বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের সহায়তায় অনলাইন ‘বেসিক আইইএলটিএস’ এবং ‘রোড টু হায়ার স্টাডি কোর্স-২০২৬’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ। স্বল্পমূল্যে এই কোর্সটি পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি, যার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র দেড় হাজার টাকা।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) ছাত্রশিবিরের ভেরিফাইড ফেসবুক পেজ এবং তাদের মাসিক প্রকাশনা ‘ছাত্র সংবাদ’-এ এই উদ্যোগের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

যেসব শিক্ষার্থী এই কোর্সে অংশ নিতে আগ্রহী, তারা নির্দিষ্ট অনলাইন লিংকের (https://cdachrm.com/campaign/basic-ielts-course-2026/apply) মাধ্যমে আবেদন করতে পারবেন।

ছাত্রশিবিরের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে এই কোর্সের পাঠদান শুরু হবে। তবে আগ্রহী শিক্ষার্থীদের নিবন্ধনের শেষ তারিখ আগামী ২৭ অক্টোবর পর্যন্ত। কোর্সের ক্লাসগুলো জুম প্ল্যাটফর্মে সরাসরি অনুষ্ঠিত হবে। সপ্তাহে তিন দিন—শনিবার, সোমবার এবং বুধবার রাত ৯টায় এই ক্লাসগুলো নেওয়া হবে বলে জানানো হয়েছে।

পুরো আইইএলটিএস কোর্সে মোট ২৪টি ক্লাসের পরিকল্পনা করা হয়েছে। দুই মাস মেয়াদী এই কোর্সের প্রতিটি ক্লাসের সময়কাল হবে এক ঘণ্টা। এছাড়া উচ্চশিক্ষার সামগ্রিক প্রস্তুতি এবং বিদেশে পড়াশোনার বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে চারটি বিশেষ সেশন আয়োজন করা হয়েছে। প্রতিটি বিশেষ সেশনের সময়কাল হবে দুই ঘণ্টা। শিক্ষার্থীদের সুবিধার্থে এই সেশনগুলোর ভিডিও রেকর্ডিংও প্রদান করা হবে।

কোর্সটির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার নাঈম হোসেন। তিনি ব্রিটিশ কাউন্সিলের সাবেক প্রশিক্ষক এবং আইইএলটিএস পরীক্ষায় তার ব্যান্ড স্কোর ৮ দশমিক ৫। কোর্সটি যারা সফলভাবে সম্পন্ন করবেন, তাদের জন্য সনদপত্র প্রদান করা হবে।