বৃদ্ধ বয়সে এক সমুদ্রযাত্রায় বেরিয়েছেন পিয়ারু গাজি। সেই যাত্রাপথে বারবার স্মৃতি হয়ে ফিরে আসে তার ফেলে আসা জীবন—মায়ের প্রতি অবহেলা, অসমাপ্ত কিছু সম্পর্ক আর মুনাফার লোভে মানুষকে পণ্যে পরিণত করার সেই পুরনো স্মৃতি। নরওয়ের প্রখ্যাত নাট্যকার হেনরিক ইবসেনের ‘পিয়ের গিন্ট’ নাটকের অনুপ্রেরণায় বাংলার লোকজ সংস্কৃতির পটভূমিতে এই কাহিনীটি লিখেছেন শাহমান মৈশান। নাটকের নাম দেওয়া হয়েছে ‘পিয়ারু গাজির গল্পের দেশ’। আহমেদুল কবিরের নির্দেশনায় আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির মোট সাতটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এই নাট্যোৎসব ও আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে, যেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। নির্দেশক জানিয়েছেন, উৎসব শেষ হওয়ার পর রেপার্টরি থিয়েটারের মাধ্যমে নাটকটির মঞ্চায়ন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনের প্রথম প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাতটায়। ৩০ নভেম্বরও নাটকটি সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে। এছাড়া ২৬, ২৮ ও ২৯ নভেম্বর প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। ২৭ নভেম্বর বিকেল চারটায় একটি এবং সন্ধ্যায় আরেকটি প্রদর্শনী নির্ধারিত হয়েছে। তবে সেদিনের দ্বিতীয় প্রদর্শনীর সময় আমন্ত্রণপত্রে সন্ধ্যা সাড়ে ছয়টা এবং প্রচারপত্রে সন্ধ্যা সাড়ে সাতটা উল্লেখ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কালাম সরকার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ হারুন-অর-রশীদ। বিভাগের চেয়ারম্যান শাহমান মৈশানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন আহমেদুল কবির।

কেন শুরু হলো পিয়ারুর এই গল্প? নিজেকে কখনো রাজা, আবার কখনো বিজয়ী হিসেবে কল্পনা করে পিয়ারু বাস্তবের সীমাবদ্ধতা ভুলে থাকতে চায়। কিন্তু বৃদ্ধ বয়সে সমুদ্রযাত্রার সময় এক আগন্তুকের সঙ্গে দেখা হলে নিজের সম্পর্কে এতদিন ধরে সাজানো গল্পগুলোই প্রশ্নের মুখে পড়ে। ইবসেনের ‘পিয়ের গিন্ট’-এ কাহিনী শুরু হয় পিয়েরের যৌবনকাল থেকে, কিন্তু শাহমান মৈশান পিয়ারুর গল্প শুরু করেছেন জীবনের শেষ অধ্যায় থেকে। প্রযোজনা পরিচিতিতে নাট্যকার লিখেছেন, ‘ইবসেনের নাটকে সময় একরৈখিক। আমার নাটকে সময় হয়ে উঠেছে বহুরৈখিক।’ অর্থাৎ বৃদ্ধ পিয়ারুর যাত্রার মধ্যেই ভেসে ওঠে তার তরুণ বয়সের ঘটনা, পুরনো সম্পর্ক এবং ভবিষ্যৎ নিয়ে তার কল্পনা। ইবসেনকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে শাহমান মৈশান বলেন, ইবসেনের নাটক ভিন্ন সংস্কৃতিতে নতুন করে বলার সুযোগ দেয়। সেই সুযোগ কাজে লাগিয়েই তিনি এ অঞ্চলের বিভিন্ন ধর্ম ও লোকজ জীবনধারা থেকে পিয়ারুর চরিত্রটি নির্মাণ করেছেন। পিয়ারুর যাত্রার মধ্য দিয়ে দর্শককেও নিজের জীবনের দিকে ফিরে তাকাতে অনুরোধ করেছেন নাট্যকার। তাঁর ভাষায়, ‘আমি কে? কোথা থেকে এসেছি আমি? আমি যাবই বা কোথায়? এই জীবনে বেঁচে থেকে আমি যা করেছি এর অর্থই বা কী?’

