রাজধানীর সেগুনবাগিচায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াসের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। তবে একই মামলায় অভিযুক্ত অপর এক আসামি মারজিয়া খন্দকার রিমির জামিন মঞ্জুর করা হয়েছে।

আজ বুধবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবীব বাপ্পী শুনানির পর এই আদেশ প্রদান করেন।

আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমন মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানান, “দীর্ঘদিন ধরে অসুস্থতা এবং নারী বিবেচনায় মারজিয়া খন্দকার রিমিকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। তবে আল নূর মোহাম্মদ আয়াসের জামিন আবেদন নাকচ করা হয়েছে। এ আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন।”

আইনজীবী আরও উল্লেখ করেন যে, এই মামলার আরও দুই আসামি সাকিবুল হাসান ও মো. সুজন মিয়া বর্তমানে কারাগারে অবস্থান করছেন। তাঁদের পক্ষে আজ আদালতে জামিনের কোনো আবেদন করা হয়নি।

ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, গত ১০ অক্টোবর পুলিশ আল নূর মোহাম্মদ আয়াস, মারজিয়া খন্দকার রিমি, সাকিবুল হাসান ও মো. সুজন মিয়াকে গ্রেপ্তার করে। পরদিন তাঁদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ডের মেয়াদ শেষ হলে আদালতের নির্দেশ অনুযায়ী তাঁদের কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, গত ১০ অক্টোবর শিল্পকলা একাডেমির সামনের প্রাচীরে অঙ্কিত রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র মোছার চেষ্টা করেন একদল তরুণ। সেই সময় পুলিশ তাঁদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ঘটনাস্থলে এক নারীকে রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি দিতে দেখা যায়, যা এক পুলিশ সদস্য বাধা দিয়ে প্রতিহত করেন।

এই ঘটনার প্রেক্ষিতে অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে শাহবাগ থানায় মামলা দায়ের করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করার কাজ সম্পন্ন করে। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অনন্য অবদান রাখা ১০ জন গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দিতে যান রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস ও তাঁর সঙ্গীরা। সেখান থেকেই পুলিশ তাঁদের আটক করে এবং পরবর্তীতে মামলা করা হয়।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি, ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং নিজে হামলার শিকার হওয়ার মতো বিভিন্ন কারণে আল নূর মোহাম্মদ আয়াস গণমাধ্যমে আলোচনায় এসেছেন।