বর্তমান বিশ্ব পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগের পথ খোঁজা কি আদৌ সঠিক সিদ্ধান্ত? যুদ্ধবিগ্রহ, লাগামহীন মূল্যস্ফীতি, জ্বালানি তেলের চড়া দাম এবং বিশ্বজুড়ে বন্ড থেকে আয়ের হারের ব্যাপক অস্থিরতা মিলিয়ে বিনিয়োগকারীদের মনে এখন চরম দুশ্চিন্তা।

অনেকেরই আশঙ্কা যে, দীর্ঘ সময় ধরে নানা অর্থনৈতিক ধাক্কা সামলে টিকে থাকা বৈশ্বিক বাজার এবার বড় ধরনের পতনের মুখে পড়তে পারে। এই আশঙ্কায় শেয়ারবাজারের মতো প্রবৃদ্ধির পাশাপাশি মূলধন সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া বিনিয়োগ-কৌশল অনেকের কাছে অত্যন্ত লোভনীয় মনে হতে পারে। কিন্তু বিশেষজ্ঞেরা সতর্ক করছেন, এসব ফাঁদে পা দেওয়া ঠিক হবে না। শূন্য ক্যালরির মিষ্টির মতো এই কৌশলগুলো আসলে একটি ভাঁওতা মাত্র। তা সত্ত্বেও অনেকে উল্টো দাবি করে এমন সব বিনিয়োগ পণ্যের প্রচার চালান, যেগুলো মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দেয় এবং শেষ পর্যন্ত চরম হতাশ করবেই।

সফল বিনিয়োগের জন্য লক্ষ্য হতে হবে যুক্তিসংগত। সহজ কথায়, স্বল্প মেয়াদে প্রবৃদ্ধি আর মূলধন সুরক্ষা একসঙ্গে পাওয়া সম্ভব নয়। তবে দীর্ঘ মেয়াদে প্রবৃদ্ধি অর্জন করতে পারলে দুটিই পাওয়ার সম্ভাবনা থাকে। শুনতে গোলমেলে লাগছে? আসলে তা নয়। চলুন, বিষয়টি একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক।

আজকের মতো যখন চারদিকে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক বাজারে বিনিয়োগের রিটার্নে ব্যাপক ওঠানামা দেখা যায়, তখন অনেকেই কম ঝুঁকির বিনিয়োগের পথ খোঁজেন। এমন পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ বা মূলধন সুরক্ষার চেষ্টা বুদ্ধিমানের কাজ বলে মনে হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে মূলধন সুরক্ষার কৌশল বেশির ভাগ বিনিয়োগকারীর জন্যই ভালো সিদ্ধান্ত নয়।

কেন এমনটা হয়? কারণ, এর অর্থ হলো আপনার বিনিয়োগ পোর্টফোলিওর মূল্যের ওঠানামা প্রায় পুরোপুরি দূর করা। শুনতে ভালোই লাগছে! দামের সব ওঠানামা থেকে মুক্তি! কিন্তু মনে রাখতে হবে, অস্থিরতা মানেই লোকসান নয়। দাম ১ শতাংশ বাড়া আর ১ শতাংশ কমা, দুটিই সমান মাত্রার ওঠানামা। আর শেয়ারের ক্ষেত্রে এই ওঠানামা বেশির ভাগ সময়ই ঊর্ধ্বমুখী হয়। তাই দাম কমার ঝুঁকি দূর করতে গেলে দাম বাড়ার সুযোগও হারাতে হয়। সব সময়ই।

প্রকৃত অর্থে মূলধন সুরক্ষিত রাখার উপায় মূলত নগদ অর্থ বা নগদ অর্থের মতো বিনিয়োগমাধ্যমের মধ্যেই সীমিত, যেগুলো দীর্ঘ মেয়াদে খুব সামান্য রিটার্ন দেয়। ব্যাংক হিসাবের কথাই ধরুন। সেখানে রিটার্ন এত কম যে সেটি আসলে টাকা জমা রাখার জায়গা মাত্র। দীর্ঘ মেয়াদে প্রবৃদ্ধি? একেবারেই নয়!

এবার আসা যাক মূল্যস্ফীতির কথায়। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯৮১ সাল থেকে বিশ্বে বছরে গড়ে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৩ শতাংশ। ২০২৫ সালের শেষে এই হার ছিল ৩ শতাংশ। এরপর তেলের দাম যেভাবে বেড়েছে, তাতে মূল্যস্ফীতির হারও নিশ্চয়ই বেড়েছে। আরও দীর্ঘ সময়ের হিসাব দেখলে, ১৯১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যসূচক বা সিপিআই অনুযায়ী গড় বার্ষিক মূল্যস্ফীতি ৩ দশমিক ৩ শতাংশ। ২০২৬ সালের সেপ্টেম্বরে দেশটিতে বছরওয়ারি মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৭ শতাংশ। মূলধন সুরক্ষিত রাখতে হলে বিনিয়োগের রিটার্ন মূল্যস্ফীতির হারের চেয়ে বেশি হতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশের মধ্যমেয়াদি সরকারি বন্ড থেকে আয়ের হার বর্তমানে গড়ে ৩ দশমিক ৮ শতাংশ। এ বছরের শুরুতে বৈশ্বিক মূল্যস্ফীতির তুলনায় এই হার খুব বেশি নয়; বরং তা মূল্যস্ফীতির দীর্ঘমেয়াদি গড়েরও নিচে! এমনকি দীর্ঘমেয়াদি সরকারি বন্ডের গড় আয়ের হারও ৪ দশমিক ৪ শতাংশ। যুক্তরাষ্ট্রের ৫ ও ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড থেকে আয়ের হার যথাক্রমে ৪ দশমিক ৮ ও ৫ দশমিক ৩০ শতাংশ।

