আন্তর্জাতিক পরীক্ষার প্রস্তুতিমূলক পাঠদানকারী শিক্ষকদের জন্য বিশেষ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়াভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ফাস্টফ্লোআপ টেকনোলজিস লিমিটেড। বাংলাদেশে প্রথমবারের মতো নেওয়া প্রতিষ্ঠানটির এই নতুন উদ্যোগটির নাম দেওয়া হয়েছে ‘ফ্লোটিচ’ (FlowTeach)। এই প্রতিযোগিতার মাধ্যমে আইইএলটিএস, পিটিই, জিআরই, জিম্যাট ও টোফেলের শিক্ষকদের নিজেদের পাঠদানের দক্ষতা প্রদর্শনের এক অনন্য সুযোগ করে দেওয়া হবে।

এর আগে প্রতিষ্ঠানটি ‘ফ্লোট্যাংক’, ‘এসডিএলসি’ ও ‘জব রেডি প্রোগ্রাম’-এর মতো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে। এবার শিক্ষকদের মেধার স্বীকৃতি দিতে সেরা তিন বিজয়ীর জন্য মোট এক লাখ টাকার পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

আয়োজকদের দাবি অনুযায়ী, বাংলাদেশের টেস্ট-প্রিপারেশন শিক্ষকদের জন্য এটি একটি বিশেষ ধরনের প্রতিযোগিতা। সাধারণত শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য নানা আয়োজন করা হলেও, শিক্ষকদের নিজস্ব দক্ষতা, সৃজনশীলতা ও পাঠদান পদ্ধতির স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষকদের নির্দিষ্ট বিষয়ের ওপর ভিডিও লেকচার তৈরি করে জমা দিতে হবে। বিচারকদের মূল্যায়ন, পাঠদানের দক্ষতা, উপস্থাপনার মান এবং বিষয়বস্তুর গুণগত মানের পাশাপাশি সাধারণ মানুষের ভোটের সমন্বয়ে সেরা প্রতিযোগীদের নির্বাচন করা হবে। চূড়ান্ত পর্যায়ে সেরা তিন শিক্ষক মোট এক লাখ টাকার পুরস্কার পাবেন।

তরুণ প্রজন্মকে কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে ফাস্টফ্লোআপ এর আগে পাঁচ দিনব্যাপী ‘জব রেডি প্রোগ্রাম’ আয়োজন করেছিল। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল প্রার্থীদের বাস্তব কর্মপরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং হাতে-কলমে কাজ শেখার সুযোগ তৈরি করা।

পাঁচ দিনের এই কর্মসূচির প্রথম দিনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। পরবর্তী চার দিন অংশগ্রহণকারীরা ফাস্টফ্লোআপের নিজস্ব কার্যালয়ে সরাসরি প্রশিক্ষণ পান। বিশেষ করে কোয়ালিটি কন্ট্রোল (কিউসি) অ্যানালিস্ট হিসেবে কাজের ধরন, বাস্তব কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কাজগুলো কীভাবে সম্পন্ন করতে হয়, সে সম্পর্কে তাঁরা হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন। প্রথাগত প্রশিক্ষণের বাইরে গিয়ে অংশগ্রহণকারীদের বাস্তব কাজের পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়াই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

২০২৫ সালে ফাস্টফ্লোআপ উদ্ভাবনী ধারণাভিত্তিক প্রতিযোগিতা ‘ফ্লোট্যাংক ২০২৫’ আয়োজন করে। এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তাগুলো তুলে ধরার সুযোগ করে দেয় প্রতিষ্ঠানটি। মাত্র এক সপ্তাহের মধ্যে বুয়েট, বিইউপি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০০টির বেশি নিবন্ধন জমা পড়ে। প্রাথমিক বাছাইয়ের পর সেরা পাঁচটি দল ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে অংশ নেয়।

এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ফিনিশ দ্য জুস’ দল। বিজয়ীরা এক লাখ টাকা পুরস্কারের পাশাপাশি নিজেদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ডিজিটাল পণ্যে রূপ দেওয়ার সুযোগ পায়। এর মাধ্যমে তরুণদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে ফাস্টফ্লোআপ।

ফ্লোট্যাংকের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি চালু করে ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফসাইকেল (এসডিএলসি)’ প্রোগ্রাম। এর উদ্দেশ্য ছিল তরুণ প্রযুক্তিবিদদের কেবল তাত্ত্বিক প্রশিক্ষণ নয়, বরং বাস্তব সফটওয়্যার উন্নয়নের অভিজ্ঞতা প্রদান করা। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই প্রোগ্রামে ২৪ জন প্রার্থীকে নির্বাচন করা হয়। নির্বাচিতরা একটি প্রযুক্তিপণ্য তৈরির সম্পূর্ণ প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাইকেলে সরাসরি কাজ করেন। প্রোডাক্ট পরিকল্পনা, ডিজাইন, ডেভেলপমেন্ট এবং টেস্টিংসহ বিভিন্ন ধাপে অংশগ্রহণের মাধ্যমে তাঁরা একটি পূর্ণাঙ্গ প্রোডাক্ট সাইকেল সম্পন্ন করেন এবং পণ্য উন্নয়নের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও, শিক্ষকদের নিজস্ব দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শনের প্রতিযোগিতামূলক সুযোগ তুলনামূলকভাবে সীমিত। এই বাস্তবতাকে সামনে রেখেই ‘ফ্লোটিচ’-এর মাধ্যমে শিক্ষকদের জন্য একটি বিশেষ প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায় ফাস্টফ্লোআপ। এখানে অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি উদীয়মান শিক্ষকেরাও নিজেদের পাঠদানের দক্ষতা প্রদর্শন, বৃহত্তর পরিসরে পরিচিতি অর্জন এবং পেশাগত স্বীকৃতি লাভের সুযোগ পাবেন। বিশেষ করে আইইএলটিএস, পিটিই, জিআরই, জিম্যাট ও টোফেলের মতো আন্তর্জাতিক পরীক্ষার প্রস্তুতিতে যুক্ত শিক্ষকদের দক্ষতা ও কার্যকর পাঠদান পদ্ধতিকে সামনে আনা এবং তাঁদের স্বীকৃতি প্রদান করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

অস্ট্রেলিয়াভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ফাস্টফ্লোআপ টেকনোলজিস লিমিটেড বাংলাদেশেও তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল উদ্ভাবন, ব্র্যান্ডিং এবং শিক্ষাপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে কাজ করছে। প্রতিষ্ঠানটির শিক্ষাপ্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম ‘ফ্লোয়ি’র (Flowy) সঙ্গে যুক্ত এই নতুন উদ্যোগ ‘ফ্লোটিচ’। এর মাধ্যমে দেশের টেস্ট-প্রিপারেশন শিক্ষক সমাজের জন্য একটি বিশেষ প্রতিযোগিতামূলক মঞ্চ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া শিক্ষকদের জন্য ফাস্টফ্লোআপ রাখছে বিনা মূল্যে অস্ট্রেলিয়া থেকে টেসল (TESOL) প্রশিক্ষণ পাওয়ার সুযোগ।

জব রেডি প্রোগ্রামের মাধ্যমে তরুণদের কর্মমুখী দক্ষতা, ফ্লোট্যাংকের মাধ্যমে উদ্ভাবনী চিন্তার বিকাশ, এসডিএলসির মাধ্যমে বাস্তব প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং এবার ফ্লোটিচের মাধ্যমে শিক্ষকদের প্রতিভার স্বীকৃতি—এই চার উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশে মেধা, দক্ষতা ও নতুন সম্ভাবনা তৈরিতে কাজ করছে ফাস্টফ্লোআপ।

ফ্লোটিচ প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন।