চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এর উদ্দেশ্যে আজ বুধবার সকালে যাত্রা করেছে দেশটির মহাকাশযান ‘শেনঝৌ-২৪’। একটি ‘লং মার্চ-২এফ’ রকেটের মাধ্যমে এই মহাকাশযানটিকে উৎক্ষেপণ করা হয়েছে। এই বিশেষ মিশনে তিন জন নভোচারী রয়েছেন, যাদের মধ্যে দুজন চীনের নাগরিক—তাং হংবো ও উ ই। আর তৃতীয় সদস্য হিসেবে রয়েছেন পাকিস্তানের নভোচারী জিশান আলী।
জিশান আলীর মাধ্যমে চীন প্রথমবারের মতো কোনো বিদেশি নাগরিককে মহাকাশে পাঠানোর ইতিহাস গড়ল। চীনের এই মহাকাশ স্টেশনে তিনি ৫ থেকে ১০ দিন অবস্থান করবেন এবং এই সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করবেন। এই বিশেষ অভিযানের প্রস্তুতি হিসেবে জিশান বেইজিংয়ে দীর্ঘ সাত মাস ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। যাত্রার আগে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি শুধু নিজের জন্য যাচ্ছি না, কাঁধে পুরো পাকিস্তানের নাম বয়ে নিয়ে যাচ্ছি।’
তবে প্রশ্ন উঠেছে, চীন কেন পাকিস্তানের একজন নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে? বিবিসির চীন সংবাদদাতা লরা বিকারের মতে, বেইজিং মূলত দুটি প্রধান কারণে এই পদক্ষেপ নিয়েছে—বিজ্ঞান এবং কূটনীতি। বেইজিং আশা করছে, এই মহাকাশ অভিযানের মাধ্যমে ইসলামাবাদের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, চীন ও পাকিস্তানের মধ্যে মহাকাশ গবেষণায় সহযোগিতার ৭৫ বছর পূর্তির এই বিশেষ সময়েই এই অভিযানটি চালানো হচ্ছে। লরা বিকার আরও জানান, চীন বিশ্ববাসীকে এটিই দেখাতে চায় যে, তাদের মহাকাশ স্টেশনটি কেবল নিজস্ব কোনো স্থাপনা নয়, বরং এটি আন্তর্জাতিক গবেষণার একটি কার্যকর মঞ্চ হয়ে ওঠার সক্ষমতা রাখে। আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে একটি দেশের বৈশ্বিক প্রভাব ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় বলে মনে করা হয়।
বর্তমানে পৃথিবীর কক্ষপথে মাত্র দুটি মহাকাশ স্টেশন কার্যকর রয়েছে। একটি হলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বাধীন ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন’ (আইএসএস), যেখানে রাশিয়া, জাপান, কানাডাসহ ইউরোপের বেশ কিছু দেশ যুক্ত। অন্যটি হলো চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’, যা ২০২২ সাল থেকে সম্পূর্ণ সচল রয়েছে।
বিশ্লেষকদের ধারণা, ২০৩০ সালের মধ্যে নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি অবসরে যাবে। ফলে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে চীনের একক প্রভাব ক্রমশ বাড়ছে। মার্কিন নেতৃত্বাধীন মহাকাশ কর্মসূচির একটি শক্তিশালী বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে বেইজিং। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে প্রথমবারের মতো চীনা নভোচারীদের চাঁদে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা।
চীনের এই মহাকাশ অভিযানে পাকিস্তানের অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ পাকিস্তানের নিজস্ব কোনো মহাকাশযান নেই। ফলে মহাকাশ গবেষণার জন্য দেশটিকে চীনের ওপর নির্ভর করতে হচ্ছে। এখন পর্যন্ত বিশ্বের ৫০টি দেশের নাগরিক মহাকাশে গেলেও যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া—এই তিন দেশই নিজেদের তৈরি মহাকাশযান ব্যবহার করে মানুষকে মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছে।
মহাকাশের উদ্দেশে যাত্রা করার আগে এক সংবাদ সম্মেলনে জিশান আলী ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, ‘আমি যখন মহাকাশে পৃথিবীর কক্ষপথে অবস্থান করব, সেই সময়টাতে যেসব শিশু আমার দিকে তাকিয়ে থাকবে, তাদের সবাইকে বলছি—আকাশের দিকে তাকাও, আর মনে রেখো, তোমাদের স্বপ্ন নিয়েই আমি সেখানে রয়েছি।’