বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি প্রধান আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে স্থানীয় উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা করছে হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান হায়ার বাংলাদেশ লিমিটেড। এই লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন এবং আমদানিনির্ভরতা কমিয়ে আনতে বদ্ধপরিকর।

সম্প্রতি রাজধানীর গুলশানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় হায়ার বাংলাদেশের কর্মকর্তারা তাদের এই ভবিষ্যৎ পরিকল্পনার কথা বিস্তারিত জানান। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যের কথা জানিয়েছে।

সভায় জানানো হয়, ২০২০ সালে বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে হায়ার। বর্তমানে গাজীপুরে অবস্থিত নিজস্ব কারখানায় প্রতিষ্ঠানটি এয়ারকন্ডিশনার, ওয়াশিং মেশিন এবং টেলিভিশন উৎপাদন করছে। এছাড়া চুক্তিভিত্তিক ব্যবস্থার মাধ্যমে রেফ্রিজারেটর ও ফ্রিজার তৈরি করা হচ্ছে। শুধু পূর্ণাঙ্গ পণ্যই নয়, এয়ারকন্ডিশনারের কনডেনসার, ইভ্যাপোরেটর, টিউব এবং বিভিন্ন কাঠামোগত যন্ত্রাংশও স্থানীয়ভাবে তৈরি করছে তারা।

হায়ার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্যান জিং বলেন, বিশ্বমানের উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি দেশের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রতিটি পরিবারের কাছে বিশ্বমানের উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। উন্নত গৃহস্থালি প্রযুক্তি ও স্মার্ট সল্যুশনের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। ‘‘মোর ক্রিয়েশন, মোর পসিবিলিটিজ’’– এই বিশ্বাস নিয়েই হায়ারের পথচলা।’

গ্রাহক সেবার গুরুত্ব তুলে ধরে প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন পরিচালক আশরাফুল আলম জানান, তারা কেবল পণ্য বিক্রির মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না, বরং গ্রাহকদের উন্নত সেবা ও স্বাচ্ছন্দ্য প্রদানকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের কাজ শুধু অ্যাপ্লায়েন্স বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। সর্বাধুনিক প্রযুক্তি ও ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে আরও উন্নত জীবনযাপনের অভিজ্ঞতা তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। শেষ পর্যন্ত, কত পণ্য বিক্রি হলো, শুধু তা দিয়ে আমরা আমাদের সাফল্য বিচার করি না। বরং গ্রাহকদের কতটা ভালো সেবা দিতে পারছি এবং তাঁদের দৈনন্দিন জীবনে কতখানি স্বাচ্ছন্দ্য যোগ করতে পারছি, সেটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, ভবিষ্যতে নতুন বিনিয়োগ এবং উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় শিল্পের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী হায়ার বাংলাদেশ লিমিটেড।