গোপালগঞ্জের সহিংসতা নিয়ে দেশজুড়ে যে আলোচনা চলছিল, তা এক রাতেই মোড় নিল নড়াইলের সহিংসতার দিকে। গোপালগঞ্জে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহিংসতা দমনে সরকার বল প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছিল এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে মাঠে থাকার আহ্বান জানিয়েছিল। বল প্রয়োগ না করার এই সিদ্ধান্তে সরকার সফল হয় এবং নাগরিক সমাজের অনেকের কাছ থেকে প্রশংসা পায়।

তবে রাজনৈতিক কর্মসূচির কারণে সেই প্রশংসার রেশ দীর্ঘস্থায়ী হয়নি। রাজনৈতিক কর্মসূচি বলতে সাধারণত সাংগঠনিক তৎপরতা বোঝায়, কিন্তু তার বদলে যখন প্রতিশোধপরায়ণ বা প্রতিহিংসামূলক প্রতিক্রিয়া প্রধান হয়ে ওঠে, তখন পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেওয়াটাই স্বাভাবিক। নড়াইলের ঘটনায় আদতে সেটিই ঘটেছে। তবে সেই সহিংসতার চেয়েও তা নিয়ে প্রোপাগান্ডার রাজনীতি এখানে ভিন্ন এক বাস্তবতা তৈরি করেছে। বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে কেন্দ্র করে এই প্রোপাগান্ডা চালানোয় নতুন ঝুঁকি তৈরি হয়েছে।

গোপালগঞ্জের সহিংসতা এবং নড়াইলের সহিংসতার মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে। গোপালগঞ্জের ঘটনায় আওয়ামী লীগ যুক্ত ছিল, আর নড়াইলের সহিংসতার জন্য অভিযুক্ত বিএনপি। এছাড়া দুই ঘটনার কারণও ভিন্ন। নড়াইলের সহিংসতার পেছনে আওয়ামী লীগ কর্তৃক বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিক্রিয়া পাওয়া গেছে। অন্যদিকে, গোপালগঞ্জের সহিংসতার কারণ হিসেবে আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী, ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার পথ প্রস্তুত করার কর্মসূচি চালানো হচ্ছিল। যদিও নাগরিক সমাজে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনাকে ফেরাতে আওয়ামী লীগ কেন সহিংস কর্মসূচি বেছে নিল? তবে সেটি ভিন্ন আলোচনার বিষয়।

বিবিসি বাংলা, মুক্তকণ্ঠ, ডেইলি স্টার এবং সমকালসহ দেশের মূলধারার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের সহিংস কর্মসূচির প্রতিবাদে নড়াইলেও বিএনপি নেতা-কর্মীরা শোডাউন করেন। সেই শোডাউন কালিয়া পৌরসভার আওয়ামী লীগ-অধ্যুষিত গ্রাম বেন্দারচরে পৌঁছায়। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ফলে আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার ঢাকা থেকে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেখ ফরিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সেখানে যান। তাঁদের প্রস্থানের পর বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত ওই গ্রামে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।

সরেজমিনে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই হামলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৬০-৭০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িও ছিল। বেন্দারচর গ্রামে মূলত মুসলিম সম্প্রদায়ের বসবাস, সেখানে কোনো হিন্দু পরিবার নেই। গ্রামটি থেকে প্রায় চার কিলোমিটার দূরে বড় কালিয়া গ্রামের হিন্দু-অধ্যুষিত এলাকা ঘোষপাড়া। হামলাকারীরা কেবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ ঘোষের বাড়িটিকেই লক্ষ্যবস্তু করেছিল; পাড়ার অন্য কোনো বাড়িতে হামলা হয়নি। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের অফিশিয়াল পেজে প্রকাশিত নিন্দাবার্তায় সংখ্যালঘুদের ওপর হামলার কথা উল্লেখ করা হয়নি। কিন্তু আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন প্ল্যাটফর্ম, পেজ ও অ্যাকটিভিস্টরা একের পর এক অপপ্রচার চালান যে, নড়াইলের সহিংসতায় সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন। কেউ কেউ তো এক কাঠি এগিয়ে সোশ্যাল মিডিয়ায় সংখ্যালঘু নিধন ও গণহত্যার কথা বলে উত্তেজনা ছড়িয়ে দেন। এমনকি দুই হিন্দু কিশোরীকে অপহরণের ভুয়া দাবি করা হয়। এআই (AI) দিয়ে তৈরি করা ছবিতে দেখা যায়, আগুনের পাশে বসে আহাজারি করছেন সংখ্যালঘু নারী—এমন ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া সয়লাব হয়ে যায়।

এই অপপ্রচার চরম আকার ধারণ করে ভারতীয় কিছু মিডিয়ায়, যেমন এবিপি আনন্দ, রিপাবলিকান বাংলা, নিউজএইটিন বাংলা এবং এই সময়। সেসব মিডিয়া এবং বিজেপি নেতা ও অ্যাকটিভিস্টদের প্রচারণা দেখে মনে হতে পারে, গত কয়েক দশকে বাংলাদেশে যত সংখ্যালঘু নিধন হয়েছে, তার চেয়ে বেশি ঘটেছে নড়াইলে। সোশ্যাল মিডিয়া ও ভারতীয় মিডিয়ার এমন ভূমিকায় তৈরি হওয়া গণ-আতঙ্কে নাগরিক অধিকার ও সংখ্যালঘু সুরক্ষা নিয়ে সচেতন মানুষও বিভ্রান্ত হয়ে পড়েন।

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ মূলধারার সংবাদমাধ্যমের প্রতিবেদনের অপেক্ষায় থাকেন। অনেকের প্রশ্ন, মূলধারার সংবাদমাধ্যমগুলো কেন দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারল না? তারা দ্রুত খবর প্রকাশ করলে কি গুজব বা প্রোপাগান্ডা এতটা ছড়াতে পারত?

এর উত্তরে জানা প্রয়োজন, মধ্যরাত থেকে শুরু হওয়া সংঘবদ্ধ অপপ্রচারের ফলে মূলধারার সংবাদমাধ্যমগুলো কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিল। স্থানীয় প্রতিনিধিরা সাধারণত জেলা শহরে থাকেন, আর ঘটনাস্থল কালিয়া উপজেলা নড়াইল শহর থেকে ২৫ কিলোমিটার দূরে। ফলে মধ্যরাত পর্যন্ত চলা ঘটনায় পরদিন সকালে সরেজমিনে প্রতিবেদন করা, তা ঢাকায় পাঠানো এবং সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে প্রকাশ করার ক্ষেত্রে চ্যালেঞ্জ ছিল। অন্যদিকে, যারা গুজব বা প্রোপাগান্ডা ছড়ায়, তাদের ঘটনাস্থলে যাওয়ার বা প্রকৃত ছবি-ভিডিও ধারণ করার প্রয়োজন হয় না। সংবাদমাধ্যমের মতো কোনো দায়বদ্ধতাও তাদের নেই। নিজেদের স্বার্থে তারা দ্রুত অসত্য তথ্য প্রচার করেন। নড়াইলের ঘটনাতেও তাই ঘটেছে। মূলধারার সংবাদমাধ্যমগুলো এই চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবে, তা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।

আমরা দেখলাম, টানা কয়েকদিন ধরে চলা গোপালগঞ্জের সহিংসতাকে ছাপিয়ে গেল নড়াইলের ঘটনা। নড়াইলে আওয়ামী লীগের সাবেক এমপিসহ নেতা-কর্মীদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কীভাবে হয়ে গেল সাম্প্রদায়িক সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর হামলা!

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য, অতিরঞ্জন ও প্রোপাগান্ডার মাধ্যমে ঘটনার চরিত্র কীভাবে বদলে দেওয়া যায়, তার বড় কেস স্টাডি হতে পারে নড়াইলের এই সহিংসতা। পোস্ট-ট্রুথ পলিটিকসের কিছু পরিভাষা দিয়ে এটি ব্যাখ্যা করা যায়। যেমন ‘ন্যারেটিভ হাইজ্যাকিং’ বা বয়ান ছিনতাই: যেখানে মূল ঘটনার প্রকৃত কারণ আড়াল করে পরিকল্পিতভাবে একটি মনগড়া গল্পকে মূল আলোচনায় বসিয়ে দেওয়া হয়। নড়াইলের ঘটনায় প্রোপাগান্ডা ও ফেক নিউজের ধরন দেখলে স্পষ্ট হয় যে, প্রকৃত ঘটনা আড়াল করে ভিন্ন বয়ান তৈরির জোরালো প্রচেষ্টা ছিল।

