চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এ প্রথম বিদেশি নাগরিক হিসেবে পাড়ি জমাচ্ছেন পাকিস্তানের পাইলট জিশান আলী (৪০)। এর মাধ্যমে তিনি মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন। আগামী বুধবার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান কেন্দ্র থেকে ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানে চড়ে তাঁর যাত্রা শুরু হবে। এই মহাকাশযানটিকে উৎক্ষেপণ করবে একটি ‘লং মার্চ-২এফ’ রকেট। তিন সদস্যের এই বিশেষ মিশনে জিশান আলীর সঙ্গে থাকছেন চীনা কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট প্রকৌশলী উ ই।

বর্তমানে পৃথিবীর কক্ষপথে মাত্র দুটি মহাকাশ স্টেশন কার্যকর রয়েছে। একটি হলো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বাধীন ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন’ (আইএসএস), যার সাথে রাশিয়া, ইউরোপ, জাপান ও কানাডাসহ আরও বেশ কয়েকটি দেশ যুক্ত। অন্যটি হলো সম্পূর্ণ চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’ (যার অর্থ স্বর্গের প্রাসাদ), যা ২০২২ সাল থেকে পূর্ণাঙ্গভাবে সচল রয়েছে।

তিন সদস্যের এই অভিযানে জিশান আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি মহাকাশ স্টেশনে ৫ থেকে ১০ দিন অবস্থান করবেন এবং এই সময়ে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। এই বিশেষ অভিযানের প্রস্তুতির জন্য তিনি বেইজিংয়ে সাত মাস ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘আমি শুধু নিজের জন্য যাচ্ছি না, কাঁধে পুরো পাকিস্তানের নাম বয়ে নিয়ে যাচ্ছি।’

অন্যদিকে, জিশান আলীর অবস্থান স্বল্পমেয়াদী হলেও শেনঝৌ-২৩ মিশনের কমান্ডার ঝু ইয়াংঝু তিয়ানগং স্টেশনে পুরো এক বছর অবস্থান করবেন। মহাকাশে মানুষের শারীরিক পরিবর্তনের ওপর গবেষণার অংশ হিসেবে তিনি এই দীর্ঘ সময় কাটাবেন, যা হবে কোনো চীনা নভোচারীর জন্য দীর্ঘতম অবস্থানের রেকর্ড।

বিশ্লেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি (আইএসএস) অবসরে যাওয়ার কথা রয়েছে। এর ফলে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে চীনের একক প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানসহ বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোকে মহাকাশযাত্রায় সম্পৃক্ত করার মাধ্যমে চীন মূলত বিশ্বমঞ্চে নিজেদের কূটনৈতিক প্রভাব আরও জোরালো করার চেষ্টা করছে।