদের বাড়ি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়।

নিহত ওই নারীর বাড়িটি ছিল ইসরায়েলিদের গুলির মূল লক্ষ্যবস্তু। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁর মাথায় গুলি লাগে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, নিহত নারীর নাম ফাধা ওয়াদহা।

নিহত নারীর ভগ্নিপতি এবং প্রত্যক্ষদর্শী ৬২ বছর বয়সী আহমেদ আরেফ বলেন, ‘আমি তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখি। মাথা থেকে রক্ত ঝরছিল। দেখুন, রাস্তায় তাঁর রক্ত পড়ে আছে।’

উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধের সময় ইসরায়েল পশ্চিম তীর দখল করে নেয়। তারপর থেকে প্রায়ই সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিদের হতাহতের ঘটনা ঘটছে, যা সম্প্রতি আরও প্রকট হয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিশ্বের অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে অবৈধ বলে মনে করলেও ইসরায়েল এই অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে।

ফাধা ওয়াদহার ছেলে আরাফাত তাঁর মায়ের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁর স্ত্রী নামা ফিদহাত জানান, আরাফাত তখন মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত ছিলেন। এই মানসিক অবস্থায় তিনি ভুলবশত বাড়ির উঠানে রাখা এক বসতি স্থাপনকারীর গাড়িতে ধাক্কা দেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় গাড়িতে কেউ ছিলেন না। তবে এর পরপরই বসতি স্থাপনকারীরা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে, যাতে আরাফাতসহ বেশ কয়েকজন আহত হন।

ফিদহাত জানান, আরাফাতকে রামাল্লার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্স থামিয়ে তাঁকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে ভোরের দিকে তাঁদের ছেলেকেও গ্রেপ্তার করা হয়।

বিমর্ষ হয়ে ফিদহাত প্রশ্ন করেন, ‘আমরা কী করেছি? আমরা তো কিছুই করিনি’। তিনি আরও বলেন, ‘এটা আমাদের বাড়ি। ওরা অস্ত্র নিয়ে এসেছে...আমরা নিরস্ত্র ছিলাম, ঘুমিয়ে ছিলাম।’

শাশুড়ির জানাজায় কান্নায় ভেঙে পড়েন ফিদহাত। তিনি জানান, অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ওই এলাকায় আসার পর থেকে তাঁদের ওপর নিয়মিত হামলা চালানো হচ্ছে।

গত মঙ্গলবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের কয়েকজন সাংবাদিক ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে তাঁরা মাটিতে অন্তত পাঁচটি গুলির খোসা পড়ে থাকতে দেখেন। এছাড়া মুখোশ পরিহিত বসতি স্থাপনকারীদের এলাকাটি দিয়ে গাড়ি চালিয়ে যেতেও দেখা যায়।

জর্ডান উপত্যকায় অবস্থিত জেরিকো শহরটি অসলো শান্তিচুক্তির আওতায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কৃষিসমৃদ্ধ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল।

সপ্তাহ দুয়েক আগে জেরিকোর উপকণ্ঠে দিউক আল–তাহতাহ এলাকায় কয়েকটি বাড়িতে বসতি স্থাপনকারীরা প্রবেশ করে। এর ফলে স্থানীয় কিছু ফিলিস্তিনি বাসিন্দা তাঁদের নিজেদের বাড়িতে প্রবেশে বাধার সম্মুখীন হন এবং শহরে বসতি স্থাপনকারীদের হামলার আশঙ্কা বৃদ্ধি পায়।

এ এলাকার অবৈধ বসতি স্থাপনকারীদের প্রতিনিধিত্বকারী এবং তাদের কয়েকটি পরিবারকে জেরিকোতে আবাসন ব্যবস্থা করে দেওয়া বেনিয়ামিন কাউন্সিল দাবি করেছে যে, বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের কাছ থেকে আটটি বাড়ি কিনে নিয়েছে।

তবে জেরিকোর ফিলিস্তিনি গভর্নর হুসেইন হামায়েল এই দাবি নাকচ করে বলেন, জমিগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন। তাই ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য আইনগতভাবে এসব জমি কেনা সম্ভব নয়। এই বক্তব্যের সমর্থনে তিনি রয়টার্সকে জমির একটি নথিও প্রদর্শন করেন।

মঙ্গলবার রাতের ঘটনা সম্পর্কে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, একদল ফিলিস্তিনি গাড়ি নিয়ে একটি ইসরায়েলি গাড়ির দিকে দ্রুত এগিয়ে গিয়ে ধাক্কা দেয়। তাদের দাবি, ফিলিস্তিনিরা গাড়ি থেকে নেমে শুরুতে ইসরায়েলিদের ওপর হামলা করেন, যার প্রতিক্রিয়ায় বসতি স্থাপনকারীরা গুলি চালায়। এই ঘটনায় ইসরায়েলি ও ফিলিস্তিনি—উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেছে।