চীনের অত্যন্ত গোপনীয় রোবোটিক স্পেসপ্লেন 'শেনলং' বা 'ডিভাইন ড্রাগন' পৃথিবীর নিম্ন কক্ষপথে অত্যন্ত গোপনে বিভিন্ন ধরনের মিশন পরিচালনা করে আসছে। ২০২০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই রহস্যময় স্পেসপ্লেনটি বেশ কয়েকটি মিশন সম্পন্ন করার পাশাপাশি মহাকাশে কয়েকশ দিন অবস্থান করেছে। তবে চীন সরকার এখন পর্যন্ত এই মহাকাশযানটির কোনো ছবি কিংবা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি, যার ফলে বিভিন্ন দেশের সরকার এবং আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলোর কাছে এটি কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) প্রথমবারের মতো চীনের এই অতি গোপনীয় স্পেসপ্লেনের স্পষ্ট ছবি প্রকাশ করেছে, যার ফলে মহাকাশযানটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এসেছে।

যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির দেওয়া তথ্যানুসারে, ২০২৪ সালে কক্ষপথে অবস্থানকালীন সময়ে চীনের এই স্পেসপ্লেনটির উচ্চ রেজোল্যুশনের ছবি তুলেছিল বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান ভ্যান্টর (সাবেক ম্যাক্সার টেকনোলজিস)। প্রাপ্ত তথ্যে জানা গেছে, চীনের এই স্পেসপ্লেনটি কক্ষপথে কোনো বস্তু স্থাপন করার পাশাপাশি বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে সক্ষম।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভ্যান্টর জানিয়েছে, “স্পেসপ্লেনটির দৈর্ঘ্য প্রায় ২৬ ফুট এবং ছবিতে এটির পেলোড বের দরজা আংশিকভাবে খোলা রয়েছে। এ ছাড়া এর পেছনের অংশে একটি স্যাটেলাইট বা সার্ভিস মডিউল ডক করা রয়েছে।” বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী, চীনের এই স্পেসপ্লেনের নকশা যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের এক্স–৩৭বি রোবোটিক স্পেসপ্লেনের সঙ্গে হুবহু মিলে যায়। ডারহাম ইউনিভার্সিটির মহাকাশ গবেষণা কেন্দ্রের স্যাটেলাইট ট্র্যাকিং বিশেষজ্ঞ অধ্যাপক জোনাথন ম্যাকডোয়েল জানান, “চীনের স্পেসপ্লেনটি যুক্তরাষ্ট্রের এক্স–৩৭বির মতোই তৈরি।”

রাডার ট্র্যাকিংয়ের মাধ্যমে আরও জানা গেছে যে, চীনের এই স্পেসপ্লেন অতীতে বেশ কিছু অজ্ঞাত পেলোড বা কিউবস্যাট মহাকাশে ছেড়েছে। এছাড়া এটি একটি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে এবং কয়েক মাস পর তা পুনরায় সংগ্রহের সক্ষমতাও প্রদর্শন করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী, চীনের এই দ্রুত বর্ধনশীল মহাকাশ কর্মসূচি মূলত সামরিক আধিপত্য বিস্তারের একটি কৌশলগত অগ্রাধিকার হিসেবে কাজ করছে।