এই হারগুলো যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি গড় মূল্যস্ফীতি এবং সেপ্টেম্বরের মূল্যস্ফীতির চেয়ে বেশি। তবে খুব বেশি নয়। মূল্যস্ফীতি একটু বাড়লেই বন্ড থেকে পাওয়া আয়ের সুফল মুছে যেতে পারে। তা ছাড়া মূল্যস্ফীতির প্রভাব বাদ দেওয়ার পর ১ থেকে ২ শতাংশ প্রকৃত রিটার্নকে খুব ভালো প্রবৃদ্ধি বলা যায় না। বন্ডের বাজারেও কিন্তু বড় ধরনের ওঠানামা হতে পারে। ২০২১ ও ২০২২ সালে বৈশ্বিক বন্ডবাজারের বড় পতন এবং চলতি বছরের অস্থিরতাই তার প্রমাণ।

সব সময় মনে রাখবেন, সামান্য প্রবৃদ্ধি অর্জন করতে হলেও বাজারের কিছুটা ওঠানামা মেনে নিতে হয়। দাম কমার ঝুঁকি পুরোপুরি দূর করতে গেলে দাম বাড়ার সুযোগও হারাতে হয়। সব সময়ই! তাই স্বল্প মেয়াদে মূলধন সুরক্ষা আর প্রবৃদ্ধি একসঙ্গে পাওয়া সম্ভব নয়। কেউ এর উল্টো দাবি করলে তিনি বোকার মতো ভুল করছেন। সেটাই খারাপ।

শেয়ারবাজারের মতো প্রবৃদ্ধি চাইলে বাজারের ওঠানামাও মেনে নিতে হবে। তা সহ্য করতে পারবেন না? তাহলে কম রিটার্নের জন্য প্রস্তুত থাকুন। সে ক্ষেত্রে নিজের বিনিয়োগের লক্ষ্য এবং আয়ের কতটা সঞ্চয় ও কতটা ব্যয় করবেন, তা নতুন করে ভাবতে হতে পারে।

তবে ভালো খবরও আছে। দীর্ঘ মেয়াদে প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে মূলধনও সুরক্ষিত রাখা সম্ভব হতে পারে। বিষয়টি একটু ভেবে দেখুন। ১৯২৬ থেকে ২০২৫ সালের মধ্যে এক বছর করে এগিয়ে হিসাব করা ২০ বছর মেয়াদি ৮১টি সময়পর্বের একটিতেও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নেতিবাচক রিটার্ন দেখা যায়নি। একটিতেও নয়! বরং ডলারের হিসাবে এসব সময়পর্বে গড় মোট রিটার্ন ছিল ৮০৩ শতাংশ। বিশাল প্রবৃদ্ধি! একইভাবে ১৯৬৯ সালের পর থেকে এক বছর করে এগিয়ে হিসাব করা ২০ বছর মেয়াদি ৩৬টি সময়পর্বের একটিতেও বৈশ্বিক শেয়ারবাজারে নেতিবাচক রিটার্ন দেখা যায়নি। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নিজ নিজ দেশের মুদ্রায় হিসাব করলে গড় মোট রিটার্ন ছিল ৪৮৭ শতাংশ।

ইতিহাসের পুনরাবৃত্তি যে হবেই, তার নিশ্চয়তা নেই। তবে ইতিহাস থেকে বোঝা যায়, কী ধরনের প্রত্যাশা করা যুক্তিসংগত। মুনাফা অর্জনের প্রেরণা যত দিন অটুট থাকবে, তত দিন শেয়ারবাজারে দীর্ঘ মেয়াদে মূল্যস্ফীতিকে ছাড়িয়ে যাওয়ার মতো প্রবৃদ্ধি হওয়ার কথা। তাই বিভিন্ন শেয়ারে বিনিয়োগের মাধ্যমে গড়ে তোলা একটি বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওর মূল্য আগামী কয়েক দশকে খুব সম্ভবত বাড়বে। হয়তো অনেকটাই, মাঝেমধ্যে বাজারে বড় ধরনের ওঠানামা দেখা দিলেও।

—কেন ফিশার, ফিশার ইনভেস্টমেন্টসের প্রতিষ্ঠাতা, নির্বাহী চেয়ারম্যান এবং সহপ্রধান বিনিয়োগ কর্মকর্তা।

(ইংরেজি থেকে সংক্ষিপ্তাকারে অনূদিত)