সারি সারি দাঁড়িয়ে থাকা গাড়ি, পাশে রিকশা ও ভ্যানগাড়ি। গাড়ির চালকদের কেউ ফুটপাতের হকারদের কাছ থেকে পান কিনছেন, কেউ মোবাইলে গেম খেলছেন, আবার কেউবা ফুটপাতের বেঞ্চে আয়েশ করে ঘুমাচ্ছেন। সড়ক দিয়ে যাওয়া রিকশা ও মোটরসাইকেলের যাত্রীদের দৃষ্টি দেয়ালের দিকে। সেখানে আঁকা হয়েছে বরেণ্য শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিমনা ব্যক্তিত্বদের প্রতিকৃতি। তবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির কারণে একটি প্রতিকৃতি দেখতে দেখতেই পরেরটি চোখের আড়ালে চলে যাচ্ছে।
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতে এই দৃশ্য দেখা যাচ্ছে। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এই ফুটপাতটিকে নতুন করে সাজিয়েছে। সীমানাপ্রাচীরে আঁকা হয়েছে গুণীজনদের প্রতিকৃতি, পথচারীদের বিশ্রামের জন্য বসানো হয়েছে বেঞ্চ এবং রাখা হয়েছে ডাস্টবিন। তবে সৌন্দর্যবর্ধনের এই নান্দনিক উদ্যোগের পাশেই সড়কের প্রায় পুরোটা অংশ দখল করে সারি সারি গাড়ি পার্ক করে রাখা হয়েছে, যা পুরো পরিবেশের শ্রী নষ্ট করছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, ফুটপাতের পাশের সড়কের বড় একটি অংশজুড়ে প্রায় ২০টি গাড়ি পার্ক করা রয়েছে। এর মধ্যে সরকারি স্টিকারযুক্ত গাড়ির পাশাপাশি প্রাইভেট কার, রিকশা ও ভ্যানগাড়িও রয়েছে। ফুটপাতটি নতুনভাবে সাজানো হলেও সড়কজুড়ে এই অপরিকল্পিত পার্কিংয়ের কারণে এর নান্দনিকতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ফুটপাত সংস্কার ও সৌন্দর্যবর্ধনের এই উদ্যোগের দায়িত্বে রয়েছে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। বিভাগটির প্রধান এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার বুধবার দুপুরে মুক্তকণ্ঠকে বলেন, ‘আমরা আজই ব্যবস্থা নিচ্ছি। এভাবে পার্ক করতে দেওয়া হবে না। দায়িত্বটা ট্রাফিকের হলেও আমরা তাদের সঙ্গে সমন্বয় করে কীভাবে এর সামনে পার্কিং বন্ধ করা যায়, সে বিষয়ে কথা বলব।’
উল্লেখ্য, ফুটপাতটির দেয়ালে সম্প্রতি নতুন করে যুক্ত করা হয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্দীন ও কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতি। গত মঙ্গলবার এই তিন গুণী ব্যক্তিত্বের ছবি আঁকা হয়। এর আগে সেখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ জন গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়েছিল। তবে এই তালিকা থেকে সাংবাদিক ও গায়ক সঞ্জীব চৌধুরীর ছবি বাদ পড়েছে।
গত ৫ অক্টোবর সোমবার সকালে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম এই সৌন্দর্যবর্ধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।