নেশনস লিগের আগামী দুই ম্যাচকে ঘিরে আয়ারল্যান্ড ও ইসরায়েলের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তাপ বাড়ছে। আয়ারল্যান্ড ফুটবল দলের কোচ হেইমির হলগ্রিমসনের বিতর্কিত মন্তব্যের পর ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) তীব্র প্রতিবাদ জানিয়েছে। একই সময়ে, ১৬০-এর বেশি আইরিশ ক্রীড়াবিদ জাতীয় দলকে ইসরায়েলের বিরুদ্ধে খেলতে না করার আহ্বান জানিয়েছেন।

আগামী ২৭ সেপ্টেম্বর হাঙ্গেরির দেব্রেচেনে এবং ৪ অক্টোবর সার্বিয়ার বাক্কা টোপোলায় এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। নিরাপত্তা ঝুঁকি ও স্থানীয় পরিস্থিতির কারণে মূল ভেন্যুর বাইরে এই ম্যাচগুলো আয়োজন করা হচ্ছে। বিশেষ করে আয়ারল্যান্ডের 'হোম' ম্যাচটি সম্পূর্ণ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে।

ম্যাচ নিয়ে অস্বস্তি প্রকাশ করে কোচ হলগ্রিমসন জানান, দলের কোনো খেলোয়াড়ই এই ম্যাচগুলো খেলতে স্বচ্ছন্দ বোধ করছেন না। এরপর তিনি আরও সরাসরি বলেন, ‘আমরা গণহত্যার সঙ্গে খেলছি না, গণহত্যার বিরুদ্ধে খেলছি।’

তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলি সংস্থাটির তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। তারা হলগ্রিমসনের বক্তব্যকে 'মূর্খতা, অজ্ঞতা ও ভণ্ডামি' বলে আখ্যা দিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে, কোচের বিরুদ্ধে উয়েফার কাছে অভিযোগ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (FAI) এখন পর্যন্ত ইসরায়েলি সংস্থার বক্তব্যের কোনো জবাব দেয়নি।

এদিকে, ম্যাচ বয়কটের দাবি আরও জোরালো হচ্ছে। 'আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন' নামক একটি সংগঠনের খোলা চিঠিতে ১৬০ জনের বেশি ক্রীড়াবিদ স্বাক্ষর করেছেন। তাদের আহ্বান, জাতীয় দলের খেলোয়াড়রা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ দুটিতে অংশ না নিন।

এই বিতর্ক নতুন নয়। গত বছর FAI-র সদস্যরা উয়েফার প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে প্রস্তাবে পক্ষে ভোট দিয়েছিলেন। ভবিষ্যতের ড্রয়ে দুই দলকে আলাদা রাখার অনুরোধও করেছিল আইরিশ ফুটবল কর্তৃপক্ষ। তবে উয়েফা সেই আবেদন নাকচ করে জানায়, এ ধরনের সিদ্ধান্ত সাধারণত দুই দেশের মধ্যকার সরাসরি সংঘাত ও নিরাপত্তাঝুঁকির মতো বিষয় বিবেচনা করে নেওয়া হয়।

ফলে মাঠের খেলা শুরুর আগেই আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচ দুটি নিয়ে চাপ বাড়ছে। একদিকে প্রতিযোগিতার বাধ্যতামূলক নিয়ম, অন্যদিকে কোচ, ক্রীড়াবিদ ও সমর্থকদের একটি অংশের প্রবল আপত্তি। এই জটিল পরিস্থিতির মধ্যেই ২৭ সেপ্টেম্বর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দুই দল।