খুলনা শহরের যশোর রোডে অবস্থিত রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখে কালি দিয়ে তা বিকৃত করেছে একদল দুর্বৃত্ত। আজ শুক্রবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের নজরে বিষয়টি আসে। এই ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় নাগরিক এবং সংস্কৃতিকর্মীরা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তবে এই অশালীন কাজ কারা করেছে, তা এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, খুলনা নগরের যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে জুলাই গণ–অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প ও সুন্দরবনের গ্রাফিতির পাশাপাশি বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছে। সেখানে চিত্রশিল্পী এস এম সুলতান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রায়সহ অনেক ব্যক্তিত্বের ছবি রয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখটিই কালিতে ঢেকে দেওয়া হয়েছে।

তদন্তে দেখা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির দুই পাশে দুটি পোস্টার লাগানো হয়েছে। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনামের ওই পোস্টার দুটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা নিয়ে বিভিন্ন বিতর্কিত বক্তব্য লেখা হয়েছে। সেখানে তাঁর ‘শিবাজি উৎসব’ কবিতার কথা উল্লেখ করার পাশাপাশি একটি ছবিও দেওয়া হয়েছে। পোস্টারে লেখা রয়েছে, ‘তিতুমীরের বাংলায় মুসলিম ও পূর্ব বাংলা বিদ্বেষী রঠার ঠাঁই নাই/ ভারত বন্দনার ঠাঁই নাই।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এই দেয়ালচিত্রগুলো আঁকিয়েছিল। দেশবরেণ্য কবি, সাহিত্যিক, শিল্পী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের এই প্রতিকৃতিগুলো নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এগুলো নিয়ে ইতিবাচক আলোচনা চলছিল।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। ওমর ফারুক নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘স্বাধীন দেশে এটা কোনোভাবেই কাম্য নয়।’ অন্যদিকে জেসমিন আক্তার নামের আরেকজন লিখেছেন, ‘কালি লেপন করে যারা, তারা রবীন্দ্রনাথ কী, তা জানে না।’

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে আগত পর্যটকদের পরিচিত করতেই গুরুত্বপূর্ণ দেয়ালগুলোতে গ্রাফিতি ও প্রতিকৃতি আঁকানো হয়েছিল। তিনি আরও বলেন, ‘এসব দেয়ালচিত্র আমাদের শিশু-কিশোরদের মুক্তচিন্তার বিকাশে ভূমিকা রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে যারা কালি লেপন করেছে, তারা নিজেদের সংকীর্ণ মনন ও অসুস্থতার পরিচয় দিয়েছে।’ ক্ষতিগ্রস্ত দেয়ালচিত্রটি পুনরায় মেরামত করার বিষয়ে তিনি জানান, ‘ওখানে আমরা আবার ভালো করে রবীন্দ্রনাথের প্রতিকৃতি আঁকব।’

ঘটনা প্রসঙ্গে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন মুক্তকণ্ঠকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে কাজ চলছে। তবে এখন পর্যন্ত অপরাধীদের শনাক্ত করা যায়নি।

শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির মুক্তকণ্ঠকে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘যারা এ কাজ করেছে, রবীন্দ্রনাথ সম্পর্কে তাদের জানাশোনা সীমিত অথবা ভুল। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতির কথা চিন্তা করা যায় না।’ তিনি আরও আক্ষেপ করে বলেন, ‘রবীন্দ্রনাথের পূর্বপুরুষের আদি নিবাস খুলনায়, তাঁর শ্বশুরবাড়িও এ জেলায়। খুলনায় তাঁর প্রতিকৃতিতে কালি দেওয়া খুলনাবাসীর জন্য লজ্জার বিষয়।’

এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে আটক করেছিল পুলিশ। আটক অন্যদের মধ্যে ছিলেন মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার (২৭)। এই ঘটনায় করা মামলায় তাঁদের রিমান্ডে নেওয়া হয়।