সমাজবিজ্ঞানী ডব্লিউ আই টমাসের ‘টমাস থিওরেম’ অনুযায়ী, ‘মানুষ যখন কোনো পরিস্থিতিকে (তা গুজব বা মিথ্যা হলেও) সত্য বলে সংজ্ঞায়িত করে, তখন রাজনৈতিক ও সামাজিক ফলাফলের বিচারে সেটিই বাস্তব হয়ে দাঁড়ায়।’ দেশি-বিদেশি ফ্যাক্ট চেকাররা সরব হওয়ার আগে নড়াইলে সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা বয়ান প্রতিষ্ঠা পেয়ে গিয়েছিল। ফ্যাক্ট চেকাররা প্রমাণ করে দেখিয়েছেন যে কোনো হিন্দুপাড়া আক্রান্ত হয়নি, কোন ভিডিও পুরোনো বা কোন আগুন ঢাকার বস্তির—তা সত্ত্বেও অনেকে তা মানতে নারাজ।

রাজনৈতিক মনোবিজ্ঞানের ‘মোটিভেটেড রিজনিং’ ও ‘ইলুসারি ট্রুথ ইফেক্ট’ অনুযায়ী, কোনো গুজব বারবার শুনলে মস্তিষ্ক সেটিকে সত্য বলে ধরে নেয়। আর সেই গুজব যদি রাজনৈতিক পক্ষপাতকে সমর্থন করে, তবে মানুষ তথ্য-প্রমাণ উপেক্ষা করে সেটিকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে সক্রিয় হয়। নড়াইলের প্রোপাগান্ডাও এভাবেই ছড়িয়েছে। অনেকের মনে হয়েছে, সাম্প্রদায়িক সহিংসতা না হলেও সেটি যেন সত্যি হতে হবে, কারণ মিথ্যা হলে বিষয়টি তাদের জন্য হতাশাজনক হবে। ফলে জানপ্রাণ দিয়ে ভুয়া অভিযোগ প্রতিষ্ঠা করতে পুরোনো অগ্নিদুর্ঘটনার ছবি বা ভারতে মুসলিম নির্যাতনের ভিডিওকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভিডিও বলে চালানো হয়েছে।

‘পলিটিক্যাল গ্যাসলাইটিং’ এমন এক কৌশল, যেখানে প্রোপাগান্ডার মাধ্যমে মানুষকে তাদের জানা সত্য নিয়েই সন্দিহান করে তোলা হয় এবং পরিকল্পিত মিথ্যাকে সত্য হিসেবে মেনে নিতে বাধ্য করা হয়। দেরিতে হলেও আমরা জানলাম নড়াইলে কোনো সাম্প্রদায়িক হামলা হয়নি, সংখ্যালঘুদের ঘরবাড়ি আক্রান্ত হয়নি। দেশি-বিদেশি মূলধারার সংবাদমাধ্যমে তা প্রতিষ্ঠা পেলেও অনেকে এখনো সন্দিহান। এমনকি ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ইকোনমিক টাইমস ও দ্য টেলিগ্রাফ সঠিক খবর প্রচার করলেও সোশ্যাল মিডিয়ায় পাঠকদের তোপের মুখে পড়তে হয়েছে।

নড়াইলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঘরবাড়ি হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের শিকার হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সাবেক সংসদ সদস্যসহ যেসব নেতার ঘরে আগুন দেওয়া হয়েছে, তাঁরা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই ঘরবাড়িছাড়া। কেউ জেলে, কেউ আত্মগোপনে, কেউ পালিয়ে বেড়াচ্ছেন। কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ ঘোষও আত্মগোপনে।

আক্রান্তদের একজন বেন্দারচর গ্রামের বাসিন্দা জাকারিয়া হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, ‘এমনিতে আওয়ামী লীগের লোকজন পলাতক। টুকটাক কিছু সমর্থক পরিবার ছিল। বাকিরা সাধারণ এলাকাবাসী। সবার বাড়িঘরে লুটপাট ও আগুন দেওয়া হয়েছে। আমার বাড়িটাও পোড়াইয়া দিছে। একেক বাড়িতে কয়েকটা করে ঘর। পানি খাওয়ার মতো পরিস্থিতি নেই।’ একই গ্রামের জেসমিন বেগম বলেন, ‘আমার এক গাভী, একটা ষাঁড় আরেকটা বাছুর ছিল। সবগুলো নিয়া গেছে। বাসার স্বর্ণের চেন, কানের দুল ছিল তাও নিয়ে গেছে। সব কিছু নিয়ে তারপর আগুন ধরায়ে দিয়ে গেছে।’

