রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টা করার সময় আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস। পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

আজ শনিবার দুপুরে শাহবাগ থানা-পুলিশ এ এন এম আয়াসকে আটক করে। এই ঘটনার পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক মুক্তকণ্ঠকে বলেন, “শিল্পকলার সামনে থেকে আয়াস নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন।”

উল্লেখ্য যে, গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করার কাজ সম্পন্ন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এই উদ্যোগের পর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখা ১০ জন গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি বা গ্রাফিতি আঁকা হয়।

পরবর্তীতে পথচারীদের চলাচলের সুবিধার্থে এলাকাটি উন্মুক্ত করে দেওয়া হয়। সেই সঙ্গে ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কারের কাজও সম্পন্ন করা হয়েছে।