মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগল বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে। ‘ব্যাক টু স্কুল’ প্রোগ্রামের আওতায় এক বছরের জন্য বিনামূল্যে ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ এবং চ্যাটবট জেমিনির প্রো সংস্করণ ব্যবহারের সুযোগ পাচ্ছেন দেশের শিক্ষার্থীরা। শুক্রবার (২১ আগস্ট) এই সুবিধাটি বিশ্বব্যাপী উন্মুক্ত করা হয়।
এই প্রস্তাবের অধীনে শিক্ষার্থীরা গুগলের জেমিনি এআই মডেল ব্যবহার করতে পারবেন। এতে সাধারণ ব্যবহারকারীদের তুলনায় দ্বিগুণ ব্যবহারের সীমা থাকবে। পাশাপাশি তারা ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গুগল এআই প্রো এবং ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশনে।
বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এর জন্য শিক্ষার্থীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। সাথে থাকতে হবে নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র বা ভর্তির প্রমাণপত্র।
সুবিধাটি নেওয়ার প্রক্রিয়াটি সহজ। প্রথমে ব্রাউজারে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে লগইন করে ‘Google One Student Page’-এ যেতে হবে। সেখানে ‘Get Student Offer’ বাটনে ক্লিক করে দেশ হিসেবে Bangladesh সিলেক্ট করতে হবে। এরপর শিক্ষার্থীর নাম এবং বিশ্ববিদ্যালয়ের নাম লিখতে হবে। এরপর শিক্ষার্থী আইডি বা সর্বশেষ সিমেস্টার ফি পরিশোধের পে স্লিপের ছবি আপলোড করে সাবমিট করতে হবে। সব প্রমাণপত্র যাচাই করার পর গুগল কয়েক মিনিটের মধ্যে সুবিধাটি নিশ্চিত করবে।
অফারটি সম্পূর্ণ বিনামূল্যে হলেও, এটি সক্রিয় করার জন্য একটি ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড যুক্ত করতে হবে। শিক্ষার্থীরা যেকোনো ব্যাংক থেকে ডুয়াল-কারেন্সি ডেবিট বা ক্রেডিট কার্ড (পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করা) অথবা ভার্চুয়াল ডলার কার্ড ব্যবহার করতে পারেন। তবে এই ১২ মাসের ট্রায়ালে কার্ড থেকে কোনো টাকা কাটা হবে না বলে জানিয়েছে গুগল।
জেমিনি প্রো হলো গুগলের তৈরি সবচেয়ে শক্তিশালী এআই মডেলগুলোর একটি। এটি দ্রুত ও নির্ভুল তথ্য প্রদান করে। কোডিং, তথ্য বিশ্লেষণ, কঠিন গাণিতিক সমস্যা সমাধান এবং জটিল ধারণাগুলোকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে এই মডেল সাহায্য করে। ফলে শিক্ষার্থীরা সহজেই অ্যাসাইনমেন্ট, প্রতিবেদন, উপস্থাপনা, কুইজ এবং বিভিন্ন বিষয়বস্তুর খসড়া তৈরি করতে পারবেন।