হৃদয়স্পর্শী লোকসংগীতের সুর আর নৃত্যের ছন্দময় পরিবেশনার মধ্য দিয়ে গতকাল সোমবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো ভাটিবাংলার লোকসংগীত উৎসব। এই মনমাতানো আয়োজনে বাউল শিল্পীদের সম্মাননা প্রদান এবং লোকসংগীতের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তারা একবাক্যে মত প্রকাশ করেন যে, বাউল গান না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। তারা বলেন, ভাটিয়ালি ও ভাওয়াইয়া গানগুলো টিকে না থাকলে বাংলা সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাবে। যারা বাউলদের ওপর কিংবা বাংলার লোকসংগীতের ওপর আঘাত হানছে, তারা মূলত এই দেশ ও সংস্কৃতির শত্রু এবং তাদের অবশ্যই প্রতিহত করতে হবে।
গতকাল বিকেলে জাতীয় নাট্যশালা চত্বরে ঢোলবাদনের সাথে রঙিন বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র এই উৎসবের আয়োজন করে। সুনামগঞ্জের দিরাই উপজেলার বিশিষ্ট বাউল শিল্পী, সুরকার ও গীতিকার মো. হারুণ মিয়া এই উৎসবের উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে তাঁকে বিশেষ সম্মাননা জানানো হয়। সম্প্রতি প্রয়াত রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের অন্যতম পৃষ্ঠপোষক সাবেক অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরীর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয় এবারের উৎসবটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর এলাকার সন্তান সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সংগীতশিল্পী আকরামুল ইসলাম।
প্রধান অতিথি ফজলুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “যারা বাউল গান, ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গানের শিল্পীদের ওপর আঘাত হানছে, অনুষ্ঠানে হামলা করছে, তাদের প্রতিহত করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত একুশে পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদি খান বলেন, ‘শত শত বছর ধরে আমাদের এসব লোকসংগীত মানুষের মুখে মুখে গীত হয়েছে। এই গানের মধ্যে দিয়েই আমরা আমাদের নিজেদের সাংস্কৃতিক পরিচয় পাই।’
প্রধান অতিথির হাতে ক্রেস্ট গ্রহণ করে সম্মাননা লাভ করেন বাউলশিল্পী মো. হারু মিয়া। এই সম্মাননা পেয়ে প্রতিক্রিয়ায় প্রত্যন্ত এলাকার এই শিল্পী জানান, রাজধানীর এমন বড় আয়োজনে তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করায় তিনি অত্যন্ত অভিভূত।
রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শিল্পী বিশ্বজিৎ রায় জানান, দেশের রাজনীতির পরিবর্তিত পরিস্থিতির কারণে গত দুই বছর এই লোকসংগীত উৎসব আয়োজন করা সম্ভব হয়নি। সেই কারণে এবারও উৎসবটি মাত্র একদিনের জন্য আয়োজন করা হয়েছে। তবে বরাবরের মতোই দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুণী লোকসংগীতশিল্পীরা এই উৎসবে অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে আরও আলোচনা করেন সংগঠনের সহসভাপতি আবুল খায়ের এবং স্বাগত বক্তব্য পেশ করেন অর্থ সম্পাদক রজত দত্ত। সম্মাননাপ্রাপ্ত বাউলশিল্পী মো. হারুণ মিয়া ও প্রয়াত পৃষ্ঠপোষক অরিজিৎ চৌধুরীর জীবনী পাঠ করেন নায়লা তারান্নুম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিকুল ইসলাম।
উৎসবের দ্বিতীয় পর্বে সংগীত উৎসবের সূচনা হয় অণিক বসুর পরিচালনায় স্পন্দনের শিল্পীদের সমবেত নৃত্য পরিবেশনার মাধ্যমে, যার সাথে ছিল ‘কুঞ্জমাঝে কে গো’ গানটি। উৎসবের গানের তালিকায় স্থান পেয়েছিল ভাটি অঞ্চলের কালজয়ী সংগীতসাধক সৈয়দ শাহনূর, রাধারমণ দত্ত, হাসন রাজা, জালাল খান, উকিল মুন্সী, দীন শরৎ, মনমোহন দত্ত, শাহ আবদুল করিম ও দুরবীন শাহের গান।
নৃত্যের পর ফোক বাংলা ইনস্টিটিউটের শিল্পীরা সমবেত কণ্ঠে ‘আমার প্রাণবন্ধু আসিয়া’ ও ‘নেশা লাগিল রে’ গান দুটি পরিবেশন করেন। একক গানের আসর শুরু হয় নেত্রকোনার বিশিষ্ট বাউলশিল্পী ফকির চানের কণ্ঠে, তিনি পরিবেশন করেন ‘নিকটের বন্ধু তুমি’ ও ‘আমি বাটাতে সাজায়া রাখছি সোনামুখী পান’ গান দুটি। এছাড়া সম্মাননাপ্রাপ্ত বাউলশিল্পী মো. হারুণ মিয়া পরিবেশন করেন ‘আগে তো জানিরা রে সুবোল’ ও ‘আমার প্রাণনাথ বন্ধুয়ার লাগি’ গান দুটি।