শ্রেণিকক্ষ থেকেই এই নাটকের যাত্রা শুরু। নাটকের পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন আহমেদুল কবির। তিনি জানান, ২০২৪ সালের স্নাতকোত্তর শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারে ইবসেনের ‘আ ডলস হাউজ’, ‘ওয়াইল্ড ডাক’ ও ‘পিয়ের গিন্ট’ পড়ার মাধ্যমে এই কাজের সূচনা হয়। তখন শিক্ষার্থীরা পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন যে চরিত্রের মানসিক টানাপোড়েন শরীরের ভঙ্গি ও চলনের মাধ্যমে কীভাবে ফুটিয়ে তোলা যায়। সেই প্রচেষ্টায় তৈরি হয়েছিল ‘তাবুলা রাসা’ নামের একটি পরিবেশনা। পরবর্তীতে শিক্ষার্থীরা ‘পিয়ের গিন্ট’-এর কয়েকটি বাংলা নাট্যরূপ পর্যালোচনা করেন এবং দলবেঁধে অনুবাদ করেন। দ্বিতীয় সেমিস্টারে সেই পাঠ ও অনুবাদের ওপর ভিত্তি করে নতুন নাটক তৈরির কাজ শুরু হয়, যেখানে ২০২৫ সালের স্নাতকোত্তর শিক্ষার্থীরাও যুক্ত হন। মহড়ার সময় তাৎক্ষণিক অভিনয়ের মাধ্যমে চরিত্র নিয়ে নানা পরীক্ষা চালানো হয়েছে, যা চরিত্র বণ্টনে সহায়ক হয়েছে। নির্দেশক জানান, মহড়ার অভিজ্ঞতায় নাটকের কাঠামোতেও পরিবর্তন এসেছে।

নাটকটিতে যুবক পিয়ারুর ভূমিকায় অভিনয় করছেন শাকির আলীম, মধ্যবয়সী পিয়ারুর ভূমিকায় মো. রাফিউল আলম চৌধুরী এবং বৃদ্ধ পিয়ারুর ভূমিকায় নাজিমউদদৌলা জুয়েল। শেষ বয়সের পিয়ারুকে মঞ্চে ফুটিয়ে তোলার বিষয়ে আহমেদুল কবির লিখেছেন, ‘দেহ, স্বর ও সংগীতের মধ্য দিয়ে আমরা ধরতে চেয়েছি জীবনের অন্তিম প্রান্তে ঘনিয়ে আসা নিঃসঙ্গতার সূক্ষ্ম স্তরগুলো।’

নির্দেশকের মতে, নিজের সাজানো গল্পে আশ্রয় নেওয়ার যে প্রবণতা পিয়ারুর মধ্যে দেখা যায়, তা দর্শক নিজের জীবনেও খুঁজে পাবেন। যে মানুষটি দীর্ঘকাল নিজের কাছ থেকে পালিয়েছেন, শেষ বয়সে তিনি ঘরে ফিরতে চান, মায়ের কাছে ফিরতে চান। এই ফেরা কি কোনো পরিচিত ঠিকানায়, নাকি নিজের ভুল ও ব্যর্থতার মুখোমুখি হওয়ার পথ? পিয়ারুর ‘আমি কে, মা?’ প্রশ্নটির মধ্যেই এই টানাপোড়েন খুঁজে পেয়েছেন আহমেদুল কবির।

প্রযোজনার শুরুর দিকের সঙ্গী ছিলেন বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো, যিনি গত ২৬ এপ্রিল মৃত্যুবরণ করেন। আহমেদুল কবির জানান, মিমোকে হারানোর শোকের মধ্য দিয়েই শিক্ষক ও শিক্ষার্থীরা পুনরায় নাটকটির কাজ শুরু করেন। মিমোকে স্মরণ করে তিনি লিখেছেন, ‘তার স্মৃতি এই নাটকের প্রতিটি মুহূর্তে আমাদের প্রেরণা জোগায়।’

উৎসব উপলক্ষে দেওয়া এক বাণীতে নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের সঙ্গে নরওয়ে দূতাবাসের সহযোগিতার সম্পর্ক প্রায় তিন দশকের। দূতাবাসের সহায়তায় বিভাগের স্টুডিও থিয়েটার নাটমণ্ডল সংস্কার করা হয়েছে। রাষ্ট্রদূতের মতে, এই নতুন প্রযোজনাটি ইবসেনের নাট্যজগতের সঙ্গে বাংলার নাট্যঐতিহ্যের এক সংলাপ তৈরি করেছে।

পাশাপাশি নাটমণ্ডলে ইবসেনকে নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। ২৯ নভেম্বর সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে ‘নরওয়েজীয় নাট্যকার হেনরিক ইবসেনের প্রাসঙ্গিকতা: বাংলাদেশের সংস্কৃতিতে অভিযোজন ও আত্মীকরণ’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে প্রবন্ধ উপস্থাপন করবেন শাহমান মৈশান এবং আলোচনা করবেন বিভাগের অনারারি অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ ও অভিনেতা তারিক আনাম। সেমিনারে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। সম্মানিত অতিথি থাকবেন নরওয়ে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন। সভাপতিত্ব করবেন অধ্যাপক আবুল কালাম সরকার। সেমিনারের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিভাগের সহযোগী অধ্যাপক আশিকুর রহমান।