শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে গুগলের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকারে গুগলের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসির আঞ্চলিক প্রধান কাইলি গার্ডনার (Kyle Gardner)-এর নেতৃত্বে প্রতিনিধিদলটি উপস্থিত ছিলেন। এছাড়াও গুগল ফর এডুকেশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিশেষ প্রকল্পের প্রধান টিম পাওলিনি (Tim Paolini) এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান এই বৈঠকে যোগ দেন।
প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। বৈঠকে মন্ত্রীর কাছে শিক্ষা ব্যবস্থার কৌশলগত অগ্রাধিকার ও বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। এরপর ‘গুগল এডুকেশন’-এর কার্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, জেমিনাই (Gemini) একাডেমি এবং ক্রোমবুকস সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তারা ভবিষ্যতে বাংলাদেশের সাথে এই ক্ষেত্রগুলোতে সহযোগিতার সম্ভাবনা নিয়েও কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, "বর্তমান সরকার শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমরা বৈশ্বিক চাহিদার সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে কাজ করছি। এক্ষেত্রে গুগলের সহযোগিতার সুযোগ রয়েছে।"
তিনি আরও বলেন, "আমাদের শিক্ষা ব্যবস্থায় তথ্য-প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর ব্যবহার বৃদ্ধি করতে হলে আমাদের শিক্ষকদেরকেও এ বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। এজন্য আমরা ‘ওয়ান টিচার ওয়ান, ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বারোপ করেছি। সরকারের এই উদ্যোগগুলোর ক্ষেত্রেও গুগল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ছাড়াও আমাদের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কন্টেন্ট ডেভেলপমেন্ট প্রভৃতি ক্ষেত্রেও গুগলের সহযোগিতার সুযোগ রয়েছে।"