দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল শিক্ষা কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করতে ৮ কোটি ৭৫ লাখ টাকার কৌশলগত বিনিয়োগ অর্জন করেছে দেশীয় শিক্ষাপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘শিখো’। প্রতিষ্ঠানটি এই বিনিয়োগের অর্থ ব্যবহার করে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে ডিজিটাল পাঠ উপকরণ সরবরাহ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ বৃদ্ধিতে কাজ করতে চায়।

জাতীয় শিক্ষাক্রমের আলোকে বাংলা মাধ্যম শিক্ষার্থীদের জন্য মানসম্মত পাঠ উপকরণ তৈরির পূর্ব অভিজ্ঞতা রয়েছে শিখোর। প্রতিষ্ঠানটি এখন সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শহর ও গ্রামের শিক্ষকদের হাতে এমন সব ডিজিটাল উপকরণ পৌঁছে দিতে আগ্রহী, যা তাঁরা সরাসরি শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

এই বিনিয়োগের পেছনে রয়েছে এসটিএস গ্রুপের বেশ কয়েকটি ব্যবসায়ী পরিবারের সদস্যদের ব্যক্তিগত অর্থায়ন। উল্লেখ্য, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) এবং গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল এসটিএস গ্রুপের শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত। এর পাশাপাশি সিঙ্গাপুরের খ্যাতনামা ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘ওয়েভমেকার পার্টনার্স’ও তাদের আগের ধারাবাহিকতা বজায় রেখে নতুন করে বিনিয়োগ করেছে।

শিখোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন বিনিয়োগের ফলে আন্তর্জাতিক পুঁজির পাশাপাশি দেশের শিক্ষা খাতের অভিজ্ঞ বিনিয়োগকারীদের জ্ঞান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের সুসম্পর্ককে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রযুক্তি সহযোগী হিসেবে নিজেদের কার্যক্রম আরও প্রসারিত করতে এই বিনিয়োগ বড় ভূমিকা রাখবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন পেশাদার প্রশিক্ষণকেন্দ্রগুলোর সঙ্গেও যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীর চৌধুরী বলেন, ‘আমরা কীভাবে শিখি, কীভাবে কাজ করি, এমনকি আমাদের পক্ষে কী করা সম্ভব, এআই তা বদলে দিচ্ছে। সামনের দিনে সরাসরি শেখা আর ডিজিটাল মাধ্যমে শেখা আরও কাছাকাছি আসবে। শিক্ষক তাঁর অভিজ্ঞতা নিয়ে আসবেন, প্রযুক্তি তাঁকে সহায়তা করবে। এভাবেই শ্রেণিকক্ষ থেকে ক্যাম্পাস, ক্যাম্পাস থেকে কর্মক্ষেত্র পর্যন্ত শেখার ধারাটা এক সুতায় গাঁথা হবে।’