প্রোপাগান্ডা দীর্ঘ সময় প্রভাব বিস্তার করায় মূল ভুক্তভোগীদের প্রতি মনোযোগ গুরুত্বহীন হয়ে গেছে। যাবতীয় আলোচনা এখন সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে। ফলে ভুক্তভোগীদের ক্ষয়ক্ষতি, বিপর্যয় পরিস্থিতি ও পুনর্বাসনের বিষয়টি আড়ালে চলে গেছে। সবচেয়ে বড় কথা, এই সহিংসতা এবং যে হত্যাকাণ্ডের জেরে এটি ঘটেছে, তার বিচারের আলোচনা একেবারেই হারিয়ে গেছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে সংখ্যালঘু ইস্যু এবং একে ঘিরে ঘরে-বাইরে নানা প্রচার-অপপ্রচার বারবার আলোচনায় এসেছে। ডানপন্থার উত্থানের ফলে ধর্ম অবমাননাকে কেন্দ্র করে গত দুই বছরে অনেক ঘটনা ঘটেছে, যেখানে হিন্দু ও মুসলিম নির্বিশেষে ভুক্তভোগী হয়েছেন। ময়মনসিংহের দীপু চন্দ্র দাস থেকে সাতক্ষীরার ওয়াহিদুজ্জামান শামীম—কাউকে পুড়িয়ে মারা হয়েছে, কাউকে পিটিয়ে। সুনামগঞ্জ ও রংপুরের কয়েকটি জায়গায় হিন্দুপাড়ায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিগত এক দশকে সংখ্যালঘুদের ওপর হামলা ও নিপীড়নের ঘটনা এ দেশে অচেনা কিছু নয়।

এখন নড়াইলের রাজনৈতিক সহিংসতা নিয়ে যখন সাম্প্রদায়িক সহিংসতার গুজব ছড়ানো হয়, তখন ক্ষতিটা হয় খোদ সংখ্যালঘু মানুষদেরই। ধর্মীয় সংবেদনশীলতা ছাড়াও নাগরিক অধিকারের জায়গা থেকে সচেতন সমাজ সবসময় সংখ্যালঘুর সুরক্ষায় সোচ্চার থাকে। এমন প্রোপাগান্ডার বড় বিপদ হলো, সচেতন নাগরিকরাও দ্বিধায় পড়ে যান। ভবিষ্যতে প্রকৃত সহিংসতা ঘটলেও মানুষ দ্রুত প্রতিক্রিয়া জানাতে চাইবে না, কারণ তারা একে প্রোপাগান্ডা বা ‘সংখ্যালঘু কার্ড’ ব্যবহার বলে মনে করবে।

নড়াইলের হিন্দু সম্প্রদায় ও তাদের নেতারা এই বিপদ উপলব্ধি করতে পেরেছেন। এজন্যই তারা নিশ্চিত করেছেন যে কোনো হিন্দুপাড়া আক্রান্ত হয়নি। এমনকি ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বাংলাদেশের এক হিন্দু নেতা মন্তব্য করেছেন, নড়াইলের সহিংসতা রাজনৈতিক, সাম্প্রদায়িক নয়।

সংখ্যালঘু ইস্যুকে ‘সংখ্যালঘু কার্ড’ বানানোর নমুনা এরই মধ্যে দেখা গেছে। নড়াইলের পর জানা যাচ্ছে, গোপালগঞ্জের সহিংসতায় বিএনপি সমর্থন করার কারণে কিছু হিন্দু পরিবার ও ঘরবাড়ি আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছে। ঘটনাটি দেরিতে প্রকাশ পেলেও নাগরিক সমাজে কোনো আলোচনা হয়নি।

সবশেষে বলা যায়, নড়াইলের সহিংসতাকে কেন্দ্র করে ঘরে-বাইরে এই প্রোপাগান্ডা এবং নেতিবাচক রাজনীতি ভবিষ্যতে সংখ্যালঘু ইস্যুর আলোচনাতেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।

রাফসান গালিব মুক্তকণ্ঠের সম্পাদকীয় সহকারী। ই-মেইল: [email protected]

মতামত লেখকের নিজস্ব