রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, এই ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে এবং সেই প্রেক্ষিতে করা একটি মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আ ন ম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) এবং মারজিয়া খন্দকার রিমি (২৭)।

গত শনিবার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে রাষ্ট্র সংলাপ ফোরাম নামক একটি সংগঠনের সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজন রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে যান।

ঘটনার দিন শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক মুক্তকণ্ঠকে বলেছিলেন, “শিল্পকলার সামনে থেকে আয়াস নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন।”

উল্লেখ্য যে, গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে। এরপর ওই ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখা ১০ জন গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

পরবর্তীতে পথচারীদের চলাচলের জন্য এলাকাটি উন্মুক্ত করে দেওয়া হয়। পাশাপাশি ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কারের কাজ সম্পন্ন করা হয়।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থান কেন্দ্রিক কর্মসূচি, ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং নিজে হামলার শিকার হওয়াসহ বিভিন্ন কারণে সাম্প্রতিক সময়ে আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন আ ন ম আয